ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

লাকসামে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুস ও প্রশ্নপত্র তৈরির অনিয়মের অভিযোগ


লাকসামে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুস ও প্রশ্নপত্র তৈরির অনিয়মের অভিযোগ

কুমিল্লার লাকসামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলির আবেদন বা সংযুক্তিতে ঘুস গ্রহণ, পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. দেলোয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে।

উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে ২০ হাজার টাকা ঘুস নেওয়ার বিষয়টি গত ২৪ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মাসিক সভায় স্থানীয় সংসদ সদস্যের সামনে উত্থাপন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক সোমবার (৫ অক্টোবর) জানান, গত ২৪ সেপ্টেম্বর রাতেই ঘুসের টাকা ফেরত দেন শিক্ষা কর্মকর্তা দেলোয়ার। তিনি বলেন, উপজেলা শিক্ষা অফিসার স্যারের নানাবিধ চাপের কারণে শিক্ষক বদলির আবেদন বা সংযুক্তিতে একটু অনিয়ম হয়েছে।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

গত ২৭ সেপ্টেম্বর ওই শিক্ষককে নিজ কার্যালয়ে ডাকেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার। এরপর নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তির বিষয়ে কোনো টাকা লেনদেন হয়নি মর্মে ইউএনও বরাবর একটি লিখিত আবেদন দিতে বাধ্য করেন ওই শিক্ষককে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৪ জুন লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগ দেন দেলোয়ার। এর আগে তিনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত লাকসামে একই দায়িত্বে ছিলেন। মাস ছয়েক আগে উপজেলার শিবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদ হোসেন পৌরশহরের দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তির জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেন। ওই সময় তিনি শিক্ষা কর্মকর্তার আস্থাভাজন অপর এক শিক্ষকের মাধ্যমে ২০ হাজার টাকা ঘুস দেন। তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে পৌরশহরের দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না দিয়ে নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত করেন।

অভিযোগ উঠেছে, কোনো বিদ্যালয়ে পাঁচজন বা তারও কম শিক্ষক কর্মরত থাকলে ওইসব বিদ্যালয় থেকে বদলির বিধিনিষেধ রয়েছে। কিন্তু এসব বিধিনিষেধের তোয়াক্কা করেননি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে কামড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তারকে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত করেন।

অভিযোগ উঠেছে, এ ছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়ম-নীতির তোয়াক্কা না করে একযোগে প্রশ্নপত্র তৈরি করে সব বিদ্যালয়ে সরবরাহ করেন। এ ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী থেকে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বাধ্যতামূলক অর্থ আদায় করেন। শুধু প্রশ্নপত্র নয়, বিদ্যালয়ের যেকোনো ক্ষুদ্র মেরামত কাজের বিল অনুমোদনের ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয় থেকে এবং নির্বাচনি কাজে ব্যবহৃত বিদ্যালয়গুলোর সংস্কার বরাদ্দ থেকেও অনৈতিকভাবে অর্থ আদায় করেন। পাশাপাশি বিভিন্ন দরখাস্তের রিসিভ কপি না দেওয়া, প্রশাসনিক চাপ সৃষ্টি এবং ফাইল অনুমোদনে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনিয়ে পালাল রেল পুলিশ

কার্দ্রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন যুগান্তরকে বলেন, ‘বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য উপজেলা শিক্ষা অফিসকে খরচ বাবদ প্রায় ৪ হাজার, ভ্যাট বাবদ ৩ হাজার ও ইঞ্জিনিয়ার বাবদ ৩ হাজার টাকা দেওয়া হয়।’

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহাজাহান বলেন, একজন শিক্ষক বদলির বিষয়ে অর্থ আদান-প্রদানের বিষয়টি শুনেছি।

মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রশ্ন প্রণয়ন কমিটির আহ্বায়ক বিশ্বনাথ মজুমদার বলেন, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ক্ষেত্রে সব সদস্যের সঙ্গে আলোচনা করে স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রতি শিক্ষার্থী থেকে ৮ টাকা এবং তৃতীয় শ্রেণি থেকে চর্তুথ শ্রেণির প্রতি শিক্ষার্থী থেকে ১০ টাকা করে নেওয়া হয়।

লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. দেলোয়ার হোসেন মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে। কামড্ডা ও শ্রীরামপুর শিবাখোলা বিদ্যালয়ের দুজন শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এটি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমেই হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যালয়ের মেরামতের বিল পরিশোধ করা হয়েছে। বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের বিল অনুমোদন বাবদ অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন: হবিগঞ্জের দুই যুবকের সউদী আরব ও লিবিয়ায় মৃত্যু

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের নির্দেশক্রমে খতিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে জাল কাস্টমস নথি দিয়ে পাচার হচ্ছিল ৯ হাজার কেজি ভারতীয় জিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


মাধবপুরে জাল কাস্টমস নথি দিয়ে পাচার হচ্ছিল ৯ হাজার কেজি ভারতীয় জিরা

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি ট্রাক জব্দ করেছে, যার মধ্যে ছিল ৯ হাজার কেজি ভারতীয় জিরা। জব্দকৃত জিরা ও ট্রাকের মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকে ঢাকায় পাচার হওয়ার তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

একপর্যায়ে, চৌকির কাছাকাছি প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যান চালক। পরে, ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল বিল অব এন্ট্রি ও চালানপত্র তৈরির মাধ্যমে ভারতীয় জিরাগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির মূল্য ৫০ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা প্রতিরক্ষা জোট সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


মক্কা প্রতিরক্ষা জোট সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুনভাবে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী ও সরঞ্জাম দ্রুত মোতায়েনের জন্য পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক সম্মত হয়েছে।

এই সিদ্ধান্তটি সোমবার (৫ অক্টোবর) রিয়াদে অনুষ্ঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র জরুরি বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জানানো হয়।

এক যৌথ বিবৃতিতে তিন দেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়, জাতীয় পর্যায় সম্পর্কিত কমিটি অবিলম্বে যৌথ প্রতিরক্ষা অঙ্গীকারগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুমোদন ও নিজ নিজ দেশের আইন অনুযায়ী সৌদি আরবে সেনা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা দ্রুত পৌঁছানোর জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটির মূল উদ্দেশ্য হলো যেকোনো বহিরাগত হুমকি মোকাবিলায় পারস্পরিক সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি করা।

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যখন ঠিক একদিন আগে রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের সৌদি সমর্থিত কোয়ালিশন সরকার হুতিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই তিন মুসলিম প্রধান দেশের নিরাপত্তা জোট গঠন ও সেনা মোতায়েনকে রাজনৈতিক বিশ্লেষকরা বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন।

সূত্র: ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেন সরকারের বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ এম


ইয়েমেন সরকারের বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি

ইয়েমেনের সরকার সশস্ত্র গোষ্ঠী হুথিদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাল আল-মান্দেব প্রণালীর উপকূলীয় এলাকা এবং মোখা বন্দরনগরী নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে।

সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। আল জাজিরার খবর অনুযায়ী, তারা জানায়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য একটি প্রধান পথ হিসেবে পরিচিত এই কৌশলগত জলপথ থেকে ইরান-সমর্থিত হুথিদের হটানোর উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি, ইয়েমেনের রাজধানী সানায়ও ‘কৌশলগত আক্রমণ’ শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বাহিনী জানিয়েছে, মোখার নিকটবর্তী বেশ কয়েকটি ফ্রন্টে লড়াই হয়েছে, যেখানে বেশ কিছু হুথি যোদ্ধা নিহত ও আহত হয়েছে।

সামরিক সূত্রগুলো জানায়, বেশ কয়েকজন হুথি যোদ্ধাকে আটক করা হয়েছে, তবে হতাহতের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যে হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে পুনরায় সংঘাত শুরু করেছে।

সেপ্টেম্বরে এক অভিযানের মাধ্যমে গোষ্ঠীটি পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের মোখা এবং পরে বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের এলাকা দখলে নিয়েছিল।

সোমবারের শুরুতে ইয়েমেনি সরকারি বাহিনী জানিয়েছে, তারা ওই প্রদেশের ধুবাব জেলা এবং প্রণালীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনরুদ্ধার করেছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী এবং দেশের ঘনবসতিপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ধুবাবের লড়াই সম্পর্কে সরকারি বার্তা সংস্থা সাবাতে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি-সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস এবং জায়ান্টস ব্রিগেড যৌথভাবে ওই জেলার বিভিন্ন এলাকায় হুথি মিলিশিয়াদের অবস্থান ও গতিবিধি লক্ষ্য করে বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করেছে।

সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সাবাকে জানিয়েছে, অভিযান চলাকালে তারা সামনে এগিয়ে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দখল করে নেয় এবং বাব আল-মান্দেবগামী সড়ক ও সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি কম খাচ্ছেন? বিপদে ফেলছেন নিজের হার্টকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ এম


পানি কম খাচ্ছেন? বিপদে ফেলছেন নিজের হার্টকে

দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য প্রোটিন ও ফাইবারের মতো পানির চাহিদাও অপরিহার্য। পুষ্টিবিদরা প্রতিদিন ২.৭ থেকে ৩ লিটার পানি পান করার পরামর্শ দেন। তবে কাজের ব্যস্ততা বা অলসতার কারণে অনেকেই পর্যাপ্ত পানি পান করতে ভুলে যান, কিংবা চেষ্টা করেও তা সম্ভব হয় না।

অনেকে মনে করেন, পানি কম খেলে শুধু তৃষ্ণা অনুভূত হয় বা কিছুটা ক্লান্তি আসে। কিন্তু কি জানেন, পানির এই অভাব আপনার হৃদযন্ত্র বা হার্টের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে?

ভারতের দিল্লির ধর্মশিলা নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রদীপ কুমার নায়ক ব্যাখ্যা করেছেন কীভাবে সামান্য পানির অভাব আপনার হার্টের গতি বাড়িয়ে দেয় এবং শরীরকে ঝুঁকিতে ফেলে।

পানি কম খেলে হার্টে আসলে কী ঘটে? আমাদের শরীরে রক্তের যে প্রবাহ চলে, তার একটি বড় অংশজুড়ে থাকে পানি। রক্তপ্রবাহ ও রক্তের সঠিক ঘনত্ব বজায় রাখতে পানি অপরিহার্য ভূমিকা পালন করে।

ড. প্রদীপ কুমার নায়ক বলেন, ‘শরীর যখন পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে, তখন রক্তে তরলের পরিমাণ কমে যায়। ফলে শিরা-উপশিরায় প্রবাহিত রক্তের মোট পরিমাণও হ্রাস পায়। এখন শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে রক্তের সঙ্গে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দেওয়া তো থামানো যাবে না! তাই কম রক্ত নিয়েই হার্টকে দ্রুত ও বাড়তি শক্তিতে পাম্প করতে হয়।’

সহজ কথায়, শরীরে পানি কম থাকলে রক্ত পাতলা রাখার ও সঞ্চালন সচল রাখার জন্য হার্টকে অতিরিক্ত খাটতে হয়। ফলে হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে যায় বা বুক ধড়ফড় করতে থাকে।

ডিহাইড্রেশনের সাধারণ লক্ষণগুলো

আপনার শরীরে পানির অভাব হচ্ছে কিনা, তা বোঝার প্রধান উপায়গুলো হলো:

কাদের জন্য ঝুঁকি বেশি?

যেকোনো বয়সের মানুষের পানিশূন্যতা হতে পারে, তবে কিছু ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি থাকে:

১. যারা ভারী ব্যায়াম বা ওয়ার্কআউট করেন: শরীরচর্চার সময় প্রচুর ঘাম হয়। এ সময় পানিশূন্যতা পূরণে পানি না খেলে হার্টবিট অস্বাভাবিক বেড়ে যায়।

২. রোদে বা গরমে কাজ করা মানুষ: কড়া রোদে বেশিক্ষণ থাকলে তৃষ্ণা না পেলেও ঘামের মাধ্যমে শরীর থেকে তরল বেরিয়ে যায়।

৩. জ্বর, বমি বা ডায়রিয়া হলে: এই শারীরিক সমস্যাগুলোতে শরীর থেকে একবারে অনেক তরল ও মিনারেল নষ্ট হয়ে যায়।

৪. বয়স্ক ব্যক্তিরা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তৃষ্ণার অনুভূতি কমে যায়। পাশাপাশি বিভিন্ন ওষুধের প্রভাব থেকেও বয়স্করা দ্রুত ডিহাইড্রেটেড হয়ে পড়েন।

বুক ধড়ফড় শুরু হলে কী করবেন?

পানির অভাবে যদি বুক ধড়ফড় শুরু হয় বা হার্টের গতি বেড়ে যায়, তবে নিচের প্রাথমিক পদক্ষেপগুলো নিতে পারেন:

ঠান্ডা স্থানে বিশ্রাম: কাজের ফাঁকে সাথে সাথে কোনো ঠান্ডা বা ছায়াযুক্ত জায়গায় গিয়ে বিশ্রাম নিন।

ধীরে ধীরে পানি পান: একবারে অতিরিক্ত পানি না খেয়ে আস্তে আস্তে চুমুক দিয়ে পানি পান করুন।

স্যালাইন গ্রহণ: অতিরিক্ত ঘাম, বমি বা ডায়রিয়া হলে সাধারণ পানির বদলে খাবার স্যালাইন খাওয়া বেশি কার্যকর।

চিকিৎসকের পরামর্শ

পর্যাপ্ত পানি খাওয়া ও বিশ্রামের পরও যদি হৃদস্পন্দন স্বাভাবিক না হয়, তবে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ বুক ধড়ফড় করার পেছনে কেবল পানিশূন্যতা নয়—রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), থাইরয়েডের সমস্যা কিংবা হার্টের অন্য কোনো অন্তর্নিহিত রোগও কারণ হতে পারে।

তাহলে প্রতিদিন নিয়ম মেনে পর্যাপ্ত পানি পান করুন, সুস্থ থাকুন এবং আপনার হার্টকে রাখুন চিন্তামুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%