০৭:৪১ পি.এম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮) এবং তিনি নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।
আজ শুক্রবার (৩১ জুলাই) ভোরে, র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল রাজশাহী নগরের রাণীবাজারের ভাড়া বাসা থেকে পলাশ চৌধুরীকে গ্রেফতার করে। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তার গ্রেফতার ঘটেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ (৩০), যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি গত ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, বেশ কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।
আরও পড়ুন: মগধরায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ
এ ঘটনার পর তিনি ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয় যে, এসব পোস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। সেইসাথে, তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেইলের মুখে পড়েন।
ওই মামলার পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেফতার করা হলো।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন: বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন