রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৩১ পি.এম
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের এলাকায় তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। এই হামলায় দুজন নিহত হয়েছেন এবং মস্কোর একটি প্রধান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ ইউক্রেনকে এই হামলার জন্য দায়ী করেছে।
মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, দুটি ভিন্ন স্থানে এক ৪৪ বছর বয়সী নারী ও এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি ড্রোন ২১ তলা ভবনে আঘাত হানার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৬০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৪৫০টি সরাসরি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। হামলার ফলে মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে শক্তিশালী করার এই নির্বাচনে ব্যাঘাত ঘটাতেই হামলাটি চালানো হয়েছিল, তবে শত্রু তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরুর পর এটি রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন। পুতিন ও ক্রেমলিনের সামরিক অভিযানকে সমর্থনকারী দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে। এই ভোটকে যুদ্ধের প্রতি রুশ জনগণের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার যুদ্ধ তহবিলের অন্যতম প্রধান উৎস—জ্বালানি অবকাঠামোর ওপর দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধি করেছে। এসব হামলায় রাশিয়ার তেল শোধনাগার ক্ষমতার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশজুড়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি সৃষ্টি করেছে। ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আজ রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত হবে।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দলের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ফলস্বরূপ জনগণের মধ্যে রাষ্ট্র সংস্কারের জন্য যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং পরবর্তীতে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জনগণের সরাসরি সম্মতি নেওয়া হয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করার কথা ছিল, যা গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নের জন্য নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার সম্পন্ন করবে। কিন্তু তার পরিবর্তে সংসদীয় ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার সম্পন্ন করার জন্য যথেষ্ট নয়।
এবি পার্টির এই নেতা আরও বলেন, জনগণের গণরায় ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাষ্ট্রের মৌলিক সংস্কারের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা একটি সীমিত ক্ষমতাসম্পন্ন সংসদীয় কমিটির মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। ফলে এ ধরনের কমিটির সামনে মতামত প্রদান করা জুলাই জাতীয় সনদ ও গণভোটের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকর করার জন্য অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।
এই নীতিগত অবস্থান থেকে এবি পার্টি আজ রোববার অনুষ্ঠিতব্য সংবিধান সংশোধন কমিটির সভায় কোনো প্রতিনিধি পাঠাবে না বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি।
এবি পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ, জনগণের প্রত্যাশা এবং গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া পরিচালনা করা সংশ্লিষ্ট সকলের সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এই সিরিজের মাধ্যমে বিদায় জানানো হবে লিওনেল মেসিকে। দেশ সফরের আগে এশিয়ার একটি গণমাধ্যমে স্কালোনি মিগুকে সাক্ষাৎকার দেন।
বুয়েনস আইরেসে পৌঁছানোর আগে এক সাক্ষাৎকারে স্কালোনি সরাসরি বলেননি যে তিনি দায়িত্বে থাকবেন কিনা। বরং তিনি মনে করেন, এই সিদ্ধান্তটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা চেষ্টা করবো, আমরা থাকি বা না থাকি’।
২০২৬ সালের শেষ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন স্কালোনি, এটি নিশ্চিত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায়। কোচ হিসেবে তাকে না দেখা যেতে পারে তখনই, যখন তিনি নিজে এএফএকে না বলবেন। যখন তিনি অনিশ্চয়তার কথা বলছেন, তখন তা নতুন গুঞ্জন সৃষ্টি করছে।
সেপ্টেম্বরের এই উইন্ডোর জন্য স্কালোনি নতুন অনেক মুখকে ক্যাম্পে ডেকেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, আমরা সেটার জন্য সুযোগ তৈরি করবো। সত্যিই তারা এটার যোগ্য। আগামী ম্যাচগুলোতে আমাদের মূল লক্ষ্য হবে এমন তরুণদের সুযোগ দেওয়া, যারা আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এখন একটি গুরুত্বপূর্ণ, সুন্দর অধ্যায় শুরু হচ্ছে। দরজায় কড়া নাড়া এই ছেলেদের ওপর আস্থা রাখার সময় এখন। আমি সবসময় বলি বয়স কোনো মাপকাঠি নয়। কেউ থাকবে বা নতুন কেউ আসবে, সেটা নির্ভর করবে তাদের ক্লাবের পারফরম্যান্সের ওপর এবং আমরা তাদের প্রয়োজন মনে করি কিনা তার ওপর। তবে আমাদের প্রথম লক্ষ্য হলো, যারা আমাদের জার্সি গায়ে খেলা চালিয়ে যেতে পারে, তাদের সবাইকে সুযোগ দেওয়া।’
নতুন প্রজন্ম নিয়ে কথা বলতে গিয়ে কোপা আমেরিকা ২০২৪ এর পরের সময়ের সঙ্গে তুলনা করেন স্কালোনি। তিনি বলেন, ‘কোপা আমেরিকা ২০২৪ এর পরও আমার মনে হয়েছিল সামনের সময়টা কঠিন হবে। কারণ সব শিরোপা জেতার পর, বিশ্বকাপের দুই বছর বাকি থাকতেই একধরনের সংশয় তৈরি হয়েছিল। কিন্তু আবার সেই জায়গায় ফিরে গিয়ে, প্রতিযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব কিনা তা অনুভব করে দেখেছি সত্যিই সেটা সম্ভব ছিল।’
বিশ্বকাপ পরবর্তী সময় নিয়ে তিনি আরও বলেন, ‘ফাইনাল শেষ হওয়ার পর, জিতি বা হারি সেটা বিষয় নয়। এখন থেকে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, আমরা সেই সুযোগ তৈরি করবো। শিরোপা পুনরাবৃত্তি করার কথা বলছি না। দলের প্রতি মানুষের যে আবেগ তৈরি হয়েছে, সেটা ধরে রাখাই কঠিন কাজ। এমনটা আবার করা সহজ হবে না। মানুষ এই জাতীয় দলের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলেছে। ভয় লাগে, তবে ভালো অর্থেই ভয় লাগে। আমার মনে হয় এটা আবার চেষ্টা করা কঠিন হবে। সহজ হবে বলছি না। একজন কোচ হিসেবে, দলের প্রধান হিসেবে জানতেই হবে যে এটা কঠিন হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করবো, আমরা থাকি বা না থাকি। এটাই গুরুত্বপূর্ণ বিষয় নয়।’
স্পেনের বিপক্ষে হারের দুই মাস পর যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দলের অবস্থার সঙ্গে কাতার বিশ্বকাপের তুলনা করেন স্কালোনি। তিনি বলেন, ‘আগের বিশ্বকাপে আমরা অনেক ভালো অবস্থায় গিয়েছিলাম, ৯৫ শতাংশ খেলোয়াড় স্বাভাবিক ছিল। এবার আমরা অনেক সীমাবদ্ধতা নিয়ে সেখানে গিয়েছিলাম। আমার ভিন্ন একটা দিকে অভিজ্ঞতা হয়েছে, আমাদের খেলোয়াড়েরা শতভাগ ফিট ছিল না, কিন্তু আমরা তাদের ওপর আস্থা রেখেছিলাম। আগের চেয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।’
তিনি আরও বলেন, ‘আমরা যেসব খেলোয়াড়কে চেয়েছিলাম, তাদের নিয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমাদের যা বলা হয়েছিল তা সত্যি ছিল, তাদের ওপর আস্থা রাখতে হয়েছে। এই আট বছরে যারা সবকিছু দিয়েছে তাদের ওপর আস্থা রাখা জরুরি ছিল। একজন ফুটবলারের চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে, তাদের সকলের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনাটা একটি মর্মান্তিক ঘটনা। সারাদেশবাসী খুব মর্মাহত। এটি একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর হত্যাকাণ্ড। তার বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সকল আসামি গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, তিনজনের পর আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
গ্রেফতারকৃতদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘যে সমস্ত কিশোররা জড়িত, তাদের বয়সের মধ্যে দুইজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি, একজনের কম হতে পারে। তারা কিশোর অপরাধ চক্রের সদস্য। তাদের সঙ্গে ইশায়াতের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। তারা প্রায় সময় আড্ডা দিত। তথ্য অনুযায়ী, তারা ইশায়াতের বয়সের ৫ থেকে ১০ বছর বড়।’
অপ্রতিমের মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘যে মোবাইল নিয়ে ঘটনা ঘটেছে, সেটি প্রধান সন্দেহভাজন আসামির কাছে উদ্ধার করা হয়েছে। তার নাম তুহিন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছে।’
পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘পুলিশ ১২ ঘণ্টার মধ্যে সকল আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আলামতসহ অন্যান্য বিষয়গুলো জব্দ করতে সক্ষম হয়েছে। তারা ফরেনসিক অ্যানালাইসিস করছে এবং নিহতের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে, তার দাফন আজকে হয়েছে।’
দ্রুত বিচার শেষ করার আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি, রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারও আমরা সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন করতে পারব। বিচার করবে আদালত। আমরা আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করব।’
তিনি আরো বলেন, ‘আশা করি বিচার বিভাগ রামিসা হত্যাকাণ্ডের জন্য যেভাবে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করেছে, সেরকম পদক্ষেপ নিবেন।’
বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের সঙ্গে নিয়ে যাওয়া আইফোনটিও উদ্ধার করা হয়েছে।
অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ