ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাল্টাপাল্টি হামলার পর কী বলছে যুক্তরাষ্ট্র-ইরান


পাল্টাপাল্টি হামলার পর কী বলছে যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালির কাছে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলার দাবি করেছে নতুন করে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেছে।

মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাতে, উপসাগরে একটি ট্যাংকারে ইরানি ড্রোন হামলার পাল্টা হিসেবে তারা ইরানের ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোর’ ওপর একটি ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে।

তারা জানায়, ‘গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথ (হরমুজ প্রণালি) দিয়ে যখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে, তখন ইরানের এমন বিপজ্জনক আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।’

আরও পড়ুন: কেশম দ্বীপে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরান এই হামলার নিন্দা জানিয়ে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের আইআরজিসি বলেছে, ওয়াশিংটন ‘বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে’ এবং তাদের নৌবাহিনী অঞ্চলের সেইসব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। সংস্থাটি আরও যোগ করেছে, ‘যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের জবাব আরও ব্যাপক হবে।’

হামলার পূর্বে শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি সতর্কবার্তা দেন, বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হামলা সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’।

হামলার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স-এ লেখেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। সমঝোতা স্মারকটি কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে যদি তাদের কোনো মতবিরোধ থাকে, তবে তারা ফোন করতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে।’

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্সে পোস্টে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে যে, তারা কূটনীতি ও যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

আরও পড়ুন: ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের আগে সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক

পোস্টে তিনি দাবি করেন, ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে, তিনি আলোচনা কিংবা যুদ্ধবিরতির নীতিমালার প্রতি কোনো প্রতিশ্রুতি রাখেন না।

আজিজির আরও দাবি, যুদ্ধবিরতির এই ‘বেপরোয়া লঙ্ঘন’ যুক্তরাষ্ট্রের জন্য ‘আগের মতোই পিছু হটা ও অনুতাপের কারণ হবে।’ তিনি বলেন, ‘দোষ চাপিয়ে দেয়ার রাজনীতি এখন আর কাজ করবে না।’

কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসানে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওই সমঝোতা স্বাক্ষর হয়েছিল। ওই সমঝোতায় ‘লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে’ বন্ধ করার কথা ছিল। তবে লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত থাকায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি, সারসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যায়। সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী ৬০ দিনের একটি সময়সীমা ঠিক করা হয়েছিল। এই সময়ে কোনো ধরনের মাশুল ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোকে এই প্রণালি দিয়ে যাতায়াত করতে দেয়ার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন: কাশ্মীরে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার লতিফ ভাট নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে প্রধানমন্ত্রীর সামনেই কিল-ঘুষি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


সংসদে প্রধানমন্ত্রীর সামনেই কিল-ঘুষি

জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে হঠাৎ করেই ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ঘটে গেছে তীব্র হাতাহাতির ঘটনা। দেশের সংবাদমাধ্যম সিভিল জর্জিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় প্রশ্নোত্তর পর্বে শুরু হয় এই সংঘর্ষ।

সিভিল জর্জিয়া জানাচ্ছে যে, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন। এ সময় তিনি মন্তব্য করেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার প্রকৃত রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছে। তার এ বক্তব্যের পর ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। এ তর্ক-বিতর্ক একপর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়।

সংঘর্ষের সময় কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে চলছিল ধাক্কাধাক্কি, মারামারি ও বাকবিতণ্ডা। পরে সংসদের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের সদস্যদের কক্ষ থেকে বের করে দেন। এই ঘটনার কারণে সংসদের সরাসরি সম্প্রচারকেও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের ইরাকলি খেলাদজে ও বিরোধী দলের গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আরও অনেক সংসদ সদস্য এতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনাকালীন প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যরা নিজেদের আসন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার পর সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়। আহতদের চিকিৎসার জন্য চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়েই এগোচ্ছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


শিক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়েই এগোচ্ছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন ছাড়াও শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না; সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর পল্লবী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতিটি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থানীয়ভাবে নানা উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও বেশি তরুণকে এ সুযোগের আওতায় আনা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিম বলেন, কিছু অসাধু ব্যক্তি সবসময়ই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমিনুল হক আরও বলেন, কলেজ শুধু সরকারের নয়, এটি এলাকার সবার প্রতিষ্ঠান। তাই কলেজের উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার মান বৃদ্ধিতে স্থানীয় জনগণ, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পল্লবী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ইছাহাক (শিপন) এবং গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ লিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে বজ্রপাতে একাধিক বাড়িতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:০১ পি.এম


যুক্তরাজ্যে বজ্রপাতে একাধিক বাড়িতে ভয়াবহ আগুন

যুক্তরাজ্যের সাসেক্স অঞ্চলে রাতে শেষ ভাগে বজ্রপাতের কারণে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বিভিন্ন এলাকায় ঘটেছে এবং তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সারারাত কাজ চালিয়েছেন।

দমকল ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী জানা গেছে, ক্রলির থ্যাচার ক্লোজ এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। ওয়েস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ওই আগুনের উৎস বজ্রপাত ছিল। একই সময়ে রাত ১২টার পর ইস্টবোর্ন ও বেক্সহিল এলাকায় আরও দুটি বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। কয়েক মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনার পর দ্রুতই দমকলের চারটি করে ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ইস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, বজ্রপাতের কারণে দুটি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতজুড়ে বজ্রপাত চলতে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রম প্রয়োগে আরো কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, বজ্রপাত কিছুটা কমে এলে দমকলকর্মীরা বেক্সহিলের ঘটনাস্থলে কাজ চালিয়ে যান। সেখানে তারা উঁচু মইযুক্ত দমকল গাড়ি ব্যবহার করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তারা আগুনের কারণে উত্তপ্ত থাকা অংশগুলোতে পানি ছিটিয়ে ঠান্ডা করার কাজ অব্যাহত রাখেন। দুপুর ১২টার দিকে পুরো এলাকা পুনরায় পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, দীর্ঘ এবং ব্যস্ত রাত কাটানোর পর ইস্টবোর্নের আগুন এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে ওয়েস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, থ্যাচার ক্লোজ এলাকায় এখনো চারটি দমকল ইউনিট কাজ করছে। ধারণা করা হচ্ছে, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে বজ্রপাতের পর সেখানেও আগুনের সূত্রপাত হয়।

এ পর্যন্ত কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে আবহাওয়া দপ্তর রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ইস্ট সাসেক্স ও কেন্টের বড় অংশে বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করেছিল। এই সতর্কতার মধ্যেই একাধিক বজ্রপাত এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে কয়েক দিন ধরে যুক্তরাজ্যে তীব্র গরম এবং চরম তাপপ্রবাহ চলছিল। এর পর হঠাৎ বজ্রসহ বৃষ্টি এবং ঝড় শুরু হয়।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গরম এবং আর্দ্র আবহাওয়ায় বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে, তখন বজ্রঝড়ের সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে কয়েক দিন টানা তীব্র রোদ থাকার পর এমন পরিস্থিতি তৈরি হলে বজ্রপাত এবং ঝড়ের ঘটনা বেশি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৩ ঘণ্টায় পাগলা মসজিদের দানবাক্সে ১০ কোটি টাকা, চলছে গণনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


সাড়ে ৩ ঘণ্টায় পাগলা মসজিদের দানবাক্সে ১০ কোটি টাকা, চলছে গণনা

দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে, সকাল ৭টায় জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে ১৩টি দানবাক্স খোলা হয়।

দানবাক্স কার্যক্রম শুরু করার পর সকাল ৯টা থেকে দানের টাকা গণনার কাজ শুরু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। তবে এখনো গণনা চলছে, আর চূড়ান্ত হিসাব পরে জানানো হবে।

রূপালী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ব্যাংকের কর্মকর্তা, মাদরাসার শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের মোট ৫৯০ জন স্বেচ্ছাসেবী একযোগে টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

এবং এবার দানবাক্সগুলো থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে, যা পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর ফলে এবারের গণনা অতীতের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা সৃষ্টি করেছে।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর সর্বশেষ দানবাক্স খুলেছিল। তখন ৩৫ বস্তা টাকা পাওয়া যায় এবং গণনা শেষে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছিল।

এবারও পুরো গণনা শেষে দানের মোট পরিমাণ এবং অন্যান্য প্রাপ্ত সামগ্রীর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%