০১:৩৬ পি.এম
চলতি বছরের প্রথম ছয় মাসে তিন হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে, যা ২০২৫ সালের মোট বিতাড়নের প্রায় ৮৮ শতাংশ।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, অন্য যেকোনো দেশের তুলনায় কানাডা থেকে ভারতীয় নাগরিকদের বের করে দেওয়ার হার সর্বোচ্চ পরিমাণে পৌঁছেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে যেখানে যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে, সেখানে কানাডায় এই সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে আড়াই গুণ বেশি।
বিগত পাঁচ বছরের মধ্যে মেক্সিকো তালিকার শীর্ষে থাকলেও, চলতি বছরের প্রথমার্ধে মেক্সিকোর (১,৫৭৩ জন) পেছনে ফেলে ভারতের নাম শীর্ষস্থানে উঠে এসেছে। সিবিএসএ-র হিসাব অনুযায়ী, বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক চূড়ান্তভাবে কানাডা ছাড়ার আদেশের অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
কানাডার সীমান্ত কর্তৃপক্ষ জানায়, মূলত ভিসা জালিয়াতি, অবৈধ অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করার কারণে ভারতীয় নাগরিকদের বের করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী কোটা কমিয়ে আনার যে কঠোর অবস্থান নিয়েছে ওটাওয়া, তার সরাসরি প্রভাব বিপুলসংখ্যক ভারতীয়দের ওপর পড়েছে।
সিবিএসএ-র নিয়ম অনুযায়ী, আদেশ আসার পর যদি তারা স্বেচ্ছায় দেশ না ছাড়েন, তাহলে স্থায়ীভাবে প্রবেশ নিষিদ্ধ করে 'ডিপোর্টেশন অর্ডার' জারি করে জোরপূর্বক বের করে দেওয়ার পদক্ষেপ নেয় দেশটির অভিবাসন বিভাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন