০৩:০৩ এম
কিশোরগঞ্জের নিকলীর বড়কান্দা গ্রামে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে ফখরুল ইসলাম কিরণ (৪৮) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এছাড়া, একই বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বর-কনেসহ আরো শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে সিংপুর গ্রামের আক্কাস আলীর ছেলে শেখ স্বাধীন ও বরকান্দা গ্রামের তাসমিতা আক্তারের বিয়ের আয়োজনটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
মৃত পল্লী চিকিৎসক কিরণ বড়কান্দার প্রয়াত শিক্ষক ইউসুফ আলীর সন্তান। তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় বাসিন্দা, হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, বড়কান্দার আরজু মিয়ার বাড়ির বিয়ের অনুষ্ঠানে ৩০০ জনেরও বেশি অতিথিকে আপ্যায়ন করা হয়। প্রথম দফায় কনেপক্ষের অতিথিদের এবং দ্বিতীয় দফায় বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয় শুক্রবার দুপুরে।
ফখরুল ইসলাম কিরণের চাচাতো ভাই সবুজ মিয়া কালের কণ্ঠকে জানান, খাবার খেয়ে ফেরার পথে কিরণ অসুস্থ বোধ করতে থাকেন। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরে রাতে শুরু হয় বমি ও ডায়রিয়া। এরপর শুক্রবার গভীর রাতে কিরণকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার কিরণকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে বিকেলে তাঁর মৃত্যু ঘটে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
বড়কান্দার পাশের গ্রাম কাঁঠালকান্দির পল্লী চিকিৎসক আব্দুল আওয়াল জানান, ওই বিয়ের খাবার খেয়ে কাঁঠালকান্দি, বরকান্দা, সিংপুরসহ পাঁচ-ছয়টি গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার বিয়ের খাবার খাওয়ার পর থেকেই অতিথিদের মধ্যে অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বাজিতপুর, কিশোরগঞ্জ সদর ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়।
সূত্র জানায়, বিয়ের খাবার খেয়ে বর শেখ স্বাধীন ও কনে তাসমিতা বেগমসহ দুই পরিবারেরও অনেক সদস্য অসুস্থ হয়েছেন। অসুস্থ বরকেও অন্যদের সঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।
স্থানীয়দের মতে, খাবারের মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছিল। আবার কেউ কেউ বলছেন, মাংস ঠিকভাবে সেদ্ধ হয়নি। মোটকথা, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পরমা দাস জানান, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া প্রায় ৪০ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২২ নারী ও ১৮ পুরুষ রয়েছেন। রোগীর সংখ্যা বাড়ছে। এর বাইরেও অসুস্থ অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার খবর পাওয়া গেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ অনেকে বাড়িতে থেকেই স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেটের পীড়া ও বমির চিকিৎসা করাচ্ছেন।
নিকলী থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বিয়ের খাবার খেয়ে পল্লী চিকিৎসক ফখরুল ইসলাম কিরণের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থায়নের অভিযোগ, রাজধানী থেকে আ.লীগ নেতা গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন