ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আলমনগর মধ্য পাড়া জামে মসজিদে নামাজ শেষে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, "ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।" তিনি জানান, ওমর ফারুক নবীনগর থানার রাজনৈতিক নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে চালান করা হবে।

আরও পড়ুন: ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে টাকা দাবি, স্কুলছাত্র খুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক: বিশ্বব্যাংক

বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে যাওয়ার পেছনে রয়েছে কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপ। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে এ বিষয়ে সতর্কবার্তা প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’। বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়।

সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। বিশ্বব্যাংক জানাচ্ছে, এই লক্ষ্য অর্জনের জন্য রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে, ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগণের জন্য সহায়তা প্রদান করতে হবে।

প্রতিবেদনে অর্থনীতির কিছু বড় দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। প্রথম দুর্বলতা হলো কর্মসংস্থানে স্থবিরতা। তরুণ ও বাড়তি শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। কর্মক্ষম নারীদের মধ্যে প্রতি পাঁচজনের তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ কাজ করছেন অনানুষ্ঠানিক খাতে।

দ্বিতীয় দুর্বলতা হলো রাজস্ব আয়। ২০২৪-২৫ অর্থবছরে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬.৮ শতাংশ, যা সমান পর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।

তৃতীয় দুর্বলতা হচ্ছে উন্নয়ন ও শিক্ষায় কম ব্যয়। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪.৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ২.৮ শতাংশে নেমে এসেছে। শিক্ষায় ব্যয়ও কমে গিয়ে জিডিপির মাত্র ১.৫ শতাংশে দাঁড়িয়েছে।

চতুর্থ দুর্বলতা হলো ঋণের সুদের চাপ। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে খরচ ছিল জিডিপির ১.৫ শতাংশ, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ২.৬ শতাংশ হবে। সরকার দেশের ব্যাংক থেকে অধিক ঋণ নিচ্ছে, যা বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমিয়ে দিতে পারে।

পঞ্চম দুর্বলতা হলো জ্বালানি ভর্তুকি। বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকির পরিমাণ ২০১৭-১৮ অর্থবছরে ছিল জিডিপির ০.৩ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ১.৫ শতাংশে পৌঁছাবে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে এই চাপ আরও বাড়তে পারে।

রাজস্ব বাড়ানোর জন্য বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপের সুপারিশ করেছে। প্রথমত, কর প্রশাসনকে আধুনিকীকরণ করতে হবে। করনীতি তৈরির কাজ থেকে কর প্রশাসনকে পৃথক করা প্রয়োজন। ডিজিটাল ব্যবস্থাগুলোকে একত্রিত করতে হবে এবং একটি একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করতে হবে।

দ্বিতীয়ত, কর ছাড় কমাতে হবে। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬.৯ শতাংশ, যা মোট আদায় হওয়া কর রাজস্বের সমান। তাই ভ্যাট ও বাণিজ্য শুল্কে সংস্কার আনতে হবে এবং অপ্রয়োজনীয় কর ছাড়ও কমাতে হবে।

তৃতীয়ত, জ্বালানির দাম নির্ধারণের পদ্ধতি পরিবর্তন করতে হবে। এ জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন। দাম নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।

চতুর্থত, ভর্তুকি আরও সুনির্দিষ্ট করতে হবে। ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে ২২.৫ শতাংশে পৌঁছাবে। তাই ঢালাও ভর্তুকির পরিবর্তে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম ব্যবহার করে দরিদ্র পরিবারকে সরাসরি সহায়তা প্রদান করা উচিত।

পঞ্চমত, বাড়তি অর্থকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। সংস্কারের মাধ্যমে যে বাড়তি টাকা আসবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এসব সংস্কার সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে টাকা দাবি, স্কুলছাত্র খুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে টাকা দাবি, স্কুলছাত্র খুন

বগুড়ায় ৫০০ টাকা দাবি করে ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর ঘটনায় মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল গালিব। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামের এক যুবক গালিবের ধূমপানের ভিডিও মুঠোফোনে ধারণ করে। পরে, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০০ টাকা দাবি করে মিশু।

এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে গালিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


মালয়েশিয়া ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে

মালয়েশিয়ার সরকার ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পুনর্বাসন প্রক্রিয়া দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পরিচালিত হবে। উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি শুক্রবার (২০ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি জানান, তুরস্ক সরকার ১০ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে সম্মতি প্রদান করেছে। মালয়েশিয়া এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের শরণার্থী সংকটের একটি স্থায়ী সমাধানের দিকে এগোতে চায়।

পুনর্বাসন কার্যক্রমে তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্পৃক্ত হবে। এই প্রক্রিয়ায় শরণার্থীদের নির্বাচন, প্রশিক্ষণ, প্রয়োজনীয় নথিপত্র এবং পুনর্বাসনের বিষয়গুলো সমন্বিতভাবে পরিচালিত হবে। তবে যাদের পুনর্বাসন করা হবে, তাদের সম্মতিও নেওয়া হবে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরী আবহাওয়ায় পর্যটনকেন্দ্রে আটকে পড়লে জরুরি পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


বৈরী আবহাওয়ায় পর্যটনকেন্দ্রে আটকে পড়লে জরুরি পরামর্শ

ছুটি কাটাতে কিংবা অবসর যাপনে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে, যেমন সমুদ্রসৈকত, পাহাড়, দ্বীপে, অনেকেই ঘুরতে যান। তবে কখনো কখনো বৈরী আবহাওয়ার কারণে ভ্রমণের আনন্দ উদ্বেগে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়, ভারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া কিংবা জলোচ্ছ্বাসের কারণে পর্যটনকেন্দ্রে আটকা পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে দ্বীপ বা সমুদ্র উপকূলীয় এলাকায় এই পরিস্থিতি তৈরি হলে নিরাপদে ফিরে আসা কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। তাড়াহুড়া করে গন্তব্য ছাড়ার চেষ্টা না করে নিজের এবং ভ্রমণসঙ্গীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। বৈরী আবহাওয়ায় পর্যটনকেন্দ্রে আটকা পড়লে যেসব বিষয়ে সতর্ক থাকবেন, সেগুলো জানুন।

১. প্রশাসনের নির্দেশনা মেনে চলুন

বৈরী আবহাওয়ার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করা উচিত। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলে তা মেনে চলা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরীক্ষিত তথ্যের ওপর নির্ভর না করে সরকারি সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করুন।

২. নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন

সমুদ্রসৈকত, নদীর পাড়, পাহাড়ের ঢাল কিংবা ঝুঁকিপূর্ণ স্থাপনার কাছাকাছি অবস্থান করা উচিত নয়। হোটেল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী নিরাপদ ভবন কিংবা আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন। ঝড়ের সময় জানালা, কাচের দরজা ও বারান্দা থেকে দূরে থাকুন।

৩. সমুদ্র বা পানিতে নামবেন না

ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রে গোসল, সাঁতার কিংবা ছবি তোলার জন্য সৈকতে যাওয়া বিপজ্জনক। আবহাওয়া কিছুটা স্বাভাবিক মনে হলেও সমুদ্রে নামা উচিত নয়। জলোচ্ছ্বাস, বড় ঢেউ কিংবা স্রোতের কারণে মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে।

ঝুঁকি নিয়ে ফেরার চেষ্টা করবেন না।

বৈরী আবহাওয়ায় অনুমতি ছাড়া ট্রলার, স্পিডবোট বা অন্য কোনো নৌযানে যাত্রা করা উচিত নয়। বিশেষ করে দ্বীপ বা বিচ্ছিন্ন পর্যটনকেন্দ্রে আটকা পড়লে ফেরার জন্য ঝুঁকিপূর্ণ নৌযাত্রার চেষ্টা না করে কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষা করুন। পরিবহন চলাচল বন্ধ থাকলে বিকল্প নিরাপদ ব্যবস্থা না পাওয়া পর্যন্ত আশ্রয়ে থাকুন।

খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ রাখুন।

আবহাওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি সময় অবস্থান করতে হতে পারে। তাই পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ কাছে রাখা উচিত। শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ ভ্রমণসঙ্গীদের জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থা করুন।

মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক চার্জ রাখুন।

জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোন সচল রাখা জরুরি। ফোন ও পাওয়ার ব্যাংক আগেই চার্জ দিয়ে রাখা উচিত। অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার কমিয়ে ব্যাটারি সাশ্রয় করুন। পরিবারের সদস্যদের নিজের অবস্থান ও পরিস্থিতি জানিয়ে রাখুন। সম্ভব হলে জরুরি যোগাযোগের নম্বর ফোনে সংরক্ষণ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা নিরাপদে রাখুন।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিকিট, হোটেল বুকিংয়ের তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র জলরোধী ব্যাগে রাখতে হবে। কিছু নগদ টাকা সঙ্গে রাখা ভালো। গুরুত্বপূর্ণ নথির ছবি বা ডিজিটাল কপি ফোনে সংরক্ষণ করা যেতে পারে।

গুজব ও আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকুন।

বৈরী আবহাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। সব তথ্য সত্য নাও হতে পারে। তাই কোনো খবর যাচাই না করে অন্যদের কাছে পাঠানো উচিত নয়। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কসংকেত সম্পর্কে নির্ভরযোগ্য সরকারি সূত্রের তথ্য অনুসরণ করুন।

৯. জরুরি প্রয়োজনে সহায়তা নিন

যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, আহত হন কিংবা নিরাপত্তাঝুঁকিতে পড়েন, দ্রুত স্থানীয় প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ বা জরুরি সেবার সহায়তা চাইতে হবে। বাংলাদেশে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। দুর্যোগসংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ১০৯০ নম্বরেও যোগাযোগ করা যায়। ফোনে নিজের অবস্থান, সঙ্গে থাকা মানুষের সংখ্যা এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, তা স্পষ্ট করে জানাতে হবে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করুন।

আকাশ পরিষ্কার দেখালেই পরিস্থিতি পুরোপুরি নিরাপদ হয়ে গেছে, এমনটা ভাবা উচিত নয়। ঝড়ের পরও সমুদ্র উত্তাল থাকতে পারে, সড়কে গাছ বা বৈদ্যুতিক তার পড়ে থাকতে পারে। তাই কর্তৃপক্ষের অনুমতি এবং পরিবহন চলাচল স্বাভাবিক হওয়ার পরই ফেরার পরিকল্পনা করা উচিত।

ভ্রমণের আগে কিছু প্রস্তুতি জরুরি

ভ্রমণে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া ভালো। বিশেষ করে বর্ষাকাল বা ঘূর্ণিঝড়ের মৌসুমে সমুদ্র উপকূলীয় ও দ্বীপাঞ্চলে যাওয়ার পরিকল্পনা থাকলে বাড়তি সতর্কতা প্রয়োজন। জরুরি যোগাযোগের নম্বর, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা উচিত। আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাস থাকলে ভ্রমণ স্থগিত করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে।

উল্লেখ্য, ভ্রমণের আনন্দের চেয়ে জীবন ও নিরাপত্তার মূল্য অনেক বেশি। তাই বৈরী আবহাওয়ায় পর্যটনকেন্দ্রে আটকা পড়লে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে, নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%