০৭:১১ পি.এম
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা হিসেবে ছেলের সঙ্গে এফিডেভিটের মাধ্যমে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন এক বাবা। এই নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনার আমতলী উপজেলা নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন ইদ্রিস মৃধা। রোববার (২৯ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।
ছেলের নাম রাহাত মৃধা এবং বাবার নাম মো. ইদ্রিস মৃধা। রাহাত বরগুনার আমতলী উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মো. ইদ্রিস মৃধা আমতলী উপজেলার পশ্চিম কালিবাড়ি ওয়াপদা সড়কের মো. মোতাহার মৃধার ছেলে। রাহাত মৃধা তার মেজো ছেলে।
আরও পড়ুন: অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার
এফিডেভিটে মো. ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ‘আমি আমার মেজো ছেলেকে রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত হওয়ার জন্য নিষেধ করিলেও আমার কথা না মানিয়া তাহার মনমতন চলিয়া আসিতেছে। যাহা সামাজিকভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের নজরে আসে। আমি আমার মেজো পুত্র সন্তানকে বিভিন্ন সময় ভালোভাবে চলার পরামর্শ দিলে তাহাতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। বর্তমানে এরূপ রূপ ধারণ করিয়াছে যে, সমাজের কোনো আচরণ, নিয়মনীতি মানে না এবং কারো কোনো কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতন চলে।
তাহলে আমি আমার বাকি জীবনের ভবিষ্যৎ চিন্তা করিয়া এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমার মেজো ছেলে রাহাত মৃধার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই, যাহা আমি অত্র অঙ্গীকারনামায় ঘোষণা করি। তাহাতে অদ্য ২৫/১১/২০২৬ ইং তারিখ রোজ বুধবার রাত্র আনুমানিক ৯টার সময় আমি আমার মেজো ছেলে রাহাত মৃধার সঙ্গে আমার পারিবারিক, সামাজিক সকল প্রকার সম্পর্ক ছিন্ন করিলাম। আমি বা দ্বিতীয় পক্ষ আমরা কেহ যদি আমাদের পিতা ও ছেলে সম্পর্ক দাবি করি বা করে, তাহা অত্র এফিডেভিটের ক্ষমতা বলে অগ্রাহ্য হইবে।’
এ বিষয়ে মো. ইদ্রিস মৃধা সময় সংবাদকে বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’
অন্যদিকে রাহাত মৃধা জানান, ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে সারা জীবন কাটাতে চান। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই তার।
আরও পড়ুন: দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন