০৫:২১ পি.এম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ প্রশাসন ও দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘সরকারের অনুদান প্রদানে কোনো দলীয় পরিচয়কে যেন মুখ্য হিসেবে বিবেচনা করা না হয়। যে দলেরই হোক, যারা অনুদান পাওয়ার যোগ্য, তাদেরকেই অনুদান দেবেন।’
শনিবার দুপুরে পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল, মেধাবী শিক্ষার্থী, অসচ্ছল ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও ব্লাড প্রেসার (বিপি) মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সরকারের ব্যয় কমিয়ে আনছেন। দেশের উন্নয়নের জন্য তিনি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনছেন। এ জন্য তিনি নিজে তার অফিসে মাত্র দেড়শ টাকার খাবার গ্রহণ করেন। এর আগের অবৈধ প্রধানমন্ত্রী সাড়ে নয়শ টাকার খাবার খেতেন।’
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী
ফরহাদ হোসেন বলেন, প্রতিবছর বাজেটের পরেই জিনিষপত্রের দাম বেড়ে যেত। তবে এবছর তা হয়নি। সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চেয়ার থেকে উঠে এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন। এটি বিএনপি এবং এটি তারেক রহমানের সরকার বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ৩০ বছর বয়সেই অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। অচিরেই সরকার প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা
পরে প্রতিমন্ত্রী অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন, ছাত্রীদের হাতে বাইসাইকেল, কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের বিপি মেশিন এবং নারীদের হাতে শাড়ি তুলে দেন।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন