০৫:০৩ পি.এম
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা হচ্ছে সরকারের লক্ষ্য।
তিনি মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সভাপতিত্ব করছিলেন।
প্রশ্নে আবুল কালাম জানতে চান, আমদানি নিয়ন্ত্রণের নানা উদ্যোগ নেওয়ার পরও ডলারের পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং বৈদেশিক লেনদেনের আর্থিক হিসাবে ঘাটতি বাড়ছে কিনা। তিনি আরও জানতে চান, ঘাটতি কমাতে আমদানি নিয়ন্ত্রণ ছাড়া সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন: জনবল-প্রযুক্তির সংকটে স্থবির যশোরের তুলা গবেষণা খামার
অর্থমন্ত্রী এ প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি সম্পূর্ণরূপে সঠিক নয়। বৈদেশিক মুদ্রাবাজারে চাপ থাকলেও সরকারের সাম্প্রতিক নীতিগত পদক্ষেপের ফলে পরিস্থিতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে। তিনি উল্লেখ করেন, আমদানি ব্যবস্থাপনা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রফতানি আয় বাড়ানোর চেষ্টা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা খুব সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আমদানি নিয়ন্ত্রণই সরকারের একমাত্র কৌশল নয়। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বৃদ্ধি, রফতানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, স্বল্পসুদী ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন আহরণ, মুনাফা ও মূলধন প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করা এবং বিনিময় হারকে আরও বাজারভিত্তিক ও পূর্বানুমানযোগ্য করণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি উৎপাদন, কৃষি, জ্বালানি, শিল্প ও রপ্তানিখাতের প্রয়োজনীয় আমদানি যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। তিনি সংক্ষেপে বলেন, বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে, রিজার্ভ শক্তিশালী করতে, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য টেকসইভাবে উন্নত করাই সরকারের লক্ষ্য।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় আছে এবং বর্তমানে এক মার্কিন ডলারের বিনিময় হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: আ.লীগ আর কত রক্ত ঝরাবে, ধ্বংসযজ্ঞ চালাবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন