ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ


ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ

ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থতা দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ২৬ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ২০২৭ সালের জন্য প্রস্তাবিত এই অর্থ সহায়তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জোটের তিন সদস্য দেশ—হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। ইউরোপের জন্য কিয়েভকে অব্যাহত সহায়তা দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ জোটের অভ্যন্তরীণ আর্থসামাজিক সংকট ও জনমতের চাপ রয়েছে। আগামী ডিসেম্বরে এই বিষয়ে আলোচনা পুনরায় শুরু হবে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ইউক্রেনকে সামষ্টিক অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত কিয়েভকে অনুদান ও ঋণ হিসেবে ১৭ বিলিয়ন ইউরোর বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ২০২২ সালের পর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ইইউ ও এর আর্থিক প্রতিষ্ঠানগুলো ইউক্রেনকে ১৩১ বিলিয়ন ইউরোর বেশি অর্থ দিয়েছে বা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। এর বাইরে সদস্য দেশগুলো দ্বিপাক্ষিক ভিত্তিতে ১৫ দশমিক ৫ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে।

আর্থিক সহায়তার পাশাপাশি ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি (ইপিএফ), ইউক্রেন অ্যাসিস্ট্যান্স ফান্ড এবং সদস্য দেশগুলোর সরাসরি অনুদানের মাধ্যমে কিয়েভকে ৯৯ বিলিয়ন ইউরোর বেশি সামরিক সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে ইইউর মোট সহায়তার পরিমাণ ২৪৫ বিলিয়ন ইউরোর বেশি দাঁড়িয়েছে। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ (প্রায় ২১০ বিলিয়ন ইউরো ইইউ দেশগুলোতে রক্ষিত) থেকে অর্জিত ১ দশমিক ৮ বিলিয়ন ইউরো আয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, হামাস প্রধানের ছেলে প্রাণে বেঁচে গেলেন

ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ২০২৬-২০২৭ কর্মসূচির আওতায় অনুমোদিত ৯০ বিলিয়ন ইউরো (যার ৬০ বিলিয়ন অস্ত্র এবং ৩০ বিলিয়ন বাজেট সহায়তায় ব্যয় হবে) বরাদ্দ দেওয়ার পরও ২০২৭ সালে ইউক্রেনের সামরিক ও বাজেট ঘাটতি ৭০ বিলিয়ন ইউরো দাঁড়াবে। এই ঘাটতি মেটাতে ২০২৭ সালের জন্য ৪৫ বিলিয়ন ইউরো (২০ বিলিয়ন বাজেট ও ২৫ বিলিয়ন সামরিক খাতে) বরাদ্দের প্রস্তাব দিয়েছিল কমিশন। শর্ত ছিল, রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিলেই কেবল কিয়েভ এই ঋণ পরিশোধ করবে।

এদিকে, নিজ দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনকে দেওয়া ব্যাপক সহায়তার বিরুদ্ধে জনমত তীব্র হচ্ছে। আর্থিক ও সামরিক সহায়তার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীর আবাসন, চিকিৎসা, কর্মসংস্থান ও শিক্ষার ভার বহন করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে ফ্রান্স ও স্পেনে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে এবং কিয়েভকে সহায়তার প্রতি সাধারণ মানুষের সমর্থন কমছে। ইউক্রেনের সবচেয়ে বড় ইউরোপীয় দাতা দেশ জার্মানিতেও (যারা ২০২২ সাল থেকে প্রায় ১০০ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে এবং ১২ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে) কিয়েভকে সহায়তার পক্ষে জনসমর্থন এক বছরের ব্যবধানে ৫৯ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে এসেছে। সূত্র: তাস।

আরও পড়ুন: এআই গবেষণাগারে ভয়ঙ্কর আবিষ্কার, বিশ্বের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থায় শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ হিফয কনভোকেশন ২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ হিফয কনভোকেশন ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ‘৪র্থ হিফয কনভোকেশন ২০২৬’। শনিবার উত্তরা ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবনের নূরুল কাদের অডিটোরিয়ামে এই কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, আলেম-উলামা এবং দেশি-বিদেশি শিক্ষা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বছর রূহ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচ শিক্ষার্থী—সাইয়েদ মোহাম্মদ আব্দুল্লাহ, এস. কে. তানজিম আলম জাকি, মাহদি হাসান চৌধুরী, মো. রুবিউল হাসান এবং ফাহমিদ শাহরিয়ার তাম্মাম—ইন্টারন্যাশনাল কারিকুলামে ইংরেজি মাধ্যমে পড়াশোনার পাশাপাশি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে। তাদের এই গৌরবময় অর্জনের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে ২০ জনের বেশি শিক্ষার্থীর হিফজুল কুরআন সম্পন্ন করা অন্তর্ভুক্ত। এছাড়া, প্রতিষ্ঠানটির চার শিক্ষার্থী মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আজহার প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পেয়েছে এবং বর্তমানে তারা সেখানে অধ্যয়ন করছে। সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজ সম্পন্ন করা এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ পাওয়া প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্র্যান্ড রিসাইটার ও বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল, বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুস সাকিব আহমেদ; ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নাকিব হায়দার; যুক্তরাষ্ট্রের হ্যালিবার্টন কোম্পানির পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ম্যানেজার নাজমুল এইচ. গাজী; অক্সফোর্ড এ-কিউ-এ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. শাহীন রেজা এবং নিই হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মুনাইম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী বলেছেন, "পবিত্র কুরআন হিফজ করা একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত মর্যাদাপূর্ণ অর্জন। তবে কুরআনের শিক্ষা কেবল মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আদর্শ ও শিক্ষাকে জীবনে ধারণ করাই প্রকৃত সাফল্য। শিশুদের ছোটবেলা থেকেই কুরআন ও নৈতিক শিক্ষার সঙ্গে যুক্ত করার এমন উদ্যোগ প্রশংসনীয়।"

সভাপতির বক্তব্যে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মুনাইম বিল্লাহ বলেন, "আমরা বিশ্বাস করি, একটি সন্তানের হাতে পবিত্র কুরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞান—দুটিই তুলে দেওয়া সম্ভব। রূহ ইন্টারন্যাশনাল স্কুল সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। আমরা শুধু হাফেজ বা ভালো ফলাফল করা শিক্ষার্থী তৈরি করতে চাই না; বরং কুরআনের আলো, নৈতিকতা ও আন্তর্জাতিক মানের শিক্ষায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের ২০ জনের বেশি শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছে এবং চারজন শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আজহার প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পেয়েছে। এই অর্জন আমাদের লক্ষ্য বাস্তবায়নে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।"

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এ আয়োজনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি তাদের পরিবার ও শিক্ষকদের অবদানও বিশেষভাবে তুলে ধরা হয়।

উল্লেখ্য, রূহ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের প্রথম পূর্ণকালীন হিফজভিত্তিক ইংলিশ মিডিয়াম স্কুল। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কারিকুলাম অনুসরণের পাশাপাশি সাধারণ শিক্ষা, পূর্ণকালীন হিফজুল কুরআন, আরবি ভাষা শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমী শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য, যারা কুরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের যোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠিত করতে পারবে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন ও মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


পঞ্চগড়ে চা চাষি সম্মেলন ও মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়, ২৮ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলব একসঙ্গে’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে চা চাষি সম্মেলন ও মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে সম্মেলন ও মিলন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

সকাল ১০টা থেকে চা চাষিদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির উদ্যোগে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এ সময় জেলা চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, চায়ের গুণগত মান বজায় রাখতে সার প্রয়োগের সময়মতো ব্যবহার এবং জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। পরিবেশবান্ধব ও অর্গানিক পদ্ধতিতে চা উৎপাদনে গুরুত্ব দিতে হবে, যাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না হয়। চায়ের মান উন্নয়নে হাতে পাতা সংগ্রহের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে পাতা সংগ্রহে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। এ জন্য ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা সংগ্রহের মেশিন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি চাষিরা যাতে উৎপাদিত চা পাতার ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দিনব্যাপী এই আয়োজনে জেলার ছয় শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন।

শেষ পর্বে বিকেলে চা চাষীদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বিক্ষোভ: আ.লীগের কথিত লকডাউন কার্যক্রম নিষিদ্ধে বেড়ায় প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


বিএনপির বিক্ষোভ: আ.লীগের কথিত লকডাউন কার্যক্রম নিষিদ্ধে বেড়ায় প্রতিবাদ

বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী ২৯-৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেড়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলটি বেড়া পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের নেতৃত্বে মিছিলটি পৌর সদরের বেড়া বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কানাই বাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন ইকবাল, সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, সাবেক যুগ্ন সম্পাদক ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আকসেদ আলী, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, তাতীদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনে শুটিং থেকে ছুটি পেলেন দীপা খন্দকার, নতুন সিনেমায় ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


জন্মদিনে শুটিং থেকে ছুটি পেলেন দীপা খন্দকার, নতুন সিনেমায় ব্যস্ত

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন। বড় পর্দায় অভিনয় করতে তিনি গল্প ও চরিত্র পছন্দ হলে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে কুষ্টিয়ায় তার নতুন সিনেমা ‘আবার দেখা হলে’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপা।

এই মাসের অধিকাংশ সময় তিনি কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। কখনো টানা দুই দিন, কখনো তিন দিন শুটিং করে ঢাকায় ফিরে অন্য নাটকের কাজ সেরে আবার কুষ্টিয়ায় ছুটতে হয়েছে তাকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ জন্মদিনে কুষ্টিয়ায় থাকার কথা ছিল দীপার। তবে কয়েক দিন আগে বৃষ্টির কারণে শুটিংয়ের সিডিউলে পরিবর্তন আসায় জন্মদিনে শুটিং থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে দীপা খন্দকার জানান, বৃষ্টির কারণে সিডিউল পরিবর্তন হওয়ায় তার জন্মদিন শুটিংবিহীন কেটেছে, যা তার জন্য বেশ স্বস্তির। আজকের অধিকাংশ সময় তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন এবং চ্যানেল আইয়ের দুপুরের সরাসরি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ সম্পর্কে দীপা বলেন, তিনি এই সিনেমায় ‘ছোট মা’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটির গল্প খুব সুন্দর উল্লেখ করে তিনি জানান, ইউনিটটি ভীষণ গোছানো ও পরিপাটি, যা নিয়ে তার প্রত্যাশা অনেক।

জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে দীপা বলেন, “সুস্থ থাকি, ভালো থাকি—আরও ভালো গল্পের নাটক ও সিনেমায় যেন অভিনয় করতে পারি। অভিনয় জীবন ও দর্শকের ভালোবাসা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।”

সাম্প্রতিক ও আসন্ন কাজের বিষয়ে দীপা জানান, মহিদুল মহিমের একটি নাটকের কাজ তিনি ইতিমধ্যে শেষ করেছেন, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পলাশ, পারসা ইভানা ও মনিরা মিঠু। এছাড়া ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর কুষ্টিয়ায় শুটিং শেষে ঢাকায় ফিরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র শুটিং করবেন। পাশাপাশি ২০ ডিসেম্বর পর্যন্ত হাসান রেজাউলের ধারাবাহিক ‘বকুলপুর সিজন থ্রি’ এবং রাফাত মজুমদার রিংকুর একটি খণ্ড নাটকসহ আরও কয়েকটি কাজে অংশ নেবেন তিনি।

এদিকে, দীপা খন্দকার অভিনীত ‘হাঙ্গর’ ও ‘ঋতুকামিনী’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%