ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল


ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল

ফিলিস্তিনে একটি মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। তার বিরুদ্ধে আনীত অভিযোগ হলো, তিনি ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং নজরদারিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মঙ্গলবার (৩০ জুন) প্রেস টিভির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ তদন্তের অধীনে গত ৯ জুন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে দাবি করা হচ্ছে, তিনি ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ওই মার্কিন নাগরিককে ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর’ কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আটক করা হয়েছে। তাদের বক্তব্য, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ব্যক্তি ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছেন যে, তিনি অর্থের বিনিময়ে অধিকৃত ফিলিস্তিনজুড়ে বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি তুলেছেন এবং সেগুলোর তথ্য নথিভুক্ত করেছেন। তাদের দাবি, দীর্ঘসময় ধরে একাধিক দায়িত্ব পালন করার সময়েও তিনি নিয়মিতভাবে ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

ইসরায়েলি প্রসিকিউটররা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে। আদালতে প্রসিকিউটরের পক্ষ থেকে একটি বিবৃতি জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের শুরু থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার সময় বিভিন্ন গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩২ এম


মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী নিজপানুয়া খন্দকার বাড়ির গর্বিত সন্তান সৈয়দা নুসরাত নিউইয়র্কের নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি স্কুল থেকে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘ভেলেডিক্টোরিয়ান’ হওয়ার গৌরব অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাংলাদেশি কিশোরী গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন।

একই সাথে স্কুলের সার্বিক কার্যক্রমে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট, সিভিক অ্যাম্বাসেডর ও সিনেট অ্যাওয়ার্ডসহ মোট ৭টি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। নুসরাত নিউইয়র্কের সুপরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শিক্ষক, সাংবাদিক ও উপস্থাপক অধ্যাপক সৈয়দ আজাদ এবং জোবায়েদা জেসমিন সোহেলি দম্পতির ছোট মেয়ে। তার এই অসামান্য সাফল্যে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং নুসরাতকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে চাইলে মেধাবী শিক্ষার্থী সৈয়দা নুসরাত বলেন, আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই। তিনি আরো বলেন, শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য। তার এই অদম্য পথচলা ও লক্ষ্য কেবল তার নিজের পরিবারের জন্যই নয়, বরং গোটা তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নুসরাতের মতো মেধাবীরাই আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

মেয়ের এই অনন্য সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাবা সৈয়দ আজাদ। তিনি বলেন, আমার বড় মেয়ে সৈয়দা নূর-ই জান্নাতও আল্লাহর দেওয়া অসাধারণ মেধার অধিকারী এবং সেও এর আগে অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে। মূলত বড় বোনের সেই সাফল্য ও অনুপ্রেরণাই ছোট মেয়ের এই অর্জনের পথ সুগম করেছে। সৈয়দ আজাদ তাঁর দুই সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তারা সুন্দর মানবিক গুণাবলি অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৩ এম


ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক তুচ্ছ ঘটনার কারণে কুমার নদীর দুই পাড়ের ছয় গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এই সংঘর্ষের সময় উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর পাশাপাশি, গুলিবিদ্ধ হয়ে একজন যুবকের মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা-বরিশাল মহাসড়কের উপর এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত যুবকের নাম সুমন (২২), তিনি কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন বাবুর্চির ছেলে। হাসপাতালে গিয়ে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে হাসামদিয়া গ্রামের দুই কিশোরের সঙ্গে কাপুড়িয়া সদরদী গ্রামের এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। ঘটনাটির পর স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। কিন্তু গতকাল বিকেলে পৌরসভা এলাকায় সেই ঘটনার জেরে পূর্ব হাসামদিয়া গ্রামের দুই কিশোরের সঙ্গে নতুন বিরোধ সৃষ্টি হয়। আজ সন্ধ্যায় পূর্ব হাসামদিয়া এবং কাপুড়িয়া সদরদী গ্রামবাসীর মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ।

এই সংঘর্ষের ফলে দুই গ্রামের লোকজনের সঙ্গে যুক্ত হয় প্রতিবেশী আরও চার গ্রাম। উভয় পাড়ের লোকজন একত্রিত হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, সরকি, টেটা ও ইট পাটকেল নিয়ে পাল্টা ধাওয়া চালাতে শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অন্ধকার ও বৃষ্টির মধ্যে এই সংঘর্ষ চলতে থাকে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।

ফরিদপুর বরিশাল মহাসড়কের উপর সংঘর্ষ চলাকালে দুই দল অবস্থান গ্রহণ করে। সংঘর্ষের কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত দুই দিকের শত শত যানবাহন আটকা পড়ে যায়, ফলে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

সন্ধ্যা থেকেই ভাঙ্গা থানার পুলিশ দুই গ্রুপকে ভাঙ্গার চেষ্টা করে। গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, যুবকের ঢাকায় মৃত্যুর সংবাদ পেয়েছি কিন্তু এখনো কোনো কাগজপত্র পাইনি।

সংঘর্ষের পর সড়কে পুলিশের মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপির প্রার্থিতা বাতিলের রায় ঘিরে মহাসড়কে বিক্ষোভ, গাছ ফেলে অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ এম


এমপির প্রার্থিতা বাতিলের রায় ঘিরে মহাসড়কে বিক্ষোভ, গাছ ফেলে অবরোধ

ঋণখেলাপি হয়ে যাওয়ার কারণে চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আদালতের রায়ে বাতিল হওয়ার খবরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। সমর্থকরা এ সময় সড়কে দাঁড়িয়ে নেতা–কর্মীরা মিছিল ও সমাবেশ করেন।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেয়। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল।

এই রায় ঘোষণার পর মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনের দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেলে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট এলাকায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা গাছ কাটার ইলেকট্রনিক করাত (গাছ চেইনসো) দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা গাছগুলো কেটে সেগুলো সড়কের উপর ফেলে অবরোধ সৃষ্টি করেন। পুরো গাছগুলো সড়কে কেটে রাখা হয়েছিল।

বাড়বকুণ্ড বাজারে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে।

সড়ক অবরোধের ফলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। উভয়পক্ষে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ দিন বিকেলে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনের জায়গা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

একই সময়ে আলমগীর মেম্বারের নেতৃত্বে কুমিরা এলাকার মহাসড়কে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

ভাটিয়ারীতে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে আপিল বিভাগের রায় বাতিল করে লায়ন মো. আসলাম চৌধুরীকে শপথ নেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

মো. আলীর সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম শহিদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ফিরোজুল আলম, নাছির সওদাগর, সোলেমান, হানিফ মাঝি, মো. ইউনুছ, মো. ওয়াসিম, মো. শাওন, অনিক, মো. কফিল উদ্দিন, মহিলা দল নেত্রী লাকি আক্তার, মুন্নি আক্তারসহ অনেক নেতারা।

কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর বলেন, আমরা এই রায় মানি না। আসলাম চৌধুরী একজন সৎ মানুষ। তিনি ৯ বছর জেল খেটেছেন। তার ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য ছিল না। তার যা কিছু ছিল, অবৈধ সরকার তা কেড়ে নিয়েছে। আমি এক কালো ষড়যন্ত্রের বিষয়ে শুনতে পাই, আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হলো। জনতার রায়ের ওপর কোনো রায় নেই। আশা করি, আদালত রায়টি পুনর্বিবেচনা করবে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এমএ হক বলেন, মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ থাকবার পর পুলিশ ঘটনাস্থলে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

আদালতের রায়ের পর আইনজীবীরা জানান, এখন চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে, নাকি জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে, তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

গত ৩ ফেব্রুয়ারি আনোয়ার সিদ্দিকীর করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনকে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছিলেন। তবে একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না করার নির্দেশও দেওয়া হয়।

পরে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিলেও আদালতের নির্দেশনা অনুযায়ী ওই আসনের ফলাফল এখন পর্যন্ত স্থগিত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ, কারণ দর্শানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ এম


সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ, কারণ দর্শানোর নির্দেশ

বাজেট অধিবেশনে সকালের সেশনে অনুপস্থিত দলীয় সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর এবং সংসদ নেতা তারেক রহমানের ক্ষোভ প্রকাশ হয়েছে। সরকারের পক্ষ থেকে যেসব এমপি বাজেট পাসের দিন অনুপস্থিত ছিলেন, তাঁদের কারণ দর্শাতে হুইপদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অধিবেশন শেষে, সংসদে তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রী হুইপ ও অনুপস্থিত এমপিদের ডেকে নিয়ে আসেন। একাধিক হুইপ এবং সংসদ সদস্য এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন-পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। এর ফলে সরকারের সাশ্রয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গতকাল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে পাস হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল পৌনে ১০টায় নির্দিষ্ট সময়ের আগে সংসদে উপস্থিত হন এবং সকাল ১১টায় জাতীয় সংসদে মুলতবি অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে সংসদে উপস্থিত থাকার নির্দেশনা ছিল তা সত্ত্বেও মুলতবি অধিবেশনে সকালের সেশনে অনেক সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। এই দৃশ্য দেখে প্রধানমন্ত্রী বিরক্ত হন এবং এটি সন্ধ্যায় তাঁর কার্যালয়ে হুইপ ও এমপিদের কাছে প্রকাশ করেন।

সকালের সেশনে অনুপস্থিত ফরিদপুর অঞ্চলের একজন সংসদ সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘সকালে যথাসময়ে অধিবেশনে যোগ না দেওয়ার কারণে প্রধানমন্ত্রী ডেকেছেন। আল্লাহই জানেন কপালে কী আছে।’

এসময় রসিকতা করে পাশে উপস্থিত আরেকজন সংসদ সদস্য বলেন, ‘এভাবেই তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাই না। যাক, এই অসিলায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সাক্ষাতের সুযোগ পাব।’

এ ব্যাপারে একজন হুইপ বলেন, মঙ্গলবার সকালে বাজেট অধিবেশনের শুরুতে সরকারদলীয় এমপিদের অনুপস্থিত দেখে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং কয়েকজন হুইপকে ডেকে নিয়ে দলীয় এমপিদের অনুপস্থিতির কারণ জানতে চান। এই সময় প্রধানমন্ত্রী হুইপদের নির্দেশ দেন যে, যেসব সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন, তাদের কারণ দর্শাতে হবে। তাঁরা যেন অধিবেশন শেষে সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০টায় সংসদে আসেন। প্রথম থেকেই তিনি অধিবেশনকক্ষে ছিলেন এবং বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোটগ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়ন কার্যাবলিতে অংশ নেন। পাশাপাশি, বিরতির সময়ে প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজও সেরেছেন এবং জরুরি গুরুত্বপূর্ণ ফাইল সই করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানালেন, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে এবার বাজেট-পরবর্তী নৈশভোজও বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশভোজ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছে গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও প্রতিবছরে ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি দুই লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।

তিনি জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করত। বিগত সরকারের সময়ে এই বিশাল অঙ্কের টাকা এখনও বাকি রয়েছে এবং বর্তমান সরকারকেই এটি পরিশোধ করতে হচ্ছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া, দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নে ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

গত ১১ জুন জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

সৌজন্যেঃ কালের কণ্ঠ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%