ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আঞ্চলিক যুদ্ধের প্রভাবে স্থবির আফগানিস্তানের গাড়ির যন্ত্রাংশ বাণিজ্য


আঞ্চলিক যুদ্ধের প্রভাবে স্থবির আফগানিস্তানের গাড়ির যন্ত্রাংশ বাণিজ্য

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে দূর-দূরান্ত থেকে আমদানি করা গাড়ির যন্ত্রাংশের একসময়কার জমজমাট বাণিজ্য বর্তমানে দেশটির সীমান্তবর্তী অঞ্চলের সংঘাতের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে।

গাড়ির যন্ত্রাংশের বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ার পেছনে রয়েছে সীমান্তওলোর সংঘাতের ফলে গভীর প্রভাব। গত বছরের অক্টোবর মাসে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সীমান্তে সহিংসতার জেরে সীমান্ত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর তখনই স্পিন বোলদাক বাজারে প্রথম বড় ধাক্কা আসে।

নিউজ এজেন্সি এএফপি জানায়, স্থানীয় ব্যবসায়ী আবদুল বাকি বিনা বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর আমরা অনেক কষ্টে ইরানের বন্দর আব্বাস বন্দর দিয়েও পণ্য রপ্তানি করতাম। অন্তত তখনও একটি পথ খোলা ছিল।’

আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

জাপানসহ বিভিন্ন দেশ থেকে পাকিস্তান হয়ে স্থলপথে স্পিন বোলদাকে আসা গাড়ির যন্ত্রাংশ পরে সংযুক্ত আরব আমিরাত হয়ে আনা শুরু হয়। যদিও পথটি ছিল দীর্ঘ এবং ব্যয়বহুল, তবুও অন্তত ব্যবসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

আবদুল বাকি বিনা আরও বলেন, ‘এ যুদ্ধ আফগানিস্তানের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে।’ এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক বিঘ্ন ঘটে। নৌপরিবহন কোম্পানিগুলোও সতর্ক করে জানায় যে, এ গুরুত্বপূর্ণ নৌপথে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ফিরিয়ে আনতে সময় লাগবে।

যুদ্ধের আগে স্পিন বোলদাকে পৌঁছানো যন্ত্রাংশ দিয়ে স্থানীয়ভাবে নতুন গাড়ি সংযোজন করা হতো অথবা সেগুলো দেশের বিভিন্ন স্থানে মেরামতের কাজে সরবরাহ করা হতো। দুবাই ও জাপান থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক আসাদুল্লাহ, যিনি এক নামেই পরিচিত, বলেন, কয়েক মাস ধরে এ সংঘাত ‘ব্যবসাকে পঙ্গু করে দিয়েছে’ এবং নিজের কার্যালয়ে একটি ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার পাশে বসে তিনি বলেন, ‘আগে প্রতিদিন আমাদের ইয়ার্ডে দুটি করে কনটেইনার খোলা হতো।’

একজন ৪০ বছর বয়সী ব্যবসায়ী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর একটি কনটেইনার পরিবহনের খরচ প্রায় ২ হাজার মার্কিন ডলার (প্রায় ২ লাখ টাকা) থেকে বেড়ে ৮ হাজার মার্কিন ডলারে (প্রায় ৮ লাখ টাকা) পৌঁছেছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তিনি জানান, বর্তমানে তার ৩০টিরও বেশি কনটেইনার জাপান ও সংযুক্ত আরব আমিরাতে আটকে আছে, যার প্রধান কারণ দুবাইয়ের জেবেল আলী বন্দরে দীর্ঘসূত্রতা, যা আন্তর্জাতিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আন্তর্জাতিক মনিটরিং সংস্থা বিশ্বব্যাংক মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে আফগানিস্তানকে ‘বহিঃস্থ ধাক্কারের প্রতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে উল্লেখ করে। এতে বলা হচ্ছে, ২০২৫ অর্থবছরে দেশটির আমদানি ও রপ্তানির ব্যবধান জিডিপির ৭০ শতাংশে পৌঁছেছে।

জাপান থেকে যন্ত্রাংশ আমদানিকারক মাসুদ বলেন, ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার কোনো ব্যবসাই হয়নি। একটি ক্যালকুলেটর ও হিসাবের খাতার পাশে বসে তিনি এএফপিকে বলেন, ‘আগে প্রতি মাসে কয়েক ডজন, এমনকি শত শত কনটেইনার আমদানি করতাম। এখন তা শূন্যে নেমে এসেছে।’

তিনি আরও জানান, তার কিছু কনটেইনার সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু গুদাম ভাড়ার খরচ বাড়তে থাকায় সেগুলো আবার জাপানে ফেরত পাঠাতে শুরু করেছেন। মাসুদ বলেন, ‘আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। অন্য কোনো পথও দেখছি না। এটি সম্পূর্ণ লোকসান।’

এ সংকটের প্রভাব পড়েছে স্পিন বোলদাক বাজারে কর্মরত হাজারো মানুষের ওপর। তাদের একজন ক্রেনচালক ২১ বছর বয়সী মোহাম্মদ নাঈম। তিনি বলেন, ‘পরিস্থিতির উন্নতি না হলে আমাকে এ পেশা ছেড়ে অন্য কাজ খুঁজতে হবে।’

আরও পড়ুন: লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ

যেসব অন্ধকার কর্মশালায় একসময় গাড়ি তৈরি হতো, সেখানে এখন কর্মীরা অলস বসে থাকেন। যন্ত্রপাতি ও গাড়ির চাকা ব্যবহারহীন অবস্থায় পড়েছে। এক নাম ব্যবহারকারী ৩০ বছর বয়সী কর্মশালার মালিক সামিউল্লাহ বলেন, আগে তারা প্রতি সপ্তাহে পাঁচ থেকে সাতটি গাড়ি তৈরি করতেন। কিন্তু নতুন যন্ত্রাংশ না আসায় সব কাজ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে আমাদের আর কোনো কাজ থাকবে না। লোকসান দিন দিন বাড়তেই থাকবে।’ কারণ কাজ না থাকলেও তাকে কর্মীদের বেতন পরিশোধ করতে হচ্ছে।

বাজারের একটি গাড়ির শোরুমে জাপান থেকে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে তৈরি এক ডজন রঙিন গাড়ির পাশে দাঁড়িয়ে মালিক নূর আলী বলেন, ‘স্পিন বোলদাকে খুব কম কনটেইনার আসছে। ফলে ক্রেতার সংখ্যাও কমে গেছে।’ তিনি জানান, এক মাস ধরে তিনি একটি গাড়িও বিক্রি করতে পারেননি। অবিক্রীত গাড়িগুলোর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো একটি সমঝোতায় পৌঁছাবে এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় চুম্বক কারখানা স্থাপনে লিনাস ও দক্ষিণ কোরিয়ার জেএস লিংকের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


মালয়েশিয়ায় চুম্বক কারখানা স্থাপনে লিনাস ও দক্ষিণ কোরিয়ার জেএস লিংকের চুক্তি

অস্ট্রেলিয়ার বিরল খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান লিনাস মঙ্গলবার জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার জেএস লিংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে একটি স্থায়ী চুম্বক কারখানা নির্মাণের জন্য, যা মালয়েশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত।

এই উদ্যোগের মাধ্যমে লিনাসের কাঁচামাল উৎপাদন কার্যক্রমের সঙ্গে পরবর্তী পর্যায়ের শিল্প উৎপাদন প্রক্রিয়ার সংযুক্তি ঘটানো হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লিনাস জানিয়েছে, তারা কুয়ালালামপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৬০ মাইল) পূর্বে কুয়ান্তানে নিজেদের কারখানার কাছে স্থাপন করতে যাওয়া এ প্রকল্পে বিনিয়োগ করবে প্রায় ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

প্রস্তাবিত কারখানায় প্রতি বছর প্রায় ৩ হাজার টন চুম্বক উৎপাদন করা হবে, এবং এসব চুম্বক তৈরিতে বিরল খনিজ উপাদান নিওডিমিয়ামের সঙ্গে লোহা ও বোরন ব্যবহৃত হবে।

লিনাস এক বিবৃতিতে জানিয়েছে, এসব চুম্বক দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারে গাড়ি নির্মাণ, বায়ুশক্তি উৎপাদন এবং ইলেকট্রনিকস শিল্পের সরবরাহ ব্যবস্থায় ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

চুক্তি অনুযায়ী, লিনাস নতুন মালয়েশিয়ান কারখানার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ইয়েসান এলাকায় জেএস লিংকের কারখানায় বিরল খনিজ উপাদান সরবরাহ করবে।

এই বিশেষ বাণিজ্যিক চুক্তিটি কার্যকর থাকবে ২০৩৮ সালের জানুয়ারি পর্যন্ত।

এই প্রকল্পে প্রায় ৪০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

২০১২ সাল থেকে চালু রয়েছে লিনাসের জেবেং কারখানা।

এখান থেকে বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত উপাদান সরবরাহ করা হয়।

বিশ্বের বিরল খনিজ বাজারের প্রায় ১০ শতাংশ নিয়ন্ত্রণ করে লিনাস।

বাকি প্রায় ৯০ শতাংশ উৎপাদন হয় চীনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১ লাখ টাকা জালিয়াতির অভিযোগে ফুলগাজী উপজেলা পরিষদের ৩ কর্মচারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


৫১ লাখ টাকা জালিয়াতির অভিযোগে ফুলগাজী উপজেলা পরিষদের ৩ কর্মচারী গ্রেফতার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান জালিয়াতি করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাৎ করার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগে উপজেলা পরিষদের বর্তমান ও সাবেক তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল বর্তমান ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত। অপর দুইজন হলেন বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ ও নূর ইসলাম। পার্থ সারথী পাল ফুলগাজীর ফতেহপুর গ্রামে, নূর ইসলাম উত্তর বরইয়া গ্রামে ও মো. ফিরোজ পরশুরাম উপজেলার গুথুমা গ্রামে বাড়ি করেন।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু বদলিজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফাহরিয়া ইসলাম। তিনি বিদায়ের আগে উন্নয়ন প্রকল্পের সার্বিক হিসাব-নিকাশ পর্যালোচনা করতে গিয়ে চেকবইয়ের কাউন্টারফয়েল (মুড়ি অংশ) এবং ব্যাংক থেকে উত্তোলিত অর্থের হিসাবের মধ্যে বড় ধরনের গরমিল ও অসঙ্গতি দেখতে পান।

গত প্রায় এক বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ লোপাট করে আসছিল বলে জানা গেছে। সাধারণত ইউএনওর কাছ থেকে চেকে বৈধ স্বাক্ষর নেওয়ার পরে মূল অঙ্কের আগে অতিরিক্ত সংখ্যা বসিয়ে টাকার পরিমাণ বাড়িয়ে দিত তারা। চেকে টাকার বানানের অংশেও নিখুঁতভাবে পরিবর্তন করানো হতো। তবে চেকবইয়ের ভেতরের মুড়ি অংশে আসল হিসাবটি লেখা থাকত যাতে তাৎক্ষণিকভাবে কারও সন্দেহ না হয়। চলতি বছরের ১ মার্চ সর্বশেষ এভাবে টাকা তোলার তথ্য পাওয়া গেছে। এরপর মার্চ মাসেই মূল অভিযুক্ত পার্থ সারথী পাল বদলি হয়ে গেলে এই জালিয়াতি সাময়িকভাবে বন্ধ ছিল।

প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার (৬ জুলাই) ইউএনও ফাহরিয়া ইসলাম অভিযুক্ত তিন কর্মচারীকে তার কার্যালয়ে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ব্যাপারে ফুলগাজী উপজেলা পরিষদের স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী সুজন থানায় একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেই মামলায় আজ তাদের গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে জানতে ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম ও বিদায়ী ইউএনও ফাহরিয়া ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'চেক জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে, ও অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়টি স্বীকার করেছে। জালিয়াতি সংক্রান্ত ব্যাংকের নথিপত্র ও চেকগুলো আমরা নিবিড়ভাবে যাচাই করছি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজার মধ্যেই হরমুজে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


খামেনির জানাজার মধ্যেই হরমুজে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজা ও রাষ্ট্রীয় শোকের সময়ে, যখন দেশটির লাখ লাখ মানুষ গভীর শোকের মধ্যে ডুবে ছিল, ঠিক তখনই ইরান পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার (৬ জুলাই) মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলাটি করে। মঙ্গলবার (৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে।

এক মার্কিন কর্মকর্তা মন্তব্য করেন, আকস্মিকভাবে সংঘটিত এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) মঙ্গলবার ভোরে জানায়, ওমানের লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটিতে তাৎক্ষণিকভাবে আগুন লেগে যায়। তবে এতে কোনও হতাহত বা পরিবেশগত বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি অডিও রেকর্ডিংয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে ওই অঞ্চলের জাহাজগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছিল। তারা বলেছিল, ‘নির্দেশনা অমান্য করলে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আপনাদের লক্ষ্য করে হামলা চালাতে প্রস্তুত।’

আক্রমণের শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে একটি হলো কাতার গ্যাসের অঙ্গপ্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন ও পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার ‘আল রেকায়াত’। অর্থনৈতিক ক্ষতির মধ্যে ক্ষেপণাস্ত্রটি জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের ওপরের অংশে সরাসরি আঘাত হানে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন লেগে যায় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থানকালে জাহাজটি এই হামলার শিকার হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করার কাজ চলছে। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে একত্রিত হতে পেরেছেন।

রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের দৃষ্টিতে, সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোকের আবহের মধ্যে হরমুজ প্রণালিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান বিশ্বকে তার রণপ্রস্তুতির বার্তা প্রদান করল। তেহরান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, অভ্যন্তরীণ শোক অথবা গুরুত্বপূর্ণ নেতৃত্ব হারানোর পরও তাদের সামরিক কমান্ড এবং সিদ্ধান্ত গ্রহণের চেইন অব কন্ট্রোল একটিও বিন্দু দুর্বল হয়নি। হরমুজ প্রণালির মত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি সরাসরি মনস্তাত্ত্বিক হুঁশিয়ারি প্রদান করে। ইরান দৃঢ়ভাবে তার চিরশত্রুদের জন্য বার্তা দিতে চাইল, যে চরম সংকটের মুহূর্তেও তারা মধ্যপ্রাচ্যের কৌশলগত সমুদ্রসীমায় যেকোনো সময় বড় আঘাত হানতে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বিপর্যয় সৃষ্টি করতে সম্পূর্ণ সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি চেয়ারম্যান-সদস্যদের সম্মানীসহ ৯ খাতে বরাদ্দের প্রস্তাব চেয়েছে মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


ইউপি চেয়ারম্যান-সদস্যদের সম্মানীসহ ৯ খাতে বরাদ্দের প্রস্তাব চেয়েছে মন্ত্রণালয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশের বেতন-ভাতা ও সম্মানীসহ ৯টি খাতে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ লক্ষ্যে জেলা প্রশাসকদের নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার (৬ জুলাই) জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ যে ৯টি খাতে বরাদ্দের প্রস্তাব চেয়েছে, সেগুলো হলো, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, ইউপি সচিব/প্রশাসনিক কর্মকর্তার বেতন-ভাতা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বেতন-ভাতা, গ্রাম পুলিশ প্রধানের বেতন-ভাতা, গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, গ্রাম পুলিশের পোশাক ও রেশন ভাতা, উৎসব ভাতা, আন্তরিকীকরণ ভাতা এবং বিদ্যালয় বিল।

চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, ইউপি সচিব, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বেতন-ভাতা এবং গ্রাম পুলিশের বেতন-ভাতা, উৎসব ভাতা, আন্তরিকীকরণ ভাতা, পোশাক ও রেশনসহ বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য একই ধরনের বরাদ্দের প্রস্তাব পাঠাতে হবে।

স্থানীয় সরকার বিভাগ যে ৯টি খাতে বরাদ্দের প্রস্তাব চেয়েছে, সেগুলো হলো- চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, ইউপি সচিব বা প্রশাসনিক কর্মকর্তার বেতন-ভাতা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বেতন-ভাতা, গ্রাম পুলিশ প্রধানের বেতন-ভাতা, গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, গ্রাম পুলিশের পোশাক ও রেশন ভাতা, উৎসব ভাতা, আন্তরিকীকরণ ভাতা এবং বিদ্যালয় বিল।

চিঠিতে জেলা প্রশাসকদের ২০২৫-২৬ অর্থবছরের জুন ২০২৬ পর্যন্ত প্রকৃত ব্যয়ের হিসাব এবং ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বরাদ্দের প্রস্তাব আগামী ১৫ জুলাই, ২০২৬-এর মধ্যে [email protected] ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নির্ধারিত ছকে উপজেলা-ভিত্তিক ইউনিয়নের সংখ্যা এবং প্রতিটি খাতে প্রয়োজনীয় অর্থের বিস্তারিত হিসাব সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

চিঠিটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট আটটি দপ্তরে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%