০৮:২২ পি.এম
ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনা না করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী ইমরান হোসেন। তিনি এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ২০৪ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হবি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের আরফান আলী পেয়েছেন ১২৫ ভোট।
আরও পড়ুন: ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ১
সাধারণ সম্পাদক পদে বই প্রতীকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ইমরান হোসেন পেয়েছেন ২২৬ ভোট।
এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচন নিয়ে আপত্তি জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী ইমরান হোসেন। তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় তাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে ফলাফল শিটে পরাজিত দেখানো হয়।
ইমরান হোসেন বলেন, ‘যারা বিজয়ী হয়েছেন, তাদের সঙ্গে আমাকেও প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার রেজাল্ট শিটে আমাকে পরাজিত ঘোষণা করেন। আমি বারবার আমার ভোটগুলো পুনরায় গণনার অনুরোধ করলেও তিনি তা করেননি। দ্রুত ফলাফল ঘোষণা করে চলে যান। আমি এ নির্বাচন মানি না।’
তবে ইমরান হোসেনের এসব অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শরীফ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে দৈনিক ইনকিলাবের এ প্রতিবেদক একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
আরও পড়ুন: কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত
নির্বাচনে ছয় সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যকরী কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোমবাতি প্রতীকে ২৮৭ ভোট পেয়ে জহিরুল ইসলাম মিলন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চশমা প্রতীকে ২৯০ ভোট পেয়ে লিটন মিয়া এবং কোষাধ্যক্ষ পদে হাঁস প্রতীকে ৩৬৭ ভোট পেয়ে খোদেজা আক্তার নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে হরিণ প্রতীকে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন মিয়া।
নির্বাচন চলাকালে সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমিতির ছয়টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৮ জন।
আরও পড়ুন: ঝালকাঠির নলছিটিতে বাঁশবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন