০২:৪৯ পি.এম
ফরাসি ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তির সময় এসে গেছে এবারের বিশ্বকাপের পর। দীর্ঘ ১৪ বছর ধরে জাতীয় দলের দায়িত্ব পালন করার পর বিদায় নিতে যাচ্ছেন কোচ দিদিয়ের দেশম। তবে দেশমের বিদায়ের ঘোষণার পর ফ্রান্স দলের মনোযোগে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, এমনটাই জানিয়েছেন তারকা উইঙ্গার উসমান দেম্বেলে। বরং দেশমকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে বিদায় জানানো জন্য ফরাসি ফুটবলাররা আরও বেশি অনুপ্রাণিত হয়ে উঠেছেন।
২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়া দেশম জাতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এছাড়াও ২০২১ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে দলটি। দেশমের নেতৃত্বে ২০১৬ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও ২০২২ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ফ্রান্স এবং ২০২৪ ইউরোর সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে।
ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, "সবাই জানে এটি দেশমের শেষ টুর্নামেন্ট। ফরাসি ফুটবলে তার অবদান অসাধারণ এবং তাকে কোচ হিসেবে পাওয়া দলের জন্য গর্বের বিষয়।" তিনি বিশ্বাস করেন, কোচের বিদায়ের ঘোষণার ফলে দলের মানসিকতায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
দেম্বেলের মতে, দেশম সবসময় খেলোয়াড়দের ওপর আস্থা রাখেন এবং প্রতি ম্যাচের পর তাদের অনুপ্রাণিত করেন। তাই কোচের শেষ টুর্নামেন্ট স্মরণীয় করে তুলতে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত ফরাসি ফুটবলাররা।
বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম শিরোপা প্রত্যাশী ভাবা হলেও দেম্বেলে সতর্ক। তিনি জানান, "আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে।" কাগজে-কলমে ফেবারিট থাকলেও মাঠের লড়াইয়ে সবাই সমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন