ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বারী সিদ্দিকীর নবম প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন


বারী সিদ্দিকীর নবম প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

লোকগানের প্রখ্যাত শিল্পী বারী সিদ্দিকীর নবম প্রয়াণ দিবসে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কার্লি গ্রামে অবস্থিত বাউল বাড়িতে গুণীশিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে হিমু পাঠক আড্ডা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বারী সিদ্দিকীর সহধর্মিণী পারভীন আক্তারকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।

আরও পড়ুন: পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত, এখন কেমন আছেন?

এই সময় প্রয়াত বারী সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। পাশাপাশি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন ভক্তরা।

হিমু পাঠক আড্ডার আয়োজনে স্মরণ অনুষ্ঠান চলাকালীন বারী সিদ্দিকীর গাওয়া গান পরিবেশন করা হয় এবং জীবন-কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় বাউল বাড়িতে। আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগম, সদস্য সচিব সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, পাঠশালা ব্যান্ডের পরিচালক শিল্পী জাকারিয়া খান রিজন, গার্ডেন ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা আরফান আলম অন্তর, সফটওয়ার ইঞ্জিনিয়ার খন্দকার মোতাহার হোসেন রানা এবং বারী সিদ্দিকীর সহধর্মিণী পারভীন আক্তারসহ শ্যামগঞ্জ থেকে আসা একটি বাউল দলের শিল্পীরা।

উল্লেখ্য, বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন এবং ২০১৭ সালের ২৪ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে হিমু পাঠক আড্ডা প্রতি বছর প্রিয় শিল্পীর নিজ হাতে তৈরি করা অসমাপ্ত বাউল বাড়িতে গিয়ে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে স্মরণ করে।

আরও পড়ুন: ‘কোরআনে যে শান্তি পেয়েছি, আর কোথাও পাইনি’: শেহেরিয়ার মুনাওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির ফেরারায় রেনেসাঁর ইতিহাস ও সাইকেলের শহর যা দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ইতালির ফেরারায় রেনেসাঁর ইতিহাস ও সাইকেলের শহর যা দেখবেন

ইউরোপ ভ্রমণের প্রসঙ্গ এলেই সাধারণত প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কলোসিয়াম, ভেনিসের খাল এবং ফ্লোরেন্সের শিল্প-স্থাপত্যের কথা মনে আসে। তবে কি ইউরোপের সৌন্দর্য শুধুমাত্র এই পরিচিত শহরগুলোতেই সীমাবদ্ধ? ইতালির উত্তরে একটি শহর রয়েছে, যেখানে ইতিহাস প্রতিটি রাস্তার মোড়ে কথা বলে, স্থাপত্যে কয়েক শতকের শিল্পবোধ মিশে আছে, এবং ব্যস্ত জীবনের মধ্যে প্রকৃতি ও প্রশান্তি পাশাপাশি বিরাজমান। এই শহরটির নাম ফেরারা (Ferrara)।

এমিলিয়া-রোমানিয়া (Emilia-Romagna) অঞ্চলে অবস্থিত ফেরারা এখনও অনেক আন্তর্জাতিক পর্যটকের কাছে তুলনামূলকভাবে অচেনা। কিন্তু ইতিহাস, শিল্প, স্থাপত্য, খাবার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এটি ইউরোপ ভ্রমণের একটি অসাধারণ গন্তব্য হতে পারে।

রেনেসাঁর জীবন্ত শহর

ফেরারার পরিচয় ইউরোপীয় রেনেসাঁর সঙ্গে গভীরভাবে জড়িত। মধ্যযুগে গুরুত্বপূর্ণ নগর হিসেবে গড়ে ওঠা এই শহর পঞ্চদশ ও ষোড়শ শতকে এস্টে (Este) রাজবংশের শাসনামলে শিল্প, সাহিত্য, স্থাপত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। সেই সময় এখানে রাজদরবারে বহু কবি, সাহিত্যিক এবং শিল্পী আশ্রয় পেয়েছিলেন। মহাকাব্য ‘অরল্যান্ডো ফুরিওসো’-র রচয়িতা লোডোভিকো আরিওস্তো এই শহরের সঙ্গে যুক্ত ছিলেন। বর্জিয়া পরিবারের আলোচিত সদস্য লুক্রেজিয়া বর্জিয়াও বিয়ের মাধ্যমে এস্টে পরিবারে যুক্ত হয়ে জীবনের শেষ বছরগুলো ফেরারায় কাটিয়েছেন।

ফেরারার নগর পরিকল্পনাও বিস্ময়কর। পঞ্চদশ শতকের শেষ দিকে স্থপতি বিয়াজো রোসেত্তি এস্টে ডিউক প্রথম এরকোলের নির্দেশে শহরকে নতুন করে সাজান। ইতিহাসে এই উদ্যোগ ‘এরকোলের সম্প্রসারণ’ (Addizione Erculea) নামে পরিচিত। মধ্যযুগীয় শহরের সরু রাস্তা এবং রেনেসাঁ যুগের পরিকল্পিত প্রশস্ত সড়ক এখানে পাশাপাশি রয়ে গেছে। এ কারণে অনেক ইতিহাসবিদ ফেরারাকে ইউরোপের প্রথম আধুনিক পরিকল্পিত শহরগুলোর একটি বলে মনে করেন।

এই ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে ফেরারার ঐতিহাসিক নগরকেন্দ্র ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ১৯৯৯ সালে এই স্বীকৃতির আওতা আরও সম্প্রসারিত হয়।

এস্টে ক্যাসল: লাল ইটের রূপকথা

ফেরারায় প্রবেশ করলেই যে স্থাপনাটি প্রথমে দৃষ্টি আকর্ষণ করে, সেটি হলো কাস্তেলো এস্তেনসে (Castello Estense) বা এস্টে ক্যাসল। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দুর্গটি ১৩৮৫ সালে নির্মিত হয়। চারপাশে জলভরা পরিখা, প্রবেশপথ, চার কোণে উঁচু মিনার এবং লাল ইটের বিশাল দেয়াল মিলে একে রূপকথার প্রাসাদের মতো করে তুলেছে।

নির্মাণের সময় এর মূল উদ্দেশ্য ছিল শাসকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরা। পরে এটি এস্টে শাসকদের বাসভবনে পরিণত হয়। বর্তমানে এর ভেতরের কক্ষ, অলংকৃত হলঘর এবং ঐতিহাসিক অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। দুর্গের সামনের চত্বর এবং আশপাশের ক্যাফেগুলোতে বসে ইতিহাস আর বর্তমান জীবনের মেলবন্ধন উপভোগ করা যায়।

পালাৎসো দেই দিয়ামান্তি: পাথরে আঁকা শিল্প

ফেরারার আরেক বিস্ময় পালাৎসো দেই দিয়ামান্তি (Palazzo dei Diamanti), বাংলায় যাকে বলা যায় ‘হীরকখচিত প্রাসাদ’। রেনেসাঁ স্থাপত্যের এই নিদর্শনের বাইরের দেয়ালজুড়ে রয়েছে প্রায় আট হাজার হীরকের মতো আকৃতিতে কাটা মার্বেল পাথর। সূর্যের আলো যেদিক থেকে পড়ে, দেয়ালের নকশায় তৈরি হয় আলাদা আলাদা আলোছায়ার খেলা। বিয়াজো রোসেত্তির নকশায় নির্মিত এই ভবনে রয়েছে পিনাকোতেকা ন্যাশনাল বা জাতীয় চিত্রশালা। এখানে নিয়মিত শিল্প প্রদর্শনীরও আয়োজন করা হয়।

শিল্পপ্রেমীদের জন্য পালাৎসো শিফানোইয়া (Palazzo Schifanoia) রয়েছে, যেখানে পঞ্চদশ শতকের ফ্রেস্কোচিত্রে বছরের বারো মাসের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া দ্বাদশ শতকে নির্মাণ শুরু হওয়া ফেরারার ক্যাথেড্রালও রয়েছে, যার মার্বেলের সম্মুখভাগ মধ্যযুগীয় ভাস্কর্যে সমৃদ্ধ।

পড়ুয়াদের শহর

ফেরারার আরেক পরিচয় বিদ্যাচর্চার শহর হিসেবে। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৩৯১ সালে, যা ইতালির প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ১৫০৩ সালে এখান থেকে ধর্মীয় আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

আজও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এই শহরে আসেন। ফলে প্রাচীন ইটের দেয়ালের মাঝে তরুণদের পদচারণা শহরটিকে প্রাণবন্ত রাখে। প্রতিবছর ইউরোপসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মধ্যযুগীয় এই শহর।

সাইকেলের শহর

ফেরারার সবচেয়ে মনে রাখার মতো দৃশ্যগুলোর একটি হলো সাইকেল। শিক্ষার্থী থেকে প্রবীণ—সব বয়সের মানুষ এখানে সাইকেলে চলাচল করেন। অনেকে একে ইতালির সাইকেলের রাজধানী বলেও অভিহিত করেন। ঐতিহাসিক কেন্দ্র, পার্ক এবং সরু রাস্তা সাইকেল চালানো কিংবা হাঁটার জন্য বেশ উপযোগী।

প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক নগরপ্রাচীর ফেরারার আরেক গর্ব। এটি ইতালির সবচেয়ে ভালো সংরক্ষিত নগরপ্রাচীরগুলোর একটি। প্রাচীরের ওপর এবং পাশ দিয়ে সবুজে ঘেরা পথে সকালের নরম রোদে কিংবা বিকেলের শেষ আলোয় সাইকেল চালালে শহরের অন্য এক রূপ দেখা যায়। এখানে পর্যটন মানে শুধু দর্শনীয় স্থান দেখা নয়, বরং স্থানীয় মানুষের জীবনযাত্রার ছন্দের সঙ্গে মিশে যাওয়া।

ইতিহাসের অলিগলি ও সংস্কৃতির বৈচিত্র্য

পুরোনো শহরের অন্যতম আকর্ষণ ভিয়া দেল্লে ভোলতে (Via delle Volte)। মধ্যযুগীয় এই পথের ওপরে ও দুই পাশে ইটের খিলান এবং পুরোনো ঘরবাড়ি যেন সময়কে কয়েক শতাব্দী পিছিয়ে দেয়। একসময় এই পথ দুর্গ অঞ্চল এবং নদীবন্দরের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।

শহরের ঐতিহাসিক ইহুদি পাড়া ইতালির দীর্ঘ ইহুদি ইতিহাসের সাক্ষী। সেখানে অবস্থিত ইতালীয় ইহুদি ও হলোকাস্টবিষয়ক জাতীয় জাদুঘর এমইআইএস (MEIS)। জাদুঘরটি দর্শনার্থীদের সামনে প্রায় দুই হাজার বছরের ইহুদি ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে। ফেরারার ইহুদি সমাজকে ঘিরেই রচিত হয়েছে জর্জিও বাসানির বিখ্যাত উপন্যাস ‘ফিনৎসি-কনতিনিদের বাগান’।

সংস্কৃতির দিক থেকেও শহরটি বেশ প্রাণবন্ত। প্রতি বছর মে মাসের শেষ রোববার পালিও দি ফেরারা (Palio di Ferrara) অনুষ্ঠিত হয়। মধ্যযুগীয় পোশাকে শোভাযাত্রা এবং ঘোড়দৌড়ের এই উৎসব ইউরোপের প্রাচীন পালিও ঐতিহ্যগুলোর একটি।

আগস্টের শেষ দিকে ফেরারা বাস্কার্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বের নানা দেশের পথশিল্পীদের সুর, সংগীত এবং নৃত্যে শহরের অলিগলি মুখর হয়ে ওঠে। এছাড়া প্রতিবছর অনুষ্ঠিত হয় ‘ইন্টারনাজিওনালে আ ফেরারা’ (Internazionale a Ferrara) উৎসব। এতে দেশি-বিদেশি সাংবাদিক, লেখক, গবেষক এবং চিন্তাবিদরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

খাবারে রাজকীয় স্বাদ

ফেরারার রন্ধনশৈলীতে আজও এস্টে রাজদরবারের প্রভাব বিদ্যমান। শহরটির জনপ্রিয় কিছু ঐতিহ্যবাহী খাবার হলো—

কাপ্পেল্লাচ্চি দি জুক্কা (Cappellacci di zucca): মিষ্টিকুমড়ার পুর দেওয়া বিশেষ ধরনের পাস্তা, সাধারণত মাখন এবং ঋষিপাতার সসে পরিবেশন করা হয়।

কপ্পিয়া ফেরারেজে (Coppia ferrarese): মোচড়ানো আকৃতির বিশেষ রুটি, যা ভৌগোলিক নির্দেশক (IGP) স্বীকৃতি পেয়েছে।

সালামা দা সুগো (Salama da sugo): মাংস দিয়ে তৈরি ঐতিহ্যবাহী এক ধরনের সালামি।

পাস্তিচ্চিও (Pasticcio): মাংসের রাগু এবং পাস্তা দিয়ে তৈরি বেক করা খাবার।

পাম্পেপাতো (Pampepato): বড়দিনের সময় জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি কেক।

মুসলিম ভ্রমণকারীদের জন্য পরামর্শ: সালামা দা সুগো সাধারণত শূকরের মাংসে তৈরি হয়। এছাড়া অনেক মাংসের খাবারেও শূকরের উপাদান থাকতে পারে। তাই রেস্তোরাঁয় খাবার অর্ডার করার আগে উপকরণ সম্পর্কে জেনে নেওয়া ভালো। নিরামিষ খাবারের মধ্যে কুমড়ার পুরের পাস্তা এবং বিভিন্ন সবজির পদ বেছে নেওয়া যেতে পারে। তবে পাস্তায় ব্যবহৃত উপকরণও যাচাই করে নেওয়া উচিত।

শহরের বাইরে প্রকৃতির অন্য জগৎ

ফেরারার কাছেই পো ডেল্টা (Po Delta) অঞ্চল অবস্থিত। নদী, জলাভূমি, বনভূমি এবং বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চল ইউনেসকোর জীবমণ্ডল সংরক্ষিত এলাকার স্বীকৃতি পেয়েছে। পাখি পর্যবেক্ষণ, নৌভ্রমণ এবং সাইকেল চালানোর জন্য এটি বিশেষ আকর্ষণীয়। এখানে দেখা মেলে নানা প্রজাতির পরিযায়ী পাখির।

এছাড়া ভ্রমণসূচিতে যুক্ত করা যায় লেগুন এবং খালে ঘেরা শহর কমাচ্চিও (Comacchio) এবং অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলীয় এলাকা। কমাচ্চিওর ঐতিহ্যবাহী ত্রেপ্পন্তি সেতু এবং মাছ ধরার সংস্কৃতি ভ্রমণকারীদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে।

কেন ফেরারা, কীভাবে যাবেন

বড় পর্যটন শহরগুলোর অবিরাম ভিড় এবং কোলাহলের তুলনায় ফেরারা অনেকটাই শান্ত। যারা ধীরলয়ে শহর ঘুরে দেখতে চান, স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে চান অথবা পুরোনো ইতিহাসের পথে হাঁটতে চান, তাঁদের জন্য এটি একটি চমৎকার গন্তব্য হতে পারে। শিক্ষার্থীদের শহর হওয়ায় এখানে তরুণদের প্রাণচাঞ্চল্যও চোখে পড়ে।

কখন যাবেন: বসন্ত এবং শরৎকাল শহর ঘুরে দেখার জন্য সবচেয়ে উপযোগী। তবে প্রতিটি ঋতুতেই শহরের রয়েছে নিজস্ব সৌন্দর্য।

কীভাবে যাবেন: বোলোনিয়া থেকে ট্রেনে প্রায় আধা ঘণ্টায় ফেরারায় পৌঁছানো যায়। ভেনিস, পাদোভা এবং রাভেন্না থেকেও ট্রেন যোগাযোগ রয়েছে।

কত দিন থাকবেন: ফেরারা ঘুরে দেখতে এক থেকে দুই দিন রাখা যেতে পারে। পাশাপাশি বোলোনিয়া, ভেনিস, পাদোভা অথবা রোভিগো ভ্রমণের পরিকল্পনাও করা যায়।

চলাফেরা: ঐতিহাসিক কেন্দ্র ঘুরে দেখার জন্য হাঁটা অথবা সাইকেল চালানো সবচেয়ে সুবিধাজনক। শহরে সাইকেল ভাড়ার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশ থেকে যারা ইতালি ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা ফেরারায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকেও স্থানীয় যাতায়াত, দর্শনীয় স্থান এবং শহরের জীবনযাত্রা সম্পর্কে পরামর্শ নিতে পারেন। এতে ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হতে পারে।

শেষ কথা

ভ্রমণ মানে শুধু বিখ্যাত স্থাপনার সামনে ছবি তোলা নয়। ভ্রমণ মানে নতুন কোনো শহরের ইতিহাস জানা, মানুষের জীবনযাত্রা বোঝা এবং অচেনা সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া। ফেরারা সেই অভিজ্ঞতারই এক অনন্য নাম। রেনেসাঁর স্থাপত্য, মধ্যযুগের রাস্তা, সাইকেলের ছন্দ, ঐতিহ্যবাহী খাবার এবং পো ডেল্টার প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে শহরটি পর্যটকদের কাছে নতুন হলেও ইতিহাসে মোটেও নতুন নয়।

ইউরোপ ভ্রমণের পরবর্তী পরিকল্পনায় তাই প্যারিস, রোম কিংবা ভেনিসের পাশাপাশি জায়গা করে নিতে পারে ইতালির এই শান্ত, ঐতিহাসিক এবং মনোমুগ্ধকর শহর ফেরারা।

লেখকঃ ইতালির ফেরারা থেকে, মো. নাজমুল হাসান, ইরাসমুস শিক্ষার্থী, IMQP

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে একদিনের ব্যবধানে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


মালদ্বীপে একদিনের ব্যবধানে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে পৃথক ঘটনায় একদিনের ব্যবধানে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ঘটেছে। ৪৬ বছর বয়সী মো. রেজাউল করিমের মৃতদেহ স্থানীয় একটি মসজিদ থেকে উদ্ধার করেছে প্রশাসন। অন্যদিকে, ৫০ বছর বয়সী কুরমান স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। রেজাউল করিমের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল মালেক, যিনি খোকা মন্ডল নামেও পরিচিত। অপর প্রবাসী কুরমানের বাড়ি ফরিদপুর সদরপুর উপজেলার লতিফ কাজীর ডিঙ্গি গ্রামে, তার পিতার নাম মিয়া খান।

মালদ্বীপে বসবাসকারী মো. মানিক হোসেন ও তার ছোট মেয়ের জামাতা নাসিবুল জানিয়েছেন, রেজাউল করিম ২০১৩ সালে জীবিকার সন্ধানে মালদ্বীপে আসেন। তিনি দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন দ্বীপে কাজ করলেও বেশিরভাগ সময়ই অনিয়মিত অবস্থায় ছিলেন। সর্বশেষ তিনি রা-আতুলের বাধু দ্বীপে বাংলাদেশিদের পরিচালিত একটি গেস্টহাউসে রাঁধুনির কাজ করছিলেন।

তারা জানিয়েছেন, গত সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার পরে রাজধানী মালে থেকে প্রায় ১৯৫ কিলোমিটার দূরের বাধু দ্বীপের স্থানীয় একটি মসজিদ থেকে রেজাউল করিমের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার করা হয়। ফজরের নামাজ আদায় করতে যাওয়া এক বাংলাদেশি প্রথম তার মরদেহ দেখতে পান।

নাসিবুল জানিয়েছেন, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে রেজাউলের রুমমেটরা ফোন করে তাকে মৃত্যুর খবর জানান। প্রথমে ‘আত্মহত্যার’ খবর ছড়িয়ে পড়লেও, পুলিশ ও চিকিৎসকের প্রতিবেদনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।

মরদেহ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়ে মৃতের পরিবার আবেদন করেছে। বর্তমানে রেজাউল করিমের মরদেহ রাজধানী মালের একটি মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, গত রোববার (২২ নভেম্বর) পানিতে নেমে কাজের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ৫০ বছর বয়সী কুরমান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও মেডিকেল রিপোর্টে তার মৃত্যুর কারণ স্ট্রোক উল্লেখ করা হয়েছে। কুরমানও দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে অনথিভুক্ত অবস্থায় কর্মরত ছিলেন।

হাইকমিশন আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে, হাইকমিশনের সহযোগিতায় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) দুই প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগে বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগে বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মামলায় অভিযুক্তদের মধ্যে প্রতিষ্ঠানটির দুই যৌথ মালিকও রয়েছেন।

গত সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর থানায় মামলাটি দায়ের করেন কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ ভেড়ামারার সহকারী রাজস্ব কর্মকর্তা মমিনুল ইসলাম। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক এর (ক) ও (খ) ধারায় দায়ের করা মামলার নম্বর ২৩। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির যৌথ মালিক ও কুষ্টিয়া সদর থানার জুগিয়া এলাকার বাসিন্দা আতিয়ার রহমান (৫৬), তাঁর ছোট ভাই রাজু আহমেদ (৫০), কোম্পানির ডেপুটি ম্যানেজার ও শহরের আড়ুয়াপাড়া এলাকার সামসুল আলমের ছেলে সাইফুল আলম (৫০) এবং ম্যানেজার ও মিলপাড়া এলাকার মৃত ইসরাফিলের ছেলে নঈম ইকবাল (৪৭)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ নভেম্বর মিরপুর উপজেলা প্রশাসন ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল মিরপুর উপজেলার বারুইপাড়ার কেউপুর এলাকায় গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত সন্দেহে এক হাজার প্যাকেট বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করা হয়, যেখানে প্রতি প্যাকেটে ১০ শলাকা হিসেবে মোট ১০ হাজার শলাকা সিগারেট ছিল। জব্দকৃত সিগারেটের মধ্যে ১২ প্যাকেট নমুনা যাচাইয়ের জন্য গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে পাঠানো হয়।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, পাঠানো ১২ প্যাকেটের ব্যান্ডরোলের কাগজ, মুদ্রণ ও নিরাপত্তা ফয়েল সঠিক নয় এবং অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা বৈশিষ্ট্যও অনুপস্থিত। স্ট্যাম্প নকল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বাদী হয়ে মামলাটি করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, বেঙ্গল টোব্যাকোর যৌথ মালিক আতিয়ার রহমান ও রাজু আহমেদ দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে তামাক গুদামজাত করে বিভিন্ন টোব্যাকো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন। এর আগে তাঁদের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। পাশাপাশি মিরপুরের খোকসার বেতবাড়িয়া-জানিপুর এলাকায় 'জমজম টোব্যাকো' নামের একটি প্রতিষ্ঠানে একই কায়দায় শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগ রয়েছে।

এছাড়া জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়া শহরতলীর মিনাপাড়া এলাকার ১২টি পরিবারের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ভুয়া মালিক সেজে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগও রয়েছে আতিয়ার রহমান ও রাজু আহমেদের বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংলাপ সফলে বিরোধী দল ও সরকারকে ছাড় দিতে হবে: বিশ্লেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


সংলাপ সফলে বিরোধী দল ও সরকারকে ছাড় দিতে হবে: বিশ্লেষকরা

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সহিংসতা ও ডিসেম্বরের উসকানি মোকাবিলায় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, সংলাপের সফলতা নির্ভর করবে বিরোধী দল ও সরকারের ছাড় দেয়ার মানসিকতার ওপর। এছাড়া, আগামীতে ঐক্য অটুট রাখতে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দুই পক্ষকেই আরও আন্তরিক হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতার কারণে, বিশেষ করে ডিসেম্বরের সময় বিভিন্ন পক্ষের তৎপরতা ও উসকানি নতুন রাজনৈতিক সংঘাতের শঙ্কা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে সরকার জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে।

বিশ্লেষকরা উল্লেখ করেছেন, সংকট উত্তরণের কথা ভাবলে রাজনৈতিক ঐক্য দীর্ঘস্থায়ী হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে সরকারের দৃশ্যমান অঙ্গীকার থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহাবুবুর রহমান মনে করেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সরকার উদার। তিনি বলেন, এই উদারতাকে বিরোধী দলের সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিচালনার জন্য ম্যান্ডেট পেয়েছে। যদি রাষ্ট্র পরিচালনায় কোনো ক্রাইসিস তৈরি হয়, তাহলে অন্যান্য দলের অভিমত শোনা উচিত। সরকার বা বিএনপি যদি তা শোনে, তার মানে এই নয় যে আপনাকে সরকার গঠনের মধ্যে অংশ দিতে হবে।

মাহবুব আরও বলেন, পরিবর্তিত বাংলাদেশে বিরোধী দলের উচিত গণতান্ত্রিক দেশগুলোর মতো সরকারকে সহযোগিতা করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, উদ্দেশ্য অর্জনে সরকারেরও ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার বিষয়ে আলোচনায় বিরোধী দলকে রাজী করানো জরুরি। তারা মনে করছেন, সরকারি দলকে কাবু করার এটি একটি সুযোগ। যদিও তারা আসতে চাইবে না, তবে তাদের বোঝানো দরকার যে, "আমরা এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করতে পারবো, আসুন শেখ হাসিনার বিষয়টি নিয়ে আগে আলোচনা করি।"

সাব্বির বলেন, জুলাই সনদের সবকিছু বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য নয়। তবে যে কথাটি তারা বসে ঠিক করেছেন, সেটি মানতে হবে। বিরোধী দলও তাদের জায়গা ছাড়তে চাইবে না।

পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট করার তাগিদ দিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে তারা ফেরত চায় কি না, অথবা তারা চান যে শেখ ফিরে না আসুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%