০৮:৫৩ এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দফায় দফায় চলতে থাকে। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে এক ক্যাম্পাস সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনা ঘটে। এ সময় চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন মারধরের শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে ভৈরব কেন নিষেধ করেছিলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়।
আরও পড়ুন: আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী
পরে বিষয়টি নিয়ে দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার একপর্যায়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন।
শহীদ মিনার প্রাঙ্গণে চলা সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আরেক দফা মারামারি ঘটে।
ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এ রকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শেষ
এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
চুয়েট চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী চিকিৎসক না দেখিয়েই নিজেরা অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন বলে জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন