১০:৪৬ এম
কক্সবাজার বিমানবন্দর থেকে চলতি মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে সরাসরি আসার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, দেশের পর্যটনশিল্প এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। তবে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়ে সরকারের এই উদ্যোগের বিষয়ে অবহিত করেছেন।
প্রথম পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং রুটে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া, দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে আরও কয়েকটি এয়ারলাইনস।
আরও পড়ুন: বিআরটিসি ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে, পাবেন যারা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় পর্যটন নগরী কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সভায় জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও সভায় জানানো হয়।
আন্তর্জাতিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি রানওয়ে মেরামতের কাজও সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অফিসের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সভায় জানায়, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি প্রস্তুত করা হয়েছে।
সভায় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় তৈরি বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। যাত্রীসেবা এবং আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিয়েও উপস্থাপনা দেওয়া হয়।
এ বিষয়ে বেবিচকের সদস্য (এটিএম) মো. নূর-ই আলম আমার দেশকে বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। তিনি সময় দিলেই এর কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: মহেশখালীতে নির্মিত এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পতেঙ্গায় তেল পরিবহন শুরু হবে
প্রথম ধাপে মাসকাট ও পেনাং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ১২ অক্টোবরের সভায় জানান, নভেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং মাসকাট-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কক্সবাজার থেকেই মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং এবং পেনাং-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। এর ফলে মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
ফ্লাই দুবাইয়ের আগ্রহ
কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে ফ্লাই দুবাই। সংস্থাটির প্রতিনিধি সভায় জানিয়েছেন, দুবাই-ব্যাংকক-কক্সবাজার এবং কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে কক্সবাজার-ফুকেট ও ফুকেট-কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা তুলে ধরা হয়। এছাড়া, এয়ার অ্যাস্ট্রা কক্সবাজার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে আরো পর্যালোচনা প্রয়োজন বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
আরও পড়ুন: বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ
পর্যটক আকর্ষণে বিশেষ প্যাকেজের প্রস্তাবও এসেছে। কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সভায় সংগঠনটির প্রতিনিধি বলেছেন, দেশি-বিদেশি পর্যটক ও এয়ারলাইনসকে আকৃষ্ট করতে হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে বিশেষ প্যাকেজ, সুবিধা ও ছাড় দেওয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে যাত্রীর সংখ্যা বাড়তে পারে। সভায় উপস্থিত অন্যান্য এয়ারলাইনসের প্রতিনিধিরাও এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।
সভায় সিদ্ধান্ত হয়, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র তৈরি করা হবে। এতে সম্ভাব্য পর্যটক চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন কৌশল পর্যালোচনা করা হবে। একই সঙ্গে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা দ্রুত মন্ত্রণালয়কে জানাতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।
আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনা
কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ বিভিন্ন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতও সহজ হবে। এতে কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: আজ জাতীয় রেল দিবস, ১৬৪ বছরে পদার্পণ করলো বাংলাদেশের রেলপথ
তবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের সম্ভাবনা কাজে লাগাতে শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধন বা ফ্লাইট চালু করাই যথেষ্ট নয়। নিয়মিত ফ্লাইট পরিচালনা, যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রুট নির্ধারণ, প্রতিযোগিতামূলক বিমানভাড়া এবং পর্যাপ্ত ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। এসব বিষয় কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দেশের পর্যটন ও আন্তর্জাতিক বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন