০৩:৩২ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং রিজার্ভের অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন উৎস অনুসন্ধান করছে। প্রবাসীদের আয় ও রপ্তানি আয় দেশে আনার প্রক্রিয়াকে সহজতর করা, ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রবাসী বাংলাদেশি, রপ্তানিকারক, ফ্রিল্যান্সার এবং অন্যান্য সেবা খাতের পেশাজীবীদের আয় দেশে আনার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক পরিশোধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রার নতুন উৎস তৈরি করা, ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বৃদ্ধি করা এবং রিজার্ভের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো।
এসব উদ্যোগের পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গতকাল মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে জানান, "বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং দেশের রিজার্ভ পরিস্থিতি শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।" তিনি উল্লেখ করেন, দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা রপ্তানি খাতের আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে গত জুলাইয়ে তথ্যপ্রযুক্তি (আইসিটি), বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অন্যান্য অনলাইন পেশাগত সেবায় যুক্ত ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল সেবার বিপরীতে অর্থ গ্রহণ করে সংশ্লিষ্ট সেবাদাতাদের হিসাবে সমপরিমাণ স্থানীয় মুদ্রা জমা দিতে পারবে। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে রপ্তানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) সুবিধার আওতায় আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগও রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকরা তাদের বিদেশি আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনতে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার
রপ্তানিকারকদের জন্যও বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ আরও কার্যকর করতে ইআরকিউ সুবিধা সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় রপ্তানিকারকরা তাদের রপ্তানি আয়ের নির্ধারিত অংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখতে পারেন। এতে অনুমোদিত বৈদেশিক ব্যয় মেটাতে তাদের স্থানীয় বাজার থেকে নতুন করে ডলার কেনার প্রয়োজন কমে আসবে।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় গড়ে তুলতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা (পিএফসি) এবং অনিবাসী বৈদেশিক মুদ্রা আমানত (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের বৈধ পথে পাঠানো অর্থ দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় হিসেবে রাখার সুযোগ বেড়েছে। এতে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো আরও সহজ হবে এবং প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশের ব্যাংকিং ব্যবস্থায় রাখতে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
তবে পিএফসি, এনএফসিডি কিংবা রপ্তানিকারকদের রিটেনশন হিসাবে রাখা বৈদেশিক মুদ্রা সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি রিজার্ভের অংশ নয়। এসব হিসাব ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা বাড়াতে এবং আনুষ্ঠানিক প্রবাহকে শক্তিশালী করতে সহায়তা করে। তবে প্রকৃত রিজার্ভ বৃদ্ধি দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন এবং কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।
আরও পড়ুন: গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে পরিচালিত রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
এ লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে থাকা দায়মুক্ত অর্থের বিপরীতে বৈদেশিক মুদ্রা ও টাকার মধ্যে সোয়াপ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট রপ্তানিকারকরা তাদের বৈদেশিক মুদ্রা তাৎক্ষণিকভাবে ভাঙানো ছাড়াই স্থানীয় মুদ্রায় অর্থ পাওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করা এবং বৈদেশিক মুদ্রাবাজারের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব উদ্যোগের ফলে বাজারে তারল্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
শুধু বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোই নয়, দেশের রিজার্ভ সুরক্ষায় বৈদেশিক মুদ্রার বহির্গমন ব্যবস্থাপনাতেও নজরদারি জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৬৯ জন গ্রেফতার
গত আগস্টে আমদানি লেনদেনসংক্রান্ত বৈদেশিক মুদ্রা বিধিবিধানের বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে আমদানি লেনদেনের তথ্য অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, সরকারি আমদানি ছাড়া ৩ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট লেনদেনের তথ্য জমা দিতে হবে।
এ ব্যবস্থার মাধ্যমে আমদানি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি অনিয়ম এবং অপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
একই সঙ্গে রেমিট্যান্স, রপ্তানি আয়, আমদানি ব্যয়সহ বৈদেশিক মুদ্রার বিভিন্ন লেনদেন পর্যবেক্ষণে ডিজিটাল নজরদারি ব্যবস্থা ব্যবহার করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে রপ্তানি আয় দেশে আসতে বিলম্ব হচ্ছে কি না, বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় প্রত্যাবাসিত হচ্ছে কি না, তা সহজে শনাক্ত করা সম্ভব হবে।
আরও পড়ুন: ধলেশ্বরী টোলপ্লাজায় ৮ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২০ মোবাইল
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস হচ্ছে প্রবাসী আয়, রপ্তানি আয় এবং অন্যান্য বৈদেশিক প্রাপ্তি। এসব উৎস থেকে ধারাবাহিকভাবে আয় বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় ও বৈদেশিক দায় পরিশোধে সতর্ক ব্যবস্থাপনা রিজার্ভের শক্তিশালী অবস্থান ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।
এ কারণে বৈদেশিক মুদ্রার উৎস বহুমুখীকরণ, আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, সেবা রপ্তানিতে সহায়তা এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে নজরদারি জোরদারের মাধ্যমে রিজার্ভ বৃদ্ধির একটি টেকসই ভিত্তি গড়ে তুলতে চায় বাংলাদেশ ব্যাংক।
অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, বৈদেশিক মুদ্রার প্রবাহ টেকসই করতে প্রতিযোগিতামূলক বিনিময় হার বজায় রাখা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ডলারের দামের ব্যবধান কমানো এবং প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করা জরুরি। একই সঙ্গে রপ্তানি আয় যথাসময়ে দেশে আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, "মধ্য ও দীর্ঘ মেয়াদে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন ভিত্তি তৈরি করতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।"
আরও পড়ুন: তথ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ
তিনি মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস আরও বিস্তৃত হবে এবং রিজার্ভের ভিত্তিও টেকসইভাবে শক্তিশালী করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন