ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে : ত্রাণমন্ত্রী


আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১৫ আগস্ট, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হতে যাচ্ছে।

আজ শনিবার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু জানান, সরকার গঠিত কারিগরি কমিটি শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে বর্তমান তিস্তা ব্যারাজের ভাটিতে নতুন একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: ডিসিদের আদলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ইউএনও সম্মেলন

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন।

মন্ত্রী উল্লেখ করেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখা এবং নদীর পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী ভাটিতে নতুন ব্যারাজ নির্মাণের বিষয়টি সামনে এসেছে।

তিনি এই বিষয়েও জানান, সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং অবকাঠামো পুনর্বাসনে সরকারি কার্যক্রম শুরু করা হয়েছে।

এরপর, পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

আরও পড়ুন: শিক্ষাকে কর্মজীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

এর আগে সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা-বাগান পরিদর্শন করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্যাড, লোগো, কর্মকর্তাদের নাম ও পদবি ব্যবহার করে একটি চক্র বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটি চাকরি দেওয়ার প্রলোভনসহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তা দেওয়ার নামেও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তার দ্বারা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানত ও অন্যান্য নামে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে।

এছাড়াও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তার প্রলোভন দেওয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন পরিষ্কারভাবে জানাচ্ছে যে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ শুধুমাত্র নির্ধারিত সরকারি/প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশিত হয়। কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ কিংবা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নেই।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বিশেষ করে দেশের সাধারণ আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য এবং চাকরিপ্রত্যাশীদের বিভ্রান্ত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা করছে। প্রতারকচক্র অনেক সময় কর্মকর্তাদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর ও মনোগ্রাম ব্যবহার করে নিজেদের পরিচয়কে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করে।

কিছু ক্ষেত্রে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের কর্মকাণ্ডকে বেআইনি, প্রতারণামূলক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে দেখা করছে।

নিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদ, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যদি কেউ ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে কিংবা মেসেজ পাঠিয়ে চাকরি পাওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করে, সে ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে, তাতে সাড়া না দেওয়ার। চাকরি পাইয়ে দেওয়ার নামে কাউকে টাকা দেওয়া যাবে না।

দেশের মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মসজিদ কমিটির সদস্যদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, যদি ইফার নামে কেউ ফোন, মেসেজ বা সরাসরি যোগাযোগ করে সরকারি সম্মানী, অনুদান, অর্থ সহায়তা, তালিকাভুক্তি অথবা অন্য কোনো সুবিধা দেওয়ার কথা বলে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং বিষয়টি যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিশেষ করে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত অনলাইন গ্রুপে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য, মোবাইল ব্যাংকিংয়ে পিন, ওটিপি, পাসওয়ার্ড কিংবা অন্যান্য গোপনীয় তথ্য প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।

ভুয়া বিজ্ঞপ্তি প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে যে ব্যক্তি বা চক্র প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেকোনও প্রতারণার শিকার ব্যক্তি বা যেকোনো ক্ষেত্রে এ ধরনের বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, চিঠি, নিয়োগপত্র বা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে সেই তথ্য, স্ক্রিনশট, ফোন নম্বর, লেনদেনের তথ্য ও অন্যান্য প্রমাণ সংরক্ষণের জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ, অর্থ সহায়তা বা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তির উপর বিশ্বাস করবেন না এবং অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো অবস্থাতেই অর্থ প্রদান করবেন না। ইসলামিক ফাউন্ডেশন দেশের আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য, চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন হতে অনুরোধ করছে। প্রয়োজনে তথ্যের সত্যতা যাচাই করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে পরিচালিত এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ সম্ভব বলে ইসলামিক ফাউন্ডেশন মনে করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানটি শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে বিশাল অবদান রেখেছেন, সেগুলি স্মরণ করা হয়।

রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, "বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে।" তিনি আরও বলেন, "নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।"

ড. আলী আফজাল বলেন, "বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়।" তার জানাজায় দেশ নানা প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রতিফলন হিসাবে বিবেচিত হয়।

রিহ্যাবের পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে।" তিনি বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।"

মাহবুবুর রহমান ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার অবস্থানের কথাও স্মরণ করেন। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে না গিয়ে বাংলাদেশে থাকার বিষয়ে তাঁর অনড় অবস্থানকে রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের চমৎকার উদাহরণ হিসাবেও উল্লেখ করেন।

দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান এবং পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামসহ রিহ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশিদেশ, জাতি ও তার পরিবারে শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এই দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে রিহ্যাবের নেতৃবৃন্দ কেক কেটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ

শেরপুরের নকলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট একটি ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হুজুরা বেগম (৬০) নামে এক মহিলা মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার জন্য আরও ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে নকলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কায়দা গ্রামে। নিহত হুজুরা বেগম কায়দা গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন কামরুল হাসান (১৫), হাসু মিয়া (৪৫), সোবহান মিয়া (৩৫) ও মাইন উদ্দিন (৬৩)।

প্রতিবেশী রিজন ও জাহানারা বেগমসহ স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে দুটি শিশুর খেলাধুলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে, এই বিষয়ে তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে দু’টি গ্রুপ তৈরি হয় এবং ঝগড়াটি বড় আকার ধারণ করে। ঝগড়া থামাতে এগিয়ে আসেন বৃদ্ধা হুজুরা বেগম। একপর্যায়ে তার মাথায় লাঠির আঘাত লাগে, যার ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, কায়দা গ্রামে ছোট শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটির তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করেছে। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে, তবে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনোও মুহূর্তে, আলোচনায় যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনোও মুহূর্তে, আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে অপেক্ষার প্রহর এখন শেষ হতে চলেছে। বিদায়ী বার্তা দিয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ সংকেত পেলেই যেকোনো মুহূর্তে নতুন কমিটি ঘোষণা হতে পারে।

দলীয় সূত্র জানাচ্ছে, বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ইতোমধ্যে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্বের বিষয়ে মতামত নিয়েছেন। তিনি তাদের মতামতসহ বিভিন্ন দিক যাচাই-বাছাই করে নতুন কমিটি চূড়ান্ত করবেন।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বিদায়ী কমিটির শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তিনি জরুরি বৈঠক করেন। বৈঠকে অংশ নেন রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির, আবু আফসান মো. ইয়াহিয়া, শ্যামল মালুম এবং আমান উল্লাহ আমান।

বৈঠকে বিদায়ী নেতাদের বিগত আন্দোলন ও সংগ্রামে তাদের ত্যাগের প্রশংসা করে নতুন প্রজন্মের হাতে ছাত্রদলের নেতৃত্ব হস্তান্তরের বার্তা দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে তোমরা অসামান্য আন্দোলন ও সংগ্রাম করেছ। রাজপথের এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে নিয়ম অনুযায়ী এখন ছাত্রদলে তোমাদের প্রয়োজনীয়তা শেষ হয়েছে। এখন সময় এসেছে নতুনদের সুযোগ করে দেওয়ার এবং তোমাদের মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার।’

বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে শীর্ষ নেতাদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে মতামত নেওয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘চেয়ারম্যান আমাদের কাছে নতুন নেতৃত্বের পছন্দের তালিকা চেয়েছেন। গোপন ব্যালটে আমরা তাকে তা জানিয়েছি। তিনি তা গ্রহণ করেছেন। এগুলোসহ সবকিছু যাচাই-বাছাই করে যেকোনো মুহূর্তে তিনি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করতে পারেন।’

ছাত্রদলের নতুন সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে অনেকের নাম আলোচনায় রয়েছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম এবং এজাজুল কবির রুয়েলের নামও উঠে এসেছে।

ভিন্নদিকে, সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং মাসুম বিল্লাহর নাম আলোচনায় রয়েছে। বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানও জোরেশোরে শোনা যাচ্ছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকা আদনানকে দলের নেতারা উল্লেখ করেন।

এছাড়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, শামীম আখতার শুভ, গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল এবং তারেক হাসান মামুনের নামও আলোচনায় রয়েছে।

এদিকে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘আমার কাছে এখনও এ ধরনের কোনও নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনও সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’

বিএনপি ও দলের অঙ্গ বা সহযোগী সংগঠনগুলোর কমিটি সাধারণত দলের প্যাডে প্রকাশ করা হয়। তাই নতুন ছাত্রদল কমিটি ঘোষণার ক্ষেত্রে তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%