ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা ক্লাবের ৮৩ রানের জয়, গুলশানকে উড়িয়ে দিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে


ঢাকা ক্লাবের ৮৩ রানের জয়, গুলশানকে উড়িয়ে দিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ ওভারের প্রীতি ম্যাচে গুলশান ক্লাবকে ৮৩ রানে পরাজিত করেছে ঢাকা ক্লাব। ব্যাটিংয়ে আরসলান রহমানের ৭৩ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে প্রতিপক্ষের চার উইকেট দখল করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এনায়েত।

ঢাকা ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন আরসলান রহমান, যিনি ৭৩ রান করেন।

তিনি ৬১ বলের ইনিংসে আটটি চার মারেন। তানভীর ৩১ বল খেলে অপরাজিত ৩৯ রান করেন। মশিউর আলম মিঠুনের ব্যাট থেকে আসে ২৪ রান, মোহাম্মদ আলী আজম করেন ২০ এবং শাবাব জামিলের রান ১৬।

আরও পড়ুন: রেফারির পকেটে ডিজিটাল কার্ড, কাগজের লাল-হলুদ কার্ডের পরিবর্তে প্রযুক্তির ব্যবহার

গুলশান ক্লাবের বোলারদের মধ্যে সানবীর আহমেদ ও গুদ্দু দুটি করে উইকেট নেন। আলী শাহ, তানভীর পাশা ও রায়ান শরীফ দীপ্র একটি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুলশান ক্লাব শুরু থেকেই চাপের মধ্যে পড়ে। প্রথম ওভারেই সৈয়দ নওশাদকে হারায় তারা, যিনি চার বলে আট রান করে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি বড় ব্যবধানে পিছিয়ে পড়ে।

ফারহান ১০ রান করে আউট হওয়ার পর এহসানও ফিরে যান। এরপর আমির বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। মশিউর আলম মিঠুনের স্পিনে ৬ বলে ৯ রান করে তিনি ফেরেন। নিজের পরের ওভারে আবার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আরও চাপে ফেলেন মিঠুন। পরে তানভীরকে ফিরিয়ে দেন এনায়েত।

মধ্যে গুদ্দু ও হার্শের ব্যাটে গুলশান ক্লাব কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দুজনের জুটিতে আসে ৩২ রান। ২১ বলে ৩২ রান করে হার্শ আউট হলে সেই প্রতিরোধ ভেঙে যায়। এরপর ২৪ বলে ১৮ রান করা গুদ্দুকেও ফিরিয়ে দেন এনায়েত।

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভূত নারীর অধিনায়কত্বে ইংল্যান্ডের মহিলা কাবাডি দল

শেষদিকে সানবীর আহমেদকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন এনায়েত। অন্যদিকে শেষ ব্যাটার রায়ানকে ফিরিয়ে গুলশান ক্লাবের ইনিংসের সমাপ্তি টানেন জায়ান।

অবশেষে ২৪.৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় গুলশান ক্লাব। ফলে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্লাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে জানানো হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০২ এম


সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে জানানো হয়নি

সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে, এই বিষয়ে বাংলাদেশ সরকার বা জেদ্দায় অবস্থিত বাংলাদেশের মিশনকে পূর্বে অবহিত করা হয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ সরকার বিষয়টি সম্পর্কে জানতে পারে।

এই ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের একটি সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিস্তারিত জানার জন্য চিঠি পাঠানো হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য প্রকাশ করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। সৌদি আরবের বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে জেদ্দার আদালতে এ মামলার বিচারপ্রক্রিয়া চলছিল। এ সময় বাংলাদেশের দুজন বিশিষ্ট নাগরিক দোভাষী হিসেবে সহযোগিতা করেছেন।

কনসুলার সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে কোনো দেশের নাগরিক গ্রেপ্তার হলে বন্দির অনুরোধে আটককারী দেশকে অবিলম্বে তাঁর দেশের কনসুলেটকে জানাতে এবং কনসুলার সহায়তার সুযোগ দিতে হয়। বাংলাদেশ ও সৌদি আরব উভয়ই এই সনদের পক্ষভুক্ত। তবে, দুই বাংলাদেশি তাঁদের গ্রেপ্তারের বিষয়টি কনসুলেটকে জানাতে অনুরোধ করেছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশিকে আটক করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এমনটি হওয়ার কথা নয়। তাঁদের পক্ষ থেকে কেন বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুরুকপাতায় সড়ক আছে, বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০২ এম


কুরুকপাতায় সড়ক আছে, বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষা নেই

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে সড়ক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। কুরুকপাতা বাজার এবং পোয়ামুহুরী পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়েছে, তবে সড়ক শেষ হওয়ার পর থেকেই পাহাড়িদের জীবনে শুরু হয় চরম দুর্ভোগ।

সন্ধ্যার পর বিদ্যুতের অভাবে বিশাল এলাকা অন্ধকারে ডুবে যায়। শিক্ষার্থীদের কুপির আলোতে পড়াশোনা করতে হয়, এবং জরুরি রোগীদের চিকিৎসার জন্য উপজেলা সদরে যেতে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। পরিবহন খরচ বেশি হওয়ার কারণে পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্যের সঠিক দাম পান না জুমচাষিরা। এছাড়া, মোবাইল নেটওয়ার্কের অভাব, মাধ্যমিক বিদ্যালয়, পূর্ণাঙ্গ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিবিএস) ২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, কুরুকপাতা ইউনিয়নের মোট জনসংখ্যা ১১ হাজার ২১৬। এখানে ১৪২টি পাড়ায় প্রধানত ম্রো, ত্রিপুরা ও মারমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে।

স্থানীয় খামলাই ম্রো বলেন, "সড়ক হয়েছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ ও নেটওয়ার্ক এখনো পৌঁছায়নি। কিছু ঘরে সৌরবিদ্যুৎ থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বাধ্য হয়ে কেরোসিনের বাতির ওপর নির্ভর করতে হয়।"

স্বাস্থ্যসেবার করুণ চিত্র তুলে ধরে স্থানীয় বাসিন্দা মেনদন ম্রো ও পোয়ামুহুরীর অঞ্জনা ত্রিপুরা জানান, রাতে অসুস্থ হলে প্রাণ বাঁচানোর আতঙ্কে থাকতে হয়। চিকিৎসকের কাছে যাওয়া বা সাধারণ পরীক্ষা করাতে সারাদিন চলে যায়। এমনকি জন্মনিবন্ধনের মতো নাগরিক সেবা নিতে যাতায়াতেই পরিবারগুলোকে এক হাজার টাকার বেশি খরচ করতে হয়।

এদিকে ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষা শেষে শিশুদের দূর-দূরান্তে পড়াশোনা করতে হয়। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের অভাব শিক্ষা থেকে শুরু করে সরকারি সেবা প্রাপ্তিতে ভোগান্তি বাড়িয়েছে।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকার কারণে নেটওয়ার্ক ও অবকাঠামো না থাকায় আলীকদম সদর এলাকায় কক্ষ ভাড়া নিয়ে পরিষদের প্রশাসনিক কাজ করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষ সঠিক সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

জানা গেছে, এই এলাকায় উন্নয়নের প্রধান বাধা জমি ও বনাঞ্চলসংক্রান্ত জটিলতা। ১৮৮০ সালে মাতামুহুরী নদীর অববাহিকার বিস্তীর্ণ এলাকা ‘মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট’ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৪ সালে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের গেজেট প্রকাশিত হলেও সংরক্ষিত বনাঞ্চলের সীমানা ও আইনি অবস্থানের কারণে কোনো স্থায়ী ভবন বা অবকাঠামো নির্মাণ সম্ভব হচ্ছে না।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, "রিজার্ভ ফরেস্টের কারণে বন বিভাগের আপত্তিতে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আইনি জটিলতা রয়েছে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (NOC) নেওয়ার প্রক্রিয়া চলছে।"

ইউএনও আরও জানান, এলাকায় মাধ্যমিক বিদ্যালয়, পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ এম


গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) শাখার ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় রংপুরের কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।

পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাচারী বাজার এলাকার একটি বাসা থেকে প্রমাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর মেয়ে। গত বছরের ১৪ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় আতাউজ্জামান বাবুকে নিউ ইঞ্জিনিয়ার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ আরও জানায়, বিডিইউ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী প্রমার বিরুদ্ধে রংপুরে নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রমাকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার আলিফ হত্যায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ এম


নেত্রকোনার আলিফ হত্যায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের স্ত্রী অনিন্দিতা সাংমা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আগে, আলিফের মরদেহ ময়নাতদন্তের পর কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে বিকেল পাঁচটায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানিয়েছেন, নিহত সাংবাদিক আলিফের শরীরে ৬টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে ৫টি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি গুলি তার পিঠের ভেতরে আটকে ছিল। শুক্রবার দুপুরে নেত্রকোনা সদর হাসপাতালে ময়নাতদন্তের সময় গুলিটি বের করা হয়।

চিকিৎসক জানান, আলিফের বুকের অংশে তিনটি গুলি লাগে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের দিকে শরীরের ভেতরে আটকে ছিল।

অপর তিনটি গুলির আঘাতের বিষয়ে চিকিৎসক বলেন, একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি মাথার উপরের অংশের চামড়া এবং অন্য একটি গুলি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে বেরিয়ে যায়।

ক্ষতের ধরন বিশ্লেষণ করে চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, ‘শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনে থেকে গুলি করা হয়েছে।’

বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল এলাকায় তেলনজিয়া গ্রামে একটি চা দোকানের সামনে গুলি করা হয় সাংবাদিক আলিফকে। তিনি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার পর থেকে জড়িত আসামীদের সনাক্তের কাজ চলছে বলে জানান। তিনি বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ, ঘটনার আলামত বিশ্লেষণ, আলিফের ফেসবুক পেইজের পোস্ট সবকিছুকে মাথায় রেখে তদন্ত চলছে। খুব শীঘ্রই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন আনন্দিতা। তিনি বলেন, ‘এভাবে একজন মানুষকে কিছুক্ষণের মধ্যেই গুলি করে মেরে ফেলবে, তা আমি কখনো ভাবতে পারিনি। বাচ্চাদের যখন ভাত খাওয়াচ্ছিলাম, তখন গুলির শব্দ পেয়ে প্রথমে ভাবছিলাম কেউ হয়ত ফটকা (পটকা) ফুটাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই মানুষ বলাবলি করল, তাকে (লুৎফুজ্জামান) মেরে ফেলছে।’

স্বামী হত্যার বিচার চেয়ে আনন্দিতা বলেন, ‘আমি তো আমার স্বামীকে আর ফিরে পাব না। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তবে যারা তাকে হত্যা করেছে, আমার অবুঝ দুটি শিশুকে পিতৃহারা করেছে, পুলিশ তাদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

লুৎফুজ্জামানের ফুফু শাশুড়ি নিরালা রেমা ও রুলি রেমা জানান, তারা তখন ঘরের বারান্দায় বসে গল্প করছিলেন। হঠাৎ বিকট আওয়াজ শুনে দোকানের কাছে গিয়ে দেখেন লুৎফুজ্জামানের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। তারা এই হত্যার বিচার দাবি করেন।

স্বজনদের বরাতে জানা যায়, প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের শিলা সাংমা ও প্রয়াত ফিলিপ রাংসার মেয়ে আনন্দিতাকে বিয়ে করেন লুৎফুজ্জামান। তাদের দুই সন্তান রয়েছে, চার বছর বয়সি মেয়ে প্রান্তি ও দেড় বছর বয়সি ছেলে আইয়ান সাফয়ান।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান এবং দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসআরবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%