বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৯ এম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির নিকটবর্তী বিস্কেইন বে উপসাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।
বুধবার সকালে বিল ব্যাগস স্টেট পার্কের কাছাকাছি রবিনসন আর৪৪-২ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। মায়ামি-ডেড শেরিফের কার্যালয় জানায়, পানিতে থাকা নৌযানের ভিডিও ধারণের উদ্দেশ্যে এটি উড়ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন আরোহীকে উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে বাঁচানোর চেষ্টা করা হলেও উদ্ধারকর্মীরা সফল হননি। অন্যদিকে, বাকি দুজনকে গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত চলছে। সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের প্রভাব দুর্ঘটনার কারণ হতে পারে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এর আগে রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কাছে একটি লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হন। ওই দুর্ঘটনার তদন্তও করছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
সূত্র: এনবিসি নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন ঘুস নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসীমউদ্দীন সড়কের পাকার মাথা এলাকায় ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন।
এ সময় তার এক সহযোগী জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। ব্যবসায়ীরা দাবি করেছেন, পরে ওই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘুসের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জানা যায়, এই ঘটনার ফলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে এবং শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, ফুটপাতের দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়ার বিষয়টি নিয়ে দোকানিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বারবার সমতায় ফিরে আসার পরও শেষ পর্যন্ত আরবি লাইপজিগের জন্য রক্ষা হয়নি। আর্লিং হালান্ডের ৭৮ মিনিটের গোলে জার্মান ক্লাবটির মাঠ থেকে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে টানা জয়ের ধারায় ফেরার পাশাপাশি লাইপজিগের ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেছে।
বুধবার রাতে রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। ৩৭ মিনিটে স্বাগতিক দলের ডিফেন্ডার কাস্তেলো লুকেবার আত্মঘাতী গোলে সিটি এগিয়ে যায়। বিরতির পর ৪৯ মিনিটে লাইপজিগের রিডলে বাকুর গোলে সমতা ফিরে আসে। তিনি সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলের সুযোগ নিয়ে গোল করেন।
এরপর ম্যাচের গতি আরও বৃদ্ধি পায়। ৫৮ মিনিটে ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে হেডে সিটিকে আবার এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। কিন্তু তিন মিনিট পরেই আন্তোনিও নুসার গোলে লাইপজিগ ফের সমতা আনে। তখন স্বাগতিকদের আক্রমণে সিটির রক্ষণ বেশ চাপে ছিল।
শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন হালান্ড। ৭৮ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের নিচু ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান নরওয়েজিয়ান স্ট্রাইকার। লাইপজিগের বিপক্ষে এটি তাঁর ক্যারিয়ারের ১৩তম গোল।
শেষ দিকে উভয় দলই গোলের সুযোগ তৈরি করে। লাইপজিগের ডেভিড রাউম এবং সিটির রায়ান শেরকি বল ক্রসবারে লাগান। তবে আর কোনো গোল হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নারী ও শিশুদের ধর্ষণ এবং হত্যার ভয়াবহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন সচেতন মহল।
ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী—এমনকি কবরে থাকা নারীদের নিয়েও তিনি ভয়াবহ অপরাধের কথা বলছেন। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, “আমার জীবনে কোনো পাপ করিনি, তবে এই পাপগুলো করে দেখাবো।”
ভিডিওতে দেওয়া বক্তব্যের ভাষা ও ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে নারীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক হুমকি হিসেবে দেখছেন এবং দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন।
সচেতন মহলের মতে, এ ধরনের বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভিডিওটির সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় এবং বক্তব্যের পেছনে কোনো অপরাধমূলক পরিকল্পনা রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দ্রুত যাচাই করা প্রয়োজন।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার জরুরি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ভিডিওটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কার্যালয়ের ভেতরে কথা-কাটাকাটির জেরে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের দপ্তরে এ ঘটনা ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিক ইসলাম আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই শিক্ষকের মধ্যে বিভিন্ন বিষয়ে চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে ওই আলোচনায় অংশ নিয়ে চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন কর্মকর্তা রফিক ইসলাম। এ সময় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংস্থাপন শাখার কর্মকর্তা ও ফোরামের সহসভাপতি ড. জিয়াউল হক জুনিয়রের বিরুদ্ধে রফিক ইসলামকে ঘুষি মারার অভিযোগ ওঠে।
পরে রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ড. রোকনুজ্জামানের বিরুদ্ধে করিডরে থাকা ফুলের টব দিয়ে তাঁকে আঘাত করার অভিযোগ করেন রফিক। এ ছাড়া শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ফোরামের সাধারণ সম্পাদক মামদুদুর রহমান, কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং লাবুসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তিনি।
আহত কর্মকর্তা মো. রফিক ইসলাম বলেন, “মজনু স্যার ও ইউসুফ স্যারের বিষয়ে বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো নিয়ে কথা হচ্ছিল। তখন আমি বলি, এসব চিঠি কারা পাঠায়, এর একটা বিহিত করা দরকার, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। মজনু স্যার ইউসুফ স্যারের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন। সেখানে জীবন স্যার তাঁকে সহায়তা করেছেন—এমন বিষয় নিয়ে কথা হচ্ছিল।”
তিনি আরও বলেন, “আলোচনার একপর্যায়ে তারেক বলেন, আপনি সিনিয়র-জুনিয়র বোঝেন না। সিনিয়র সিনিয়রের জায়গায় থাকবে, জুনিয়র জুনিয়রের জায়গায়। এরপর জিয়া আমাকে মারতে এগিয়ে আসেন এবং প্রথমে ঘুষি মারেন। পরে রোকনসহ কয়েকজন একসঙ্গে মারধর করেন। জিয়া, তারেক, মামদুদ, রোকন ও লাবু আমাকে মারধর করেছেন।”
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কর্মকর্তারা বলেন, দুই শিক্ষকের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা চলছিল। এ সময় কর্মকর্তা রফিক শিক্ষকদের কথার মাঝখানে কথা বলায় তাঁকে কথা বলতে নিষেধ করা হয়। পরে তিনি তাঁদের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসেন। তখন তাঁরা তাঁকে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, “এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।”
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা তদন্তের ঘোষণা পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ