০৫:৩৮ পি.এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কোনোভাবেই চলমান সংঘাতকে আরও বিস্তৃত করতে চায় না। তবে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির (আইআরআইবি) উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।
‘ফ্যামিলি মেডিসিন অ্যান্ড রেফারেল সিস্টেম ন্যাশনাল প্ল্যান’-এর দ্বিতীয় ধাপ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শক্তি ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি।
তিনি জানান, ‘এই পরিস্থিতিতে আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুপক্ষ লোভ করতে না পারে, অনুপ্রবেশের সুযোগ না পায় এবং আমাদের সামাজিক ঐক্যকে বিভক্ত বা ধ্বংস করতে না পারে।’
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত কানাডার প্রধানমন্ত্রীর
পেজেশকিয়ান আরও বলেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিলেও দেশের নিরাপত্তা এবং সীমান্ত রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না। একই সঙ্গে তিনি জাতীয় সংহতি বজায় রেখে দেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সবশেষ হুঁশিয়ারির প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট এই বার্তা দেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তিনি হুঁশিয়ার করেছেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তেহরানের ‘শেষ সুযোগ’। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে এখনই চুক্তিতে পৌঁছানো উচিত।
তবে ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। বরং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ করিডোর তৈরির বিষয়ে অগ্রগতি হয়েছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ‘কঠোরভাবে কার্যকর’ করছে। মার্কিন বাহিনীর দাবি, এখন পর্যন্ত ৪৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।
আরও পড়ুন: ওয়াশিংটনে হামলার ষড়যন্ত্রের খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল ইরান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন