০৬:১০ পি.এম
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হয়ে যাওয়া শিশু রাইসা মনির (৮) মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নদের তীর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
রাইসা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) বিকেলে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাইসা। কিছুক্ষণ পরে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা নদে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন সোমবার (৮ জুন) সকালে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ৬ ঘণ্টা তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে নিখোঁজের প্রায় ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদের তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেটি রাইসা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই শিশুটি নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন।’
আরও পড়ুন: ঝালকাঠি'র নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রলি, নিহত ১, আহত ২
এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন