শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২১ পি.এম
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মন্তব্য করেছেন যে, বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের আন্দোলনের পেছনে কী কারণ এবং কী দাবি রয়েছে, তা স্পষ্ট নয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বিরোধী দলকে লক্ষ্য করে বলেন, "আমাদের বয়স ৬ মাস, ৭ মাস চলছে। এর মধ্যে আমাদের প্রত্যাশা অনেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠ মিস্ত্রি লাগবে, ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, টাইলস মিস্ত্রি লাগবে, ঠিকঠাক করতে সময় লাগে। এখনই লংমার্চ শুরু করে দিয়েছে, আমাদের সময় বেশি দেওয়া যাবে না, আজব ব্যাপার।"
তিনি আরো বলেন, "তাদের কি দাবি, আমরাও বুঝি না। কী কারণে কি দাবি করে আন্দোলনে নেমেছে সেটাও বুঝতে পারছি না। এদের মূল বিষয় হচ্ছে রাষ্ট্রের কিছু ব্যাপার আছে, তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় না, বাহির থেকে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়।"
এ সংসদ সদস্য বলেন, "বিগত দিনে দেশে অনিয়ম, নিয়মে পরিণত হয়েছে। এখন আমলাদের সাইজ করে নিয়মে আনতে সময় লাগছে। এরপরও অনেকে বোধগম্য হয়নি যে, মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত যে সকল কাজ করা প্রয়োজন, সেটা সে অনুযায়ী কাজ হচ্ছে না। অনেক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, অনেকে হয়রানির শিকার হচ্ছে। এভাবে মানুষের মধ্যেও আগের মতো ক্ষোভ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি, ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ কমে আসবে এবং পরিসমাপ্তি ঘটবে।"
এই অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহসিন কবির স্বপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে অ্যাস্টন ভিলার হার অবশেষে গোল খরা কাটানোর ম্যাচে ঘটলো। চলতি মৌসুমের প্রথম ৪ ম্যাচে কোনো গোল করতে না পারা স্পার্সরা শেষ পর্যন্ত গোলের দেখা পেল। তবে, নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে তারা ৩-২ গোলে পরাজিত হলো। এর ফলে ক্লাবটি পুরো ৩ পয়েন্ট হারালো।
ম্যাচের শুরুতেই দুই দলের স্ট্রাইকাররা পাল্টা আক্রমণে ডিফেন্ডারদের ব্যস্ত রাখে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৪ মিনিটে) জোহান মানজাম্বির গোলে অ্যাস্টন ভিলা লিড নেয়। এরপর, দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৭৮ মিনিটে বুয়েন্দিয়া গোল করলে টটেনহ্যাম ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। খবর ইএসপিএন।
অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে কনর গ্যালাগার গোল করে টটেনহ্যামের দীর্ঘ গোল খরা দূর করেন। এরপর, ম্যাচের শেষ মুহূর্তে (৯০+৮ মিনিটে) জান পল ভ্যান হেক আরেকটি গোল করলেও এটি কেবল ব্যবধান কমিয়েছে (৩-২)।
কোচ রবার্তো ডি জার্বির অধীনে এই হারের পর টটেনহ্যাম ৫ ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে (রেলিগেশন জোন) অবস্থান করছে। অন্যদিকে, এই জয়ের মাধ্যমে ভিলা এই মৌসুমে তাদের প্রথম জয় অর্জন করলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্সের গণনা চতুর্থবারের মতো সম্পন্ন হয়েছে। ৩৪ দিন পর দানবাক্সটি খুলে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা। এর পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ এবং ১৫টি দেশের মুদ্রাও। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক (সিসিক) আবদুল কাইয়ূম চৌধুরী বাক্সে পাওয়া দানের হিসাব ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টা থেকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বসানো ৩টি দানবাক্স ও ৩টি ডেগ থেকে টাকা সংগ্রহের কার্যক্রম শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্স ও ডেগের সিলগালা খুলে টাকা সংগ্রহ করা হয়। পরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী মিলে দিনভর সেগুলো গণনা করেন। সন্ধ্যা ৬টার দিকে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম প্রাপ্ত দানের হিসাব ঘোষণা করেন।
তিনি জানান, এবার দান হিসেবে মিলেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় রূপি ৩ হাজার ৯৫৪, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, আরব আমিরাতের ৫৭.২৫ দেহরাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১.৫০ রিয়াল, ৩০.১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রূপিয়াহ পাওয়া গেছে। এছাড়া দান হিসেবে ৬টি গরু ও ১১টি ছাগলও পাওয়া গিয়েছিল। এর মধ্যে লঙ্গরখানায় খাবারের জন্য জবাই করা হয়েছে ৫টি গরু ও ৬টি ছাগল। ৪টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার স্টাফদের মজুরি প্রদান করা হয়েছে এবং একটি করে গরু ও ছাগল গরিব দুই মেয়ের বিয়েতে দান করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ আগস্ট ৩৪ দিন পর তৃতীয়বারের মতো দানবাক্স খোলা হয়েছিল। ওই সময় পাওয়া গিয়েছিল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে শাল্লা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারের কাঁচাবাজার, মধ্যবাজার, থানা রোড, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশা নিধনের মেশিনের মাধ্যমে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু রোগের বিস্তার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অভিযানে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল, বাজার কমিটির সভাপতি ব্রজেশ রঞ্জন চৌধুরী, বাজারের ব্যবসায়ী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ