ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশে অপপ্রচার চালানোর অভিযোগ রিজভীর


এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশে অপপ্রচার চালানোর অভিযোগ রিজভীর

বিদেশে অবস্থানরত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করে এবং বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান রচিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

আরও পড়ুন: সাদিক কায়েমের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের সনাক্ত করেছে পুলিশ

রিজভী আরও বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, বর্তমানে একই কায়দায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন রিজভী। এসব ঘটনার উল্লেখ করে তিনি বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।

তবে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, এত কিছুর পরও সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। বিগত শাসনামলে এ ধরনের ঘটনা ঘটলে ক্রসফায়ার বা রক্তপাতের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা করেছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের তৈরি ফাঁদে পা দেয়নি সরকার: রাশেদ খান

প্রকাশিত গ্রন্থ সম্পর্কে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব থেকে শাহাদাতবরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী অধ্যাপক হীরা সোবাহান পুরোনো পত্রিকার কাটিং, তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান যুক্ত করে গবেষণাধর্মী কাজটি করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এটি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।

এ ছাড়া সংকটময় সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ঢাকায় এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অধ্যাপক হীরা সোবাহানের সাহসিকতার প্রশংসা করেন রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।

গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।

আরও পড়ুন: যুবদল নেতা নয়ন: ‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


অভিনেতা পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে দুই দিন শিডিউল দেওয়া সত্ত্বেও তিনি সেটে উপস্থিত হননি। নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর দাবি করেছেন, পাভেলের এমন আচরণের ফলে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং শুটিং ইউনিটকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা গভীর রাতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা নির্ঝর শুটিংয়ে পাভেলের অনুপস্থিতি এবং আর্থিক ক্ষতির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সে অনুযায়ী, শুটিং সেট প্রস্তুত করা হয়েছিল। পাভেলকে সেটে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি দিনভর তার বাসার নিচে অপেক্ষা করছিল। অন্যদিকে, প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিটও অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি।

নির্মাতার দাবি, সেদিন নাটকটির বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীসহ পুরো ইউনিট পাভেলের অপেক্ষায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার দেখা মেলেনি। কোনো উপায় না পেয়ে গভীর রাতে তার বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তাঁরা।

নির্ঝর আরো জানান, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেছিলেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বরও পাভেলের শিডিউল ছিল। সেদিনও শুটিং সেট প্রস্তুত করে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

পরে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বলে দাবি নির্মাতার। বিষয়টি বিবেচনায় নিয়ে এবং প্রকল্পের কাজ এগিয়ে নিতে তারা আবারও পাভেলকে নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ নভেম্বর শুটিংয়েও অংশ নেন অভিনেতা। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ নির্ঝরের।

সব মিলিয়ে শুটিং সেট ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন নির্মাতা। ইতোমধ্যে তিনি ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে বিষয়টি অবহিত করেছেন। পাশাপাশি পুলিশকেও জানিয়েছেন। নির্মাতা নির্ঝর হুঁশিয়ারি দিয়েছেন যে, পাভেল যদি ক্ষতিপূরণ না দেন এবং জনসমক্ষে ক্ষমা না চান, তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন নির্মাতা। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটি শেষ করার আর কোনো উপায় নেই। তিনি জোড়াতালি দিয়ে কাজ শেষ করতে চান না এবং গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গেও কোনো আপস করতে রাজি নন।

‘হাঙামা’ ধারাবাহিকে অভিনয় করছেন সাইদুর রহমান পাভেল, শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%