০১:৩৬ এম
নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদরাসাছাত্রী তাইবা ইলহাম নুহা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে, ঘটনার আট দিন অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।
নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের কন্যা। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
গত ৯ নভেম্বর, উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই দিন নুহা বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদরাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে এবং মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।
নিহত শিশুটির স্বজনরা জানিয়েছেন, ঘটনার আট দিন অতিবাহিত হওয়ার পরও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা প্রথম দিন থেকেই ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে অতি দ্রুত অপরাধীরা ধরা পড়বে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন