০২:৪৭ পি.এম
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্য উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কিউএস ও টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অবস্থান অর্জনের স্বীকৃতি প্রধানমন্ত্রীর জন্মদিনে উৎসর্গ করেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভাওরাইদে আলহাজ আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপাচার্য এসব সাফল্য প্রধানমন্ত্রীকে উৎসর্গ করার ঘোষণা দেন।
আরও পড়ুন: জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারের সমর্থনের আহ্বান শামসুজ্জামান দুদুর
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, "প্রধানমন্ত্রীর জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গৌরবোজ্জ্বল অর্জন তাকে উৎসর্গ করা হচ্ছে।" প্রধানমন্ত্রীর দেশ গড়ার দৃঢ় প্রত্যয় এবং ‘করব কাজ, গড়ব দেশ: সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
উপাচার্য আরো বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে সম্পৃক্ত।" প্রধানমন্ত্রীর ঘোষিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবির চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি তাদের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার অনন্য রাষ্ট্রীয় অর্জন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব সাফল্য উৎসর্গ করতে পেরে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।
আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরে উপাচার্য জানান, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
একই র্যাঙ্কিংয়ে বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম অবস্থানে রয়েছে গাকৃবি। পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮৫তম।
আরও পড়ুন: গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক শুরু
অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭’-এ দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় হয়েছে প্রতিষ্ঠানটি। গবেষণায় উৎকর্ষের জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়টি এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে।
প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের অর্জন উৎসর্গ করার পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপাচার্য। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।" দেশের কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে তার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
উপাচার্য আরো বলেন, "দেশের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।" তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় হিফজসহ ইসলামী শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু অংশ নেয়।
আরও পড়ুন: মৎস্য খাতের উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রতিমন্ত্রী টুকু
পরে মাদরাসার প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপাচার্য নিজ হাতে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
এএম
আরও পড়ুন: স্বচ্ছতা নিশ্চিতে ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধনে অটোমেশন উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন