০৪:১৮ পি.এম
পঞ্চগড়, ২১ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এই অভিযানে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
শনিবার পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার।
অভিযানের ফলস্বরূপ ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল এবং ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল জব্দ করা হয়।
আরও পড়ুন: ফ্যাসিবাদ পুনরায় ফিরতে দেওয়া হবে না: যুব জমিয়ত
এছাড়া ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পঞ্চগড় সীমান্তের নিরাপত্তা কার্যক্রমের বিষয়েও জানানো হয়েছে। এতে বলা হয়, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড় ব্যাটালিয়নের পক্ষ থেকে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মোতায়েন করা হয় পাঁচ প্লাটুন বিজিবি।
বিজ্ঞপ্তিতে সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং সীমান্তবর্তী জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র, মানবপাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন