মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৩ পি.এম
বৈভব সূর্যবংশী ৫২ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন, সেঞ্চুরি করেছেন মাত্র ২৮ বলে।
বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে মাঠে নামলেই যেন রেকর্ড বই নতুন করে লেখার পণ করে নামেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬’-এর ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে দ্বিশতকের এক অতিমানবীয় ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন এই তরুণ মারকুটে ব্যাটার।
দ্রুততম সেঞ্চুরির পূর্বের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান জেইক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে, যিনি ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার এক বল কম খেলে সেই কীর্তি ছাড়িয়ে গেলেন সূর্যবংশী।
আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। তার ইনিংসে ৭টি চার ও ২৮টি ছক্কার সমাহার ছিল। এই ইনিংসের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটিও সূর্যবংশীর দখলে রয়েছে। ২০২৬ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছিলেন তিনি। এবার দ্রুততম সেঞ্চুরি, দেড়শ এবং ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন এই বিস্ময়বালক।
সেঞ্চুরি পূর্ণ করার পর পরবর্তী ১২ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন সূর্যবংশী। এরপর আরো ১২ বলের ঝোড়ো ব্যাটিংয়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান মাত্র ২৩ বলে।
সূর্যবংশীর ইনিংসে ছিল ২৮টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির রয়েছে মাত্র একটি। গত বছর বিহারের বিপক্ষে অরুণাচল প্রদেশের ম্যাচে এক ইনিংসে ৩৮টি ছক্কা হয়েছিল। মজার ব্যাপার, সেই ম্যাচেও খেলেছিলেন সূর্যবংশী। ৩৮ ছক্কার মধ্যে ১৫টিই এসেছিল তার ব্যাট থেকে। এবার একাই ২৮টি ছক্কা হাঁকিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই তরুণ ব্যাটার।
ছক্কার রেকর্ডে সূর্যবংশী ছাড়িয়ে গেছেন তন্ময় আগারওয়ালকে। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে অরুণাচলের বিপক্ষে হায়দরাবাদের হয়ে ২৬টি ছক্কা মেরেছিলেন তন্ময়।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি (বলের হিসেবে)
• ৫২ বল: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ১০৩ বল: চ্যাড বোস (ক্যান্টারবারি বনাম ওটাগো, ক্রাইস্টচার্চ, ২০২৪)
• ১১৪ বল: এন জগদীশন (তামিলনাড়ু বনাম অরুণাচল, বেঙ্গালুরু, ২০২২)
• ১১৪ বল: হ্যারি ব্রুক (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি, ২০২৬)
পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
• ২৮টি: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ২৬টি: তন্ময় আগারওয়াল (হায়দরাবাদ বনাম অরুণাচল, হায়দরাবাদ, ২০২৪)
• ২৩টি: কলিন মানরো (অকল্যান্ড বনাম সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, নেপিয়ার, ২০১৫)
• ২৩টি: ডার্সি শর্ট (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম কুইন্সল্যান্ড, সিডনি, ২০১৮)
দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি (বলের হিসেবে)
• ২৮ বল: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ২৯ বল: জেক ফ্রেজার-ম্যাকগার্ক (সাউথ অস্ট্রেলিয়া বনাম তাসমানিয়া, অ্যাডিলেড, ২০২৩)
• ৩১ বল: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ, ২০১৫)
• ৩২ বল: সাকিবুল গনি (বিহার বনাম অরুণাচল, রাঁচি, ২০২৫)
• ৩৩ বল: ইশান কিষাণ (ঝাড়খণ্ড বনাম কর্ণাটক, আহমেদাবাদ, ২০২৫)
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রান (বলের হিসেবে)
• ৪০ বল: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ৫৯ বল: বৈভব সূর্যবংশী (বিহার বনাম অরুণাচল, রাঁচি, ২০২৫)
• ৬৪ বল: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ, ২০১৫)
• ৬৫ বল: জস বাটলার (ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস, আমস্টেলভিন, ২০২২)
লিস্ট 'এ' ক্রিকেটে সেঞ্চুরি করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটও এখন সূর্যবংশীর, ৩৮৪.৯১। এত দিন সর্বোচ্চ ছিল এবি ডি ভিলিয়ার্সের ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসের স্ট্রাইক রেট, ৩৩৮.৬৩।
কাতারের দোহায় ম্যাচে আগে ব্যাট করে হারপ্রিত সিংয়ের ১৩০ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৪৯ রানের পুঁজি পায় আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.২ ওভারে ৩ উইকেটে ২৫৪ রান করে ফেলে ভারত 'এ' দল।
মাত্র ৫২ বলে দুইশ করে ইতিহাসের পাতা ওলটপালট করে ফেলেন সূর্যবংশী। লিস্ট 'এ' ক্রিকেটে এত দিন দ্রুততম দুইশ রানের রেকর্ড ছিল চ্যাড বোয়েসের। ২০২৪ সালে ফোর্ড ট্রফির ম্যাচে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। ডাবল সেঞ্চুরি করার পরই আউট হয়ে যান সূর্যবংশী। এবারও ছক্কা উড়াতে গিয়ে মিড অফে ক্যাচ দেন।
সেখানেই থেমে যায় তার অতিমানবীয়, বিস্ফোরক ইনিংস। যে ইনিংস ইতিহাসের পাতায় লিখা থাকবে অনন্তকাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৮ সালের মহাকুম্ভ মেলার প্রস্তুতির অজুহাতে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬৩৬ বছরের পুরনো একটি মসজিদ, ঐতিহাসিক শাহী মাজার এবং এক ডজনেরও বেশি দরগাহ ভোরবেলা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) তীব্র নিন্দা জানিয়েছে। জমি-সংক্রান্ত বিরোধটি বর্তমানে ওয়াকফ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা সত্ত্বেও এই উচ্ছেদ অভিযানকে বোর্ড ‘অবৈধ ও অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করেছে।
এআইএমপিএলবি-র জাতীয় মুখপাত্র ড. এস.কিউ.আর. ইলিয়াস মহাকুম্ভের ব্যবস্থাপনার নামে ঐতিহাসিক মসজিদ, সমাধি এবং প্রাচীন মাজার ভেঙে ফেলার এই ঘটনার জন্য সরকারকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলুম ও স্বেচ্ছাচারিতা’ বলে উল্লেখ করেছেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৮ সালের সিংহস্থ মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে জায়গা করার অজুহাতে নেওয়া এই পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক এবং সংবিধান পরিপন্থী।
প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর ভোর ৫টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে রেলওয়ে প্রশাসন বুলডোজার ব্যবহার করে মাধব নগর রেলওয়ে স্টেশনের বাইরের শাহী মাজারসহ এক ডজনেরও বেশি মসজিদ ও দরগাহ গুঁড়িয়ে দেয়। অভিযানে ‘মসজিদ কালান্দারি’ এবং ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়কের (মুতাওয়াল্লি) বাসভবনও ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে।
ওয়াকফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভীর মতে, ওই জমি নিয়ে বিরোধ এখনো ভোপালের ওয়াকফ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, এক ব্যক্তিকে ভুয়া ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে খুব ভোরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, উপযুক্ত ওয়াকফ ট্রাইব্যুনালে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের বলপ্রয়োগমূলক পদক্ষেপ নেওয়া মোটেও উচিত হয়নি। এই অভিযানে প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও বোর্ড উল্লেখ করেছে।
মসজিদ কমিটির দাবি, ভেঙে ফেলা মসজিদটি প্রায় ৬৩৬ বছরের পুরনো, যা ১৩৯০ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।
বোর্ড আরও বলেছে, জনস্বার্থে এলাকা সম্প্রসারণ করাই যদি প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য হতো, তবে তারা রাস্তার বিপরীত পাশের ভবনগুলো ভাঙাসহ অন্যান্য বিকল্প পথ খতিয়ে দেখতে পারত। কিন্তু তা না করে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলোকে বেছে নিয়েছে।
এআইএমপিএলবি-র মতে, প্রশাসনের এই পদক্ষেপ ভারতের সংবিধানের ১৪, ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ এবং সম্পত্তির অধিকার রক্ষাকারী ৩০০এ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।
ড. ইলিয়াস জানান, কাজী সাহেব এবং স্থানীয় প্রতিনিধিদের আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্তকে বোর্ড পূর্ণ সমর্থন জানায়। বিশেষ করে স্থানীয় কমিটির পক্ষ থেকে এই উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বোর্ড সব ধরনের আইনি ও নৈতিক সহায়তা প্রদান করবে।
গত কয়েক বছরে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে ঠুনকো অজুহাতে ঐতিহাসিক মসজিদ, সমাধি ও মাজার ভেঙে ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বোর্ডের বিবৃতিতে বলা হয়, "এ ধরনের স্বেচ্ছাচারী ও আক্রমণাত্মক কর্মকাণ্ড দেখে মনে হয়, এগুলো ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকেই পরিচালিত হচ্ছে।"
এছাড়া বিজেপির জোটসঙ্গী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর নীরবতায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের মতে, সাংবিধানিক ও আইনি নীতির এমন নগ্ন লঙ্ঘনের বিরুদ্ধে তাদের মুখ না খোলা ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু অধিকার রক্ষায় তাদের অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। সূত্র: মাকতুব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তটি আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে এ বিষয়ে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের জারি করা সার্কুলার নম্বর-০৪-এ এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। সার্কুলারে দেশের সকল তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনছে।
রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক পরিস্থিতি মোকাবিলা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের দুটি নন-লাইফ বিমা কোম্পানির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানি দুটি হলো গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। এই স্থগিতাদেশ গত ৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট দুটি বিমা কোম্পানির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসা কার্যক্রমে সহযোগিতা না করার জন্য দেশের সব ব্যাংককে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের ৯ নভেম্বর ২০২৬ তারিখের চিঠির প্রেক্ষিতে ব্যাংকগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।
আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, বিমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সার্কুলারের বিধান অনুযায়ী গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বিমা ব্যবসা কার্যক্রম ৩ নভেম্বর থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সংশ্লিষ্ট দুটি বিমা কোম্পানির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসা কার্যক্রম স্থগিতের বিষয়টি দেশের সব ব্যাংককে অবহিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্বব্যাংকের প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য তাদের প্রশংসা করেন। অন্যদিকে, বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি এবং এ খাতে নেওয়া পদক্ষেপগুলোকে প্রশংসিত করেন। তিনি ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ