০৩:২০ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্দোনেশিয়ার পালাংকারায়া শহরের শত শত শিক্ষার্থী শুক্রবার রাতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ করেছেন। দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় মাসের পর মাস ধরে শহর ও আশপাশের অঞ্চল ঢেকে থাকার কারণে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকের মুখে সার্জিক্যাল মাস্ক ছিল। আকাশজুড়ে অস্বাভাবিক কমলা আভা দেখা যাচ্ছিল, আর ঘন ধোঁয়ার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গিয়েছিল। এই পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানানো হয়।
আরও পড়ুন: দুই ব্রিটিশ এমপিকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা
বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশে অবস্থিত মধ্য কালিমান্তান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে।
প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বাইরের দেয়ালে সাঁটানো একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কর্মকর্তারা নির্বোধ, অথচ তারা দারুণ সব সুযোগ-সুবিধা ভোগ করেন। আর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ।’
বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার দেশাত্মবোধক গান ‘ইন্দোনেশিয়া পুসাকা’ গেয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।
তবে, কোনো হতাহতের ঘটনা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। রাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: জাতিসংঘ: পশ্চিম তীরে ইসরাইল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে
বিক্ষোভের নেতা ইউয়ুন সানজায়া সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় তারা যে অক্ষম, মধ্য কালিমান্তান প্রাদেশিক সরকারকে তা স্পষ্টভাবে ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। তাহলে পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।’
তিনি আরও প্রশ্ন করেন, ‘এত ঘন ও পুরু ধোঁয়া অসহায় বয়স্ক মানুষ ও নবজাতকদের শ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে আর সরকার কীভাবে তা ঘটতে দিচ্ছে?’
বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দাবানলে ১৯ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। তবে ইন্দোনেশিয়া সরকার এ পরিসংখ্যান নিশ্চিতও করেনি, আবার অস্বীকারও করেনি।
দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় কয়েক লাখ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুর পর্যন্ত।
আরও পড়ুন: ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ
প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক অসন্তোষের পাশাপাশি নিজ দেশেও সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
বৃহস্পতিবার জাভা দ্বীপে ইন্দোনেশিয়ার স্কুলশিশুরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছে।
ওই দ্বীপের বেশ কয়েকটি জেলা ও সংরক্ষিত বনাঞ্চলও দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করলেন কলম্বিয়ার গায়িকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন