বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৭ পি.এম
রোহিঙ্গা গণহত্যা মামলার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বাংলাদেশ, গাম্বিয়া ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ। তিনি রোহিঙ্গা ইউনাইটেড কাউন্সিলের জ্যেষ্ঠ নেতা এবং সাবেক সভাপতি।
বৃহস্পতিবার কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে বসে তিনি ছোট পর্দায় আইসিজের রায় দেখেন। এ সময় উপস্থিত অনেকেই রায়কে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন।
বার্তা সংস্থা এএফপিকে সৈয়দ উল্লাহ বলেন, “বছরের পর বছর ধরে আমাদের পাশে থাকার জন্য বাংলাদেশ, গাম্বিয়া ও ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরো বলেন, “নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।”
এদিকে, এই রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বহু বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যাটি বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করে আসছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেছে। আজকের এই রায় আমাদের সেই প্রচেষ্টাকে আরো জোরদার করবে।
আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই রায়কে ভিত্তি করে এখন মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা যায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধর্মমন্ত্রী জুমার খুতবায় মসজিদের ইমাম ও খতিবদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার, নাশকতা পরিহার করার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
তিনি একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ