০৭:১৪ পি.এম
টিসিবির পণ্য হাতে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্যদের ওজন মাপতে দেখে নিজের প্যাকেটও ওজন করেন মো. মাসুদ। আর তাতেই বেরিয়ে আসে আসল চিত্র—সরকারি নির্ধারিত পরিমাণের চেয়ে কম রয়েছে ডাল ও চিনি। এই ঘটনা জানাজানি হতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জে টিসিবির পণ্য বিতরণ ঘিরে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শনিবার (২২ নভেম্বর) উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে এই ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী একটি প্যাকেজে ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার তেল ও ২টি সাবান পাওয়ার কথা। কিন্তু ক্রেতাদের অভিযোগ, প্রতিটি প্যাকেটে ডালে ২০০ গ্রাম এবং চিনিতে ১০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছিল। বাজারের বাইরে গিয়ে পণ্য মেপে কম পাওয়ায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের মাঠপর্যায়ের কার্যক্রম সম্পন্ন
ক্ষুব্ধ কার্ডধারী হানিফ বলেন, ‘আগে কখনো এমন হয়নি। আমার ডাল ও চিনিতেও কম পেয়েছি। বিষয়টি জানতে চাইলে জানানো হয়, এভাবেই মেপে বিক্রি করতে বলা হয়েছে।’ এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শুধু ওজনে কম দেওয়াই নয়, বিতরণ ব্যবস্থায় আরও বেশ কিছু অসংগতির কথা তুলে ধরেছেন উপকারভোগীরা। তাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের অনুপস্থিতিতেই বিক্রি কার্যক্রম চালানো হয়; ছিল না নির্দিষ্ট সময় মেনে চলা কিংবা আগে থেকে পর্যাপ্ত প্রচারণা।
এদিকে, বসুরহাট পৌরসভার কার্ডধারীরা পড়েছেন ভিন্ন এক ভোগান্তিতে। দীর্ঘ দুই মাস পণ্য না পাওয়ার পর সম্প্রতি বিক্রি পুনরায় শুরু হলেও পৌরসভার ৭২৭ জন উপকারভোগীকে পণ্য আনতে হচ্ছে সিরাজপুর ইউনিয়নে। এতে নিম্ন আয়ের মানুষদের বাড়তি যাতায়াত ভাড়া গুনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওজনে কম দেওয়ার অভিযোগ প্রসঙ্গে চরপার্বতী ইউনিয়নের আবদুল্লাহ ট্রেডার্সের সাবডিলার কামরুল ইসলাম বলেন, ‘আমরা মাপার সময় কোনোটাতে কম, কোনোটাতে বেশি হয়ে গেছে।’
আরও পড়ুন: শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
অন্যদিকে, উপজেলার মুছাপুর ইউনিয়নে টিসিবির ডিলার জসীম উদ্দিনের বিরুদ্ধে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া এবং অনেক কার্ডধারীকে তেল নেই বলে না দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেই তেল অনিয়মের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, নির্ধারিত প্যাকেজে ২ কেজি ডাল ১২০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ১ কেজি চিনি ৭০ টাকা, ১টি লাক্স সাবান ৪৮ টাকা ও ১টি কাপড়ের বল সাবান ২০ টাকাসহ মোট ৪৫৮ টাকা (প্রায় ৪৬০ টাকা) হওয়ার কথা। অথচ নেওয়া হচ্ছে ৫৫০ টাকা। অভিযোগ রয়েছে, টিসিবির এই তেল খুচরা বাজারে বিক্রি করলে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন