১০:৪১ এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ৬ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল। এ ঘটনায় পুলিশ একজন দোকানিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার আছদ্দর আলী রোডের ‘সেলিমা টি ট্রেডার্স’ নামের দোকানে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদ, এসআই সজীব চৌধুরী ও এসআই মো. ইমানুর হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টা করার সময় দোকানদার জুবের আহমদ (৩৬) নামের একজনকে আটক করা হয়। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বায়মপুর এলাকার শওকত আলীর ছেলে।
আরও পড়ুন: বরিশালে দেশীয় অস্ত্রসহ ৪ আটক, গুরুতর আহত একজন ঢাকায় পাঠানো
পুলিশ জানায়, পরে সাক্ষীদের উপস্থিতিতে দোকানটি তল্লাশি করে ১৯টি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৬০ পিস উইশকেয়ার লোশন, ১৪৪ পিস ওয়াইল্ড স্টোন পারফিউম, ৭২০ পিস স্কিনশাইন ক্রিম, ৩০০ পিস পন্ডস হাইড্রা মিরাকল, ১৫০ পিস হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পু, ৩০০ পিস মামাআর্থ ফেসওয়াশ এবং ৬০ পিস গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পণ্যের বৈধ আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র আটক ব্যক্তি দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে আনার তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি এবং অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ছারছীনা দরবার শরিফে তিন দিনব্যাপী ১৩৬তম ইছালে সওয়াব মাহফিল শুরু আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন