ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৬ জন আহত, মোটরসাইকেলে আগুন


ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৬ জন আহত, মোটরসাইকেলে আগুন

ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশমন্ত্রী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার একটু আগে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫টি হোন্ডা বহর পরিবেশমন্ত্রীর আলাইয়াপুর গ্রামের বাড়ির সামনে দিয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় মন্ত্রীর বাড়ির দিক থেকে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করা হয় বলে দাবি করা হয়। দুই দিক থেকে ঘিরে তাদের বেধড়ক পেটানো হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ফটিকের অনুসারী ১১ জন কর্মী আহত হন। তাঁদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন: ছারছীনা দরবার শরিফে তিন দিনব্যাপী ১৩৬তম ইছালে সওয়াব মাহফিল শুরু আজ

অন্যদিকে মন্ত্রীর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন দাবি করেন, তারা হোন্ডা বহর নিয়ে মন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েন। এ সময় তাদের তিনজন কর্মী আহত হন। পরে দাগনভূঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আলাইয়াপুর এলাকায় দমদমে অবস্থা বিরাজ করছে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিদুল ইসলাম রাকু, তানভীর, মো. শামীম, ইয়াকুব আলী, সুয়েল ও জহিরুল হক সুয়েল প্রমুখ।

কাজী জামশেদুর রহমান ফটিক সাংবাদিকদের তিনি বলেন, শুক্রবার বিকেলে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর হাট বাজারে তাদের একটি খেলার উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নিয়ে রওনা দেন। বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে গেলে জসিম, রাজু ও স্বপন নামের কয়েকজনের নেতৃত্বে তাঁর নেতাকর্মীদের গুলি ছুড়তে ছুড়তে ধাওয়া দেওয়া হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১২ থেকে ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ প্রায় ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

জসীমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী জেলা শ্রমিক দল: তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার দিন তিনি নিজের মাছের খামারে কর্মরত ছিলেন। পরে শুনতে পান, থানা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম ধরে বহিষ্কৃত নেতা ফটিকের লোকজন গালিগালাজ করছে। এ সময় বেশ কয়েকটি বোমা ফোটানো হয়। তখন এলাকার নারী-পুরুষ দলবেঁধে প্রতিরোধ করলে তাদের হামলায় এলাকার তিনজন কর্মী আহত হন।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে ৬ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, দোকানি গ্রেপ্তার

আকবর হোসেন আহ্বায়ক, দাগনভূঞা উপজেলা বিএনপি: তিনি সাংবাদিকদের জানান, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বোমা ফোটানো হয়। তারই পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের ধাওয়া দেয়।
উভয় পক্ষ একে অপরকে হামলার জন্য দায়ী করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, নিহত-আহত ১২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, নিহত-আহত ১২১

ইয়েমেনের সরকারি বাহিনী ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানকে আরও জোরদার করেছে। এক দিনের মধ্যে বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে এসব অভিযানে অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। এ সময় হুথিদের ৮১টি সামরিক যান এবং বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান, সমাবেশ, সামরিক শক্তিবৃদ্ধি ও প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল-নুজাইলি আরও জানান, পরিচালিত অভিযানের মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন হামলা এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব হামলায় হুথিদের সামরিক সক্ষমতা ও রসদ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে যে, এতে ৮১টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাইজ শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চল ছাড়াও আল-দাবাব ও সাবির ফ্রন্টে হুথিদের অবস্থান, সমাবেশ এবং নতুন করে আসা যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয় প্রতিরোধযোদ্ধারাও এসব লড়াইয়ে অংশগ্রহণ করেন।

এছাড়া মারিব ও আল-জউফ প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, তুর আল-বাহা, আল-মাকাতিরাহ, মুকাইরাস, আল-দালি ও শাবওয়া অঞ্চলেও সংঘর্ষ ও সামরিক অভিযান চালানো হয়েছে। বিশেষ করে মারিবের মাবিক ও আল-সাওয়ালিহ এলাকায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। কিরশ ফ্রন্টের তানসুম পাহাড় ও হাওয়ামিরা এলাকাতেও হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষের তীব্রতা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে রাজধানী সানাসহ দেশের বিস্তীর্ণ এলাকা দখল করার পর থেকে হুথিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত চলমান রয়েছে। ২০১৫ সালের মার্চে হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট অভিযান শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পরবর্তী সময়ে তা ভেঙে পড়ে। চলতি বছরের জুলাই থেকে দুই পক্ষের মধ্যে লড়াই আবারও তীব্র হয়ে উঠেছে।

এদিকে, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাতের পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

অন্যদিকে, শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় একটি ভবনে বিমান হামলায় ১১ জন নিহত হওয়ার দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের অধিকাংশই শিশু। ভবনটিতে আইসক্রিম বিক্রেতা কয়েকজন শিশু বসবাস করত বলেও দাবি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

তবে হামলার দায় নিয়ে দুই পক্ষের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে। হুথিরা এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করলেও তাইজের সরকারি কর্তৃপক্ষ দাবি করেছে, ওই এলাকায় কোনো বিমান হামলা হয়নি; বরং বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য হুথিদের দায়ী করেছে তারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, হতাহতের সংখ্যা, হামলার ধরন ও দায়ী পক্ষের বিষয়ে দুই পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আরব নিউজ, আলজাজিরা ও এপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৭২, আহত ১৭৬০০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৭২, আহত ১৭৬০০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলার ফলে গত তিন বছরে অন্তত ৭৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকে থাকার খবর পাওয়া গেছে।

আলজাজিরার প্রকাশিত একটি পরিসংখ্যানভিত্তিক চিত্রে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্যের ভিত্তিতে তৈরি করা ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ নভেম্বর পর্যন্ত গাজায় এসব প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার প্রতি ৩০ জনের মধ্যে একজন ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রতি ১৩ জনে একজন। আহতদের মধ্যে অনেকেই গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়ে জীবন বদলে দেওয়ার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। ওই যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় আরো ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার ১৬৩ জন।

চিত্রটিতে গাজার বিভিন্ন এলাকার ধ্বংসযজ্ঞের একটি মানচিত্রও উপস্থাপন করা হয়েছে। এতে উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহ এলাকার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।

কোপারনিকাস সেন্টিনেল-১ স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে তৈরি ওই মানচিত্রে ব্যাপক অবকাঠামোগত ধ্বংসের চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কুনি গ্র্যাজুয়েট সেন্টারের কোরি শের এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির ডেমন ভ্যান ডেন হুক ২০২৫ সালের ২ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে এ ক্ষয়ক্ষতির চিত্র তৈরি করেছেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউনিয়ায় সন্ত্রাস মামলার এজাহারনামীয় যুবলীগ নেতা মোশাররফ হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


কাউনিয়ায় সন্ত্রাস মামলার এজাহারনামীয় যুবলীগ নেতা মোশাররফ হোসেন গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে জামায়াত কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোশাররফ হোসেন বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের মৃত রমজানের পুত্র। পুলিশ জানিয়েছে, তিনি সন্ত্রাস ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, মোশাররফ হোসেন কাউনিয়া উপজেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি।

স্থানীয়রা আরও দাবি করেছেন যে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে মোশাররফ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তাঁরা অভিযোগ করেছেন যে, তিনি তাঁদের সংগঠিত করার জন্য অর্থের জোগানদাতা হিসেবেও কাজ করছিলেন।

এদিকে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং যুবলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মোশাররফকে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানিয়েছেন, মোশাররফ হোসেন সন্ত্রাস ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের সংগঠিত করার চেষ্টার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিপূর্ণ পরিবেশে সাভার-আশুলিয়ার কাজে ফিরেছেন শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


শান্তিপূর্ণ পরিবেশে সাভার-আশুলিয়ার কাজে ফিরেছেন শ্রমিকরা

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে পোশাক শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগদান করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকে সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল ও আশপাশের শিল্প এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা গেছে। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা কাজে যোগ দেন। কারখানাগুলোতে স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।

শ্রমিকরা জানিয়েছেন, আগের দিনের তুলনায় কর্মপরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%