১১:২০ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের মাধ্যমে শুরু হয় এক প্রেমের গল্প, যা ভারত থেকে বাংলাদেশে পৌঁছায়। গুজরাটের এক তরুণ বরিশালে এসে ১৭ বছরের কিশোরীকে বিয়ে করেছেন এবং বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এই তরুণের বয়স ২০ বছর।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে ঘটেছে। ভারতীয় তরুণের নাম সোরঠিয়া ফাইজান শাহ, যিনি হামজা নামেও পরিচিত। তিনি গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে।
অন্যদিকে, কিশোরী মাহি আক্তার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সিকদারের মেয়ে। তিনি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল
মাহির পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল সাড়ে দশটার একটি ফ্লাইটে ফাইজান শাহ ভারত থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে মাহির পরিবার তাকে রিসিভ করে বরিশালে নিয়ে আসে। পরবর্তীতে ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি ও মৌলভী ডেকে মাহির সঙ্গে ফাইজানের বিয়ে সম্পন্ন হয়। এরপর ফাইজানকে মেয়ে জামাইয়ের মর্যাদা দিয়ে বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে নিয়ে যাওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহি আক্তারের মা শামীমা আক্তার এসব তথ্য জানান।
এদিকে, ভারতীয় তরুণের সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয়রা ভারতীয় তরুণকে একনজর দেখার জন্য ভিড় জমাতে শুরু করে।
কিশোরী মাহি আক্তার বলেন, "ফাইজান দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আমার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু। তার সঙ্গে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল আমার। গত তিন মাস আগে দুই পরিবার প্রেমের বিষয়টি জানতে পারে। এরপর আমার পরিবার থেকে বারবার নিষেধ করা হলেও সম্পর্ক রেখেছিলাম। সেই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসা নিয়ে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসে ফাইজান। শাহজালাল বিমানবন্দরে আমার মা এবং ছোট ভাই তাকে রিসিভ করে বরিশাল নিয়ে আসেন।"
আরও পড়ুন: পিরোজপুরে বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন
মাহি আরও বলেন, "গত একবছরে প্রেমিক ফাইজানের কাছ থেকে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখে ফেলেছি। এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। আমাদের পুরো পরিবার কমবেশি হিন্দিতে কথা বলতে পারে। ফাইজান আমার সঙ্গে বাংলাদেশেই থেকে যেতে চায়। সেও আমার কাছ থেকে কিছু কিছু বাংলা শিখেছে।"
ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তিনি ৬ মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বাকি জীবন বাংলাদেশেই স্ত্রীর সঙ্গে কাটাতে চান।
তবে ভারতীয় তরুণের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে জানিয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, "খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া বিস্তারিত জানতে ভারতীয় ওই নাগরিকের সব তথ্য থানায় দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"
আরও পড়ুন: কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন