০৪:০৫ পি.এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের উদ্দেশে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে হুঁশিয়ারিমূলক বক্তব্য প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মন্নার মেম্বারের বাড়িতে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন—তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।”
আরও পড়ুন: শফিকুল আলম: আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়েছে
এ সময় তিনি স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে প্রশ্ন করেন, সারের ডিলার কাকে দেওয়া হয়েছে? পাশ থেকে একজন জানান, এটি আওয়ামী লীগকে দেওয়া হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে সংসদ সদস্যের উদ্দেশেও তিনি আহ্বান জানান, বিএনপির অনেক নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করতে হবে।
রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময়ে নিজ এলাকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ইউএনও, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল মন্তব্য করেন, “আমিন ভাই সত্য কথাই বলেছেন। আসলে সবাইকে মূল্যায়ন না করলে একসময় তারা বিদ্রোহ করে বসেন, এতে দলের ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।”
আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন