ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু


নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

নারায়ণগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু।

তিনি উল্লেখ করেন, ‘ওই ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তালিকাটি প্রশাসনের কাছে দেওয়া হবে।’

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি

পোস্টে আবু ইউসুফ খান টিপু অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত কিছু ব্যবসায়ী অগ্নিসংযোগ ও নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ জোগাচ্ছেন।

এ ঘটনায় যাদের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়া বা অর্থ জোগানোর অভিযোগ রয়েছে, তাদের নামের তালিকা তৈরি করে জমা দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ এম


তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেছেন যে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ গণতন্ত্র, সুশাসন এবং অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরের দলীয় কার্যালয়ে তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাটি সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংখী, সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, আফজাল উদ্দিন ও রহিম মল্লিক। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মতিউল বারী খুর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ এম


ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি জেটচালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। পোল্যান্ড, যা ন্যাটোর সদস্য, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনার জন্য রাশিয়ার বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানির’ অভিযোগ করেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পোল্যান্ডের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির আকাশসীমা তিনবার লঙ্ঘিত হয়েছে। এই সময় অন্তত ১১টি বস্তুকে পোলিশ আকাশসীমার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর যুদ্ধবিমান আকাশে উড়ানো হয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর এটি ইউক্রেনের ওপর অন্যতম বৃহত্তম হামলা। এতে অন্তত আটজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘দুর্বল বৈঠক’ এবং বিশ্বকে নতুনভাবে সাজানোর প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার পথ বেছে নিয়েছেন।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিস নিশ্চিত করেছেন যে, দেশটির আকাশসীমা তিনবার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাজ্যসহ ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ১১টি দেশের সেনাসদস্যদের অংশগ্রহণে বড় ধরনের পশ্চিমা সামরিক মহড়া চলাকালীন এ ঘটনা ঘটেছে। তিনি বিষয়টিকে আকস্মিক বলে মনে করেন না।

দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের নোভি লিপোউইক, মোলোডিচ ও রুডনিক নাদ সানেম এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই এলাকাগুলো মহড়ার স্থান নোভা দেবা থেকে প্রায় ৫০ থেকে ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার জন্য রাশিয়াকে ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার আলোচনা হয়েছে। শনিবার ওয়ারশ সফরে যাওয়ার কথা রয়েছে রুটের। টাস্ক বলেন, মহড়ার আগের রাতে এ হামলা কোনো কাকতালীয় ঘটনা বলে মনে হয় না।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনা আগামী মাসগুলোতে পোল্যান্ডসহ মিত্র দেশগুলোর সামনে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পোল্যান্ডের অংশগ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পোলিশ আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে গুরুতর বলে উল্লেখ করেন। তিনি বলেন, ঘটনার পর ন্যাটোর যুদ্ধবিমান আকাশে উড়ানো হয়েছে। পোল্যান্ডের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ন্যাটো মিত্রদের প্রতিরোধ ও প্রতিরক্ষার সক্ষমতা আরও জোরদার করবে।

রুটে আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের পরিণতিতেই এ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে বলেন, ন্যাটো মিত্ররা ঐক্যবদ্ধ রয়েছে এবং ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।

ইউক্রেনে রাতভর রুশ হামলার ব্যাপকতা তুলে ধরে তিনি জানান, হামলায় সাতটি বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ২৬টি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৭২টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

এ ঘটনার পর ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাতভর রেশুফ-ইয়াসিওঙ্কা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সাময়িকভাবে খালি করা হয়। বিমানবন্দরটি আন্তর্জাতিক যাত্রী পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। একই সঙ্গে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবেও এটি ব্যবহৃত হয়।

ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী টাস্ক।

পোল্যান্ডের আকাশসীমায় রুশ অনুপ্রবেশ আগেও হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কায় সাম্প্রতিক মাসগুলোতে পোল্যান্ডের কর্তৃপক্ষ সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে বারবার সতর্ক করেছে। গত জুলাইয়ে ইউক্রেনে রাতভর রুশ হামলার সময় পথভ্রষ্ট হয়ে একটি রুশ কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের লুবলিন অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ২০টির বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী টাস্ক সতর্ক করে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেকোনো সময়ের তুলনায় দেশটি সামরিক সংঘাতের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে।

এ ছাড়া ২০২২ সালের নভেম্বরে ইউক্রেনের ভূখণ্ড থেকে ৩০০ মাইলের বেশি দূরে পোল্যান্ডের বাইডগোশচ শহরের কাছে একটি রুশ কেএইচ-৫৫ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছিল। তবে সেটি ২০২৩ সালের শুরুর দিকে শনাক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বর নিয়ে শেখ হাসিনার চেয়েও আত্মবিশ্বাসী কিছু লোক: সারজিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


ডিসেম্বর নিয়ে শেখ হাসিনার চেয়েও আত্মবিশ্বাসী কিছু লোক: সারজিস

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম মন্তব্য করেছেন, ডিসেম্বর নিয়ে কিছু লোক শেখ হাসিনার চেয়েও আত্মবিশ্বাসী। তিনি এই মন্তব্যটি গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

সারজিস আলম বলেন, "ডিসেম্বর নিয়ে খুনি শেখ হাসিনা যতটা না আত্মবিশ্বাসী, তার চেয়ে বেশি আত্মবিশ্বাস সম্পন্ন কিছু লোকের উৎপাত দেখা যাচ্ছে।" তিনি উল্লেখ করেন, এই আত্মবিশ্বাসী ব্যক্তিদের মধ্যে কিছু টকশোতে উপস্থিত থাকে, কিছু সুশীল-বুদ্ধিজীবী-সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচিত, এবং কিছু আইনজীবী কিংবা কালচারাল হনু হিসেবে দেখা যায়। তিনি সকলকে সতর্ক করে বলেন, "এদের চিনে রাখুন, প্রতিরোধ করুন। এরাই বিষফোঁড়া।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অকৃতকার্যের উচ্চহার: শিক্ষায় সুপারিশ ও সংস্কারের প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ এম


অকৃতকার্যের উচ্চহার: শিক্ষায় সুপারিশ ও সংস্কারের প্রয়োজন

২০২৬ সালের পাবলিক পরীক্ষার ফলাফল আমাদের শিক্ষাব্যবস্থার সামনে একটি কঠিন আয়না তুলে ধরেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। পাশের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরে সর্বনিম্ন। ৩১২টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি, আর মানবিক বিভাগে পাশের হার মাত্র ৪৮.৭৪ শতাংশ।

উচ্চমাধ্যমিকের চিত্র আরও উদ্বেগজনক। এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৫২.১২ শতাংশ; সাধারণ বোর্ডগুলোতে তা ৫১.৬২ শতাংশ, যা ২২ বছরে সর্বনিম্ন। সব বোর্ড মিলিয়ে অকৃতকার্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী; শুধু সাধারণ বোর্ডেই ৫ লাখ ৭ হাজার ২৮১ জন, যা ব্যানবেইসের ১৯৯০ সাল থেকে সংরক্ষিত তথ্যে সর্বোচ্চ। জিপিএ-৫ নেমেছে ৪০ হাজার ৮৪-জন এ, আর দুই শতাধিক প্রতিষ্ঠানে পাশের হার শূন্য।

পরপর দুই বছরের এই বিপর্যয় কোনো সাময়িক দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা অসুখের বহিঃপ্রকাশ। লক্ষণীয় যে এসএসসিতে ছাত্রীদের পাশের হার ৬৬.৬৮ শতাংশ হলেও ছাত্রদের মাত্র ৫৭.৮৬ শতাংশ; ছেলেদের পিছিয়ে পড়াও আলাদা মনোযোগ দাবি করে।

অনেকে বলছেন, খাতায় বাড়তি নম্বর দেওয়ার অলিখিত চর্চা বন্ধ হওয়ায় এবার প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে। কথাটি আংশিক সত্য। তবে দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দায়িত্ব নিয়েই বলছি, ফল বিপর্যয়ের শিকড় আরও গভীরে। সমস্যাটি নতুন নয়; এতদিন তা নম্বরের আড়ালে ঢাকা ছিল মাত্র। নিচে পাবলিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ের প্রধান দশটি কারণ তুলে ধরছি।

অকৃতকার্যের হার বেশি হওয়ার কারণ

১. আইসিটি, ইংরেজি ও গণিতে দুর্বল ভিত- তিনটি বাধ্যতামূলক বিষয়েই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রাথমিক স্তর থেকে বয়ে আনা এই দুর্বলতা উচ্চমাধ্যমিকে এসে প্রকট হয়, আর একটি বিষয়ের ব্যর্থতাই পুরো ফলাফলকে ডুবিয়ে দেয়।

২. পুঞ্জীভূত শিখন ঘাটতি- করোনাকালের দীর্ঘ বন্ধের ক্ষতি পূরণের আগেই ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতায় আবার পাঠদান ব্যাহত হয়। এবারের পরীক্ষার্থীরা এই দুই ধাক্কাই বহন করছে।

৩. শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি- অনেক কলেজে আজ যে দশজন আসে, কাল আসে অন্য দশজন, পরশু আরেক দল। ধারাবাহিক পাঠ গ্রহণ না করায় শিখন খণ্ডিত থেকে যায়। উপস্থিতির কোনো বাধ্যবাধকতা না থাকায় শ্রেণিকক্ষ ক্রমেই গুরুত্ব হারাচ্ছে।

৪. শিক্ষকদের একাংশের দায়িত্বে অবহেলা- কিছু শিক্ষক নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসেন না। জ্যেষ্ঠ অধ্যাপকদের একাংশ শ্রেণি পাঠদান, উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন থেকে নিজেদের সরিয়ে রাখেন (তাদের দাবি তারা সিনিয়র মর্যাদার কারণে তারা রেস্টে থাকেন); অথচ তাদের অভিজ্ঞতাই হওয়ার কথা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ।

৫. তদারকি ও জবাবদিহির অভাব- প্রতিষ্ঠানে কার্যকর মনিটরিং নেই; অধ্যক্ষরাও তদারকি ও জবাবদিহির বাইরে। অবহেলা, অনিয়ম বা দুর্নীতির জন্য শাস্তির নজির প্রায় নেই। দায়িত্ব পালন আর না-পালনের পরিণতি যখন একই, তখন নিষ্ঠাবান শিক্ষকও উৎসাহ হারান।

৬. তদবির বিবেচনায় প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ- মেধা, দক্ষতা ও স্বচ্ছতার বদলে তদবির ও ব্যক্তিগত বা পারিবারিক বা ভিন্ন পরিচয়ে নিয়োগ পাওয়া অধ্যক্ষরা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। প্রতিষ্ঠানপ্রধান দুর্বল হলে শৃঙ্খলা, তদারকি ও একাডেমিক পরিকল্পনা সবকিছুই ভেঙে পড়ে।

৭. বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষকের সংকট- ইংরেজি, আইসিটি ও বিজ্ঞানে যোগ্য শিক্ষকের প্রকট অভাব; অসংখ্য প্রতিষ্ঠানে আইসিটির একজন শিক্ষকও নেই। যোগ্য শিক্ষক ছাড়া মানসম্মত পাঠদান আশা করা অবাস্তব।

৮. শিথিল অভ্যন্তরীণ মূল্যায়ন। অভ্যন্তরীণ পরীক্ষার ফলের কোনো পরিণতি নেই, আর নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্যরাও ফরম পূরণের সুযোগ পাচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের ফরম পূরণের প্রজ্ঞাপনের ২(ক) অনুচ্ছেদে ফরম পূরণের শর্ত ছিল- ‘বৈধ রেজিসেটশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।’ ২০২৬ সালে হঠাৎ অজ্ঞাত কারণে ফরম পূরণের প্রজ্ঞাপনে ২(ক) সংশোধন করে নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য প্রস্তুতিহীন শিক্ষার্থীরাই ফরম পূরণ করে চূড়ান্ত পরীক্ষায় বসে এবং অকৃতকার্যের তালিকা দীর্ঘ করে সরকারকে বিপাকে ফেলেছে। এই বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা দরকার।

৯. ত্রুটিপূর্ণ পাঠক্রম বিন্যাস ও কোচিংনির্ভরতা- উচ্চমাধ্যমিকের সিলেবাস অবাস্তব রকমের বড়, যা নির্ধারিত সময়ে শেষ হয় না। তার ওপর প্রথম বর্ষ থেকেই অধিকাংশ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র একসঙ্গে পড়ানো হয়। অথচ প্রতিটি বিষয়ের সিলেবাস ধাপে ধাপে সাজানো; প্রথম পত্রের ধারণা আয়ত্ত না করে দ্বিতীয় পত্র বোঝা শিক্ষার্থীর পক্ষে কঠিন। একটি পত্র শেষ না করে পরবর্তী পত্র পড়ানো তাই অবাস্তব। এই শূন্যস্থান পূরণ করে কোচিং ও নোট-গাইড, যা শ্রেণিকক্ষে আরও দুর্বল করে।

১০. দারিদ্র্য ও বৈষম্য- বহু শিক্ষার্থী সংসারের প্রয়োজনে ক্লাসের সময় কাজ করে। গ্রাম ও শহরের প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার ব্যবধানও বাড়ছে, যার মাশুল দিচ্ছে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রযুক্তি, এআই ধনী দরিদ্র শিক্ষার্থীদের ফলাফলে বৈষম্য আরো বৃদ্ধি করেছে।

অকৃতকার্যের হার হ্রাসে শিক্ষায় কয়েকটি সুপারিশ

প্রথমত, কলেজিয়েট, নন-কলেজিয়েট ও ডিস-কলেজিয়েট শ্রেণিবিন্যাসের বিধান রেখে শিক্ষার্থী শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন করে উপস্থিতি নিশ্চিত করতে হবে। ন্যূনতম উপস্থিতি না থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সীমিত করতে হবে।

দ্বিতীয়ত, প্রতিটি প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু করে শিক্ষকদের উপস্থিতি নিয়মিত তদারকি করতে হবে। হাজিরার তথ্য অনলাইনে অধিদপ্তরের সঙ্গে যুক্ত থাকলে তদারকি কার্যকর হবে। প্রয়োজনে মিনিটরিংয়ের জন্য পৃথক জনবল নিযুক্ত করতে হবে।

তৃতীয়ত, উচ্চমাধ্যমিকের সিলেবাস যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করে নির্ধারিত সময়ে বাস্তবায়নযোগ্য করতে হবে। প্রথম পত্র শেষ করার পর দ্বিতীয় পত্র পড়ানোর ক্রমিক ব্যবস্থা (যেমন প্রথম বর্ষে প্রথম পত্র, দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র) চালু করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভিত গড়ে ধাপে ধাপে অগ্রসর হতে পারে। পরিমাণের চেয়ে গভীরতাকে প্রাধান্য দিতে হবে।

চতুর্থত, অভ্যন্তরীণ পরীক্ষার ফলের সুস্পষ্ট পরিণতি থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা তা গুরুত্বের সঙ্গে নেয়। পরবর্তী শ্রেণিতে উত্তরণ এ ফলের ওপর নির্ভরশীল করা যেতে পারে।

পঞ্চমত, নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্যদের ফরম পূরণ বন্ধ করে শিক্ষা বোর্ডগুলোকে প্রচলিত বিধিবিধান কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

ষষ্ঠত, তদবির ভিত্তিক বিবেচনা বাদ দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় সৎ, চৌকস, দক্ষ ও মেধাবীদের শিক্ষকদের অধ্যক্ষ পদে নিয়োগ দিতে হবে এবং তাঁদের কাজের বার্ষিক মূল্যায়ন করতে হবে। তাদেরও নিয়মিত মনিটরিং করতে হবে।

সপ্তমত, অপরিকল্পিত জাতীয়করণ করে শিক্ষক বৃদ্ধির পরিবর্তে গবেষণাভিত্তিক নীতির আওতায় মেধাভিত্তির পরীক্ষার মাধ্যমে ইংরেজি, আইসিটি ও বিজ্ঞানে মেধাবী শিক্ষক সরাসরি শিক্ষক নিয়োগ দিতে হবে। আকর্ষণীয় বেতন-কাঠামো ছাড়া মেধাবীরা শিক্ষকতায় আসবেন না, সরকারকে এই বিষয়টি বিবেচনায় নিতে হবে।

অষ্টমত, শূন্যপদে দ্রুত নিয়োগের পাশাপাশি কর্মরত শিক্ষকদের জন্য নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের ফল শ্রেণিকক্ষে প্রতিফলিত হচ্ছে কি না, তাও যাচাই ও মনিটরিং করতে হবে।

নবমত, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি ও আর্থিক সহায়তা বাড়াতে হবে, যাতে জীবিকার তাগিদে তাদের শ্রেণিকক্ষ ছাড়তে না হয়। মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপও জরুরি।

দশমত, অবকাঠামো ও শিক্ষা উপকরণের ঘাটতি দূর করতে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। শিক্ষায় ব্যয় খরচ নয়, জাতির সবচেয়ে লাভজনক বিনিয়োগ। বিষয়টি বার্ষিক বাজেটে প্রতিফল প্রয়োজন।

একাদশত, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইংরেজি ও গণিতে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে নিরাময়মূলক ক্লাস চালু করতে হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানে এ দুই বিষয়ে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে হবে।

দ্বাদশত, শতভাগ অকৃতকার্য ও ২০ শতাংশের কম পাশের প্রতিষ্ঠানগুলোর কারণ স্বাধীনভাবে অনুসন্ধান করে সমস্যার ধরন অনুযায়ী শ্রেণিভুক্ত করতে হবে এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সহায়তা দিতে হবে। বারবার ব্যর্থ প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা একীভূতকরণের মতো সিদ্ধান্ত নিতে হবে।

ত্রয়োদশত, শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ক্লাস, উত্তরপত্র মূল্যায়ন ও প্রশ্নপত্র প্রণয়নে অংশগ্রহণকে কর্মমূল্যায়নের অংশ করতে হবে এবং অবহেলা ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি ও প্রণোদনাও দিতে হবে।

চতুর্দশত, নিয়মিত অভিভাবক-শিক্ষক সভা এবং অনুপস্থিতি ও পরীক্ষার ফল মোবাইল বার্তায় জানানোর মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করতে হবে। সন্তানের অনুপস্থিতির খবর ঘরে পৌঁছালে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। শিক্ষার্থী শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন করে বাস্তবায়ন না করলে শিক্ষায় শৃঙ্খলা ফিরবে না।

পঞ্চদশত, অকৃতকার্যরা যেন ঝরে না পড়ে, সেজন্য শিখনফল নিশ্চিত করে দ্রুত পুনঃপরীক্ষা এবং স্বল্পমেয়াদি কারিগরি ও দক্ষতা প্রশিক্ষণের বিকল্প পথ খোলা রাখতে হবে, যাতে তারা দক্ষ জনশক্তি হিসেবে কর্মজীবনে প্রবেশ করতে পারে।

বাড়তি নম্বরে পাশের হার বাড়ানো কোনো সমাধান নয়; তাতে দুর্বল ভিতের ওপর আরও দুর্বল কাঠামো দাঁড়ায়। প্রয়োজন শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও রাষ্ট্রের সমন্বিত দায়বদ্ধতা। শিক্ষাকে দলীয় বিবেচনার ঊর্ধ্বে রেখে গবেষণাভিত্তিক নীতি, পর্যাপ্ত বাজেট ও কঠোর তদারকি নিশ্চিত করা গেলে এ বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব।

এক বছরে দুই পাবলিক পরীক্ষায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর ব্যর্থতা কেবল তাদের নয়, আমাদের সম্মিলিত ব্যর্থতা। এ সত্য মেনে নিয়েই সংস্কারের পথে হাঁটতে হবে। আজকের সিদ্ধান্তহীনতার মূল্য দিতে হবে আগামী প্রজন্মকে।

লেখক: মো. আব্দুর রাজ্জাক, ৩৪তম বিসিএস (সাধারণ শিক্ষা), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, সংযুক্ত: ঢাকা উদ্যান সরকারি কলেজ; মোহাম্মদপুর, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%