১০:৪০ পি.এম
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি সরকারি স্কুল পরিদর্শনের ফলে বাড়িতে হামলার ঘটনায় বাবাকে হারানো ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) এক কর্মী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাবার হত্যার ঘটনায় অভিযুক্তরা জামিন পেয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর মা, বোন এবং নিজের জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজ।
হাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, হামলার স্পষ্ট ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। তাদের মুক্তির পর পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি চরম শঙ্কা প্রকাশ করেন।
ঘটনার সূচনা ২০২৬ সালের ১৩ আগস্ট। সিজেপির ‘স্কুল ঠিক করো’ প্রচারণার অংশ হিসেবে স্থানীয় সরকারি স্কুলগুলোর দুরবস্থা তুলে ধরতে সেদিন বাঁকুড়ার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন হাফিজ। ঠিক দুই দিন পর, ১৫ আগস্ট, একদল দুষ্কৃতী বাঁকুড়ার করিশুন্ডা গ্রামে হাফিজদের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে মারা যান হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিক।
আরও পড়ুন: ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে
স্কুল পরিদর্শনের পরপরই এই হামলার ঘটনা ঘটায় হাফিজের পরিবার এবং সিজেপি সমর্থকদের অভিযোগ, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হাফিজের সক্রিয় আন্দোলনের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় এক বিজেপি নেতাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছিল। তবে বিজেপি শুরু থেকেই এই ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি অভিযুক্তদের জামিন পাওয়ার খবর হাফিজের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ভিডিও বার্তায় তিনি বলেন, অভিযুক্তদের মুক্তির ফলে তিনি এবং তার পরিবার চরম হুমকির মুখে রয়েছেন। সংবাদমাধ্যম ‘মাকতুব’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, “আমি এখনো আদালতের আদেশের কপি হাতে পাইনি, তবে জানতে পেরেছি যে আমার বাবা হত্যার জন্য দায়ীরা জামিন পেয়ে গেছে।”
তিনি আরও বলেন, “বিষয়টি সবার সামনে তুলে ধরতে এবং আমরা যে চরম হুমকির মুখে আছি তা সবাইকে জানাতেই আমি ভিডিওটি করেছি। ওরা যদি আমার বাবাকে খুন করতে পারে, তবে আমাদেরও ক্ষতি করতে পারে। আজ রাতেই আদালতের জামিনের নথিপত্র হাতে পাওয়ামাত্রই আমি তা জনসমক্ষে প্রকাশ করব। প্রয়োজনে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।”
এ বিষয়ে সিজেপির জাতীয় সম্পাদক আফরিন নওয়াজ মাকতুবকে বলেন, “আমরা আদালতের আদেশের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এমন কোনো আদেশ আসলেই দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেব। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন