বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৬ এম
মধ্যবর্তী নির্বাচনের সামগ্রিক ফলাফল ইতোমধ্যে জানা গেলেও, কিছু প্রতিদ্বন্দ্বিতার ফলাফল এখনও এতটাই কাছাকাছি রয়েছে যে সেগুলোর বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।
মিসিসিপির মতো অঙ্গরাজ্যগুলোতে, যেখানে সিনেট নির্বাচনের ফলাফল অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে নির্ধারিত হচ্ছে, সেখানে ডাকযোগে পাঠানো ব্যালট আসতে থাকায় বিজয়ী কে হয়েছেন তা জানতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
কিছু স্থানে এসব ব্যালট হাতেগণনা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কর্মকর্তারা এখনও ব্যালট গণনা করছেন, যাতে নির্ধারণ করা যায় শহরটির পরবর্তী মেয়র কে হবেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে তার দল রিপাবলিকান পার্টি একটি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে। বুধবার, হোয়াইট হাউসের নির্মাণাধীন বলরুম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন।
এর আগে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন যে, ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের একটি প্রধান কারণ। সাংবাদিকদের ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তিনি ভ্যান্সের এই বক্তব্যের সঙ্গে একমত কি না।
ট্রাম্প এর জবাবে বলেন, "বক্তব্যটি অনেকাংশেই সত্য। কারণ, স্বল্প মেয়াদে এই যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম কিছুটা বেড়ে গিয়েছিল।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রিয়াল মাদ্রিদ ইংল্যান্ডের তরুণ বিস্ময়বালক জেজে গ্যাব্রিয়েলকে চুক্তিবদ্ধ করার জন্য মৌখিক চুক্তিতে পৌঁছেছে। বুধবার বিবিসি স্পোর্টসের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড় নিজে রিয়াল মাদ্রিদকে তার পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন।
গ্যাব্রিয়েল বর্তমানে ইউনাইটেডের নিবন্ধিত খেলোয়াড় হিসেবে রয়েছেন। তবে তিনি গত সেপ্টেম্বর মাসে ক্লাবটি ছেড়ে যাওয়ার পর থেকে সেখানে ফিরে যাননি।
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে ২০২৭ সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি লস ব্লাঙ্কোসদের শিবিরে যোগ দেবেন।
রিয়াল মাদ্রিদের সাথে গ্যাব্রিয়েল এবং তার প্রতিনিধিদের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তিতে মৌখিক সম্মতি হয়েছে, কিন্তু এখনও আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি বলে জানা গেছে।
গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং পিএসজির মতো ইউরোপীয় পরাশক্তিরা প্রতিযোগিতা করছিল, কিন্তু গ্যাব্রিয়েল সান্তিয়াগো বার্নাব্যুকে বেছে নিয়েছেন।
গ্যাব্রিয়েলের বয়স ১৬ বছর হলেও তার বাবা-মায়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাসপোর্ট থাকার কারণে ফিফার বিশেষ নিয়মের সুবিধা নিয়ে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াচ্ছে।
গ্যাব্রিয়েল সেপ্টেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন এবং ক্লাবটির সাথে অনুশীলন বন্ধ করে দেন।
এখনো রিয়াল মাদ্রিদের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব-টু-ক্লাব আনুষ্ঠানিক আলোচনা হয়নি। অন্যদিকে, ইউনাইটেড এই দলবদলের ক্ষেত্রে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির নিকটবর্তী বিস্কেইন বে উপসাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।
বুধবার সকালে বিল ব্যাগস স্টেট পার্কের কাছাকাছি রবিনসন আর৪৪-২ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। মায়ামি-ডেড শেরিফের কার্যালয় জানায়, পানিতে থাকা নৌযানের ভিডিও ধারণের উদ্দেশ্যে এটি উড়ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন আরোহীকে উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে বাঁচানোর চেষ্টা করা হলেও উদ্ধারকর্মীরা সফল হননি। অন্যদিকে, বাকি দুজনকে গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত চলছে। সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের প্রভাব দুর্ঘটনার কারণ হতে পারে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এর আগে রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কাছে একটি লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হন। ওই দুর্ঘটনার তদন্তও করছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
সূত্র: এনবিসি নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন ঘুস নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসীমউদ্দীন সড়কের পাকার মাথা এলাকায় ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন।
এ সময় তার এক সহযোগী জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। ব্যবসায়ীরা দাবি করেছেন, পরে ওই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘুসের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জানা যায়, এই ঘটনার ফলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে এবং শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, ফুটপাতের দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়ার বিষয়টি নিয়ে দোকানিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ