০১:৫৭ পি.এম
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে ফের গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এই ঘটনা ঘটে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারের এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিম আহম্মেদ এই আবেদনটি করেন।
বর্তমানে আসামি মঈনউদ্দিন আহাম্মেদ বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বরের গোল চত্বর পার হওয়ার সময় ফিরোজ তালুকদার পলাশ গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মিরপুরের আলোক হাসপাতালে মারা যান। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এই ঘটনার পর পলাশের স্ত্রী ওই বছরের ২৫ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী ব্যবসায়ী সমিতি
গ্রেপ্তার দেখানোর আবেদনে পুলিশ উল্লেখ করেছে যে, আসামি ঘটনার সঙ্গে জড়িত বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন