০২:৫১ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের মাধ্যমে বর্তমান সরকারের পাশে দাঁড়ানোর জন্য ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে। যারা এই সরকারকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে বিপদে ফেলতে চেষ্টা করবেন, তারা আগামীতে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন।
আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাদিক কায়েমের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের সনাক্ত করেছে পুলিশ
শামসুজ্জামান দুদু আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল ও আত্মীয়-স্বজন বাংলাদেশের জন্য কতটা অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন, তা তাদের উপলব্ধি করা উচিত। বর্তমানে বাংলাদেশের মানুষ যে অবস্থায় রয়েছে, সে পরিস্থিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের মধ্যে পেলে তাদের রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হয়ে যাবে। জনগণের হাতে ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা মুশকিল।
তিনি বলেন, নিজের দোষ এবং অপশাসনের কারণে শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন। এরপরও দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা এবং আগুন-সন্ত্রাসের মতো কর্মকাণ্ড শুরু করেছেন।
বিএনপির এই নেতা মন্তব্য করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটি বাংলাদেশকে একেবারে ফোকলা করে ফেলেছে। এমন কোনো খাত নেই, যেখান থেকে তারা লাভের টাকা নিয়ে যায়নি। সুদে-আসলে সবকিছু নিয়ে গেছে। আওয়ামী শাসকগোষ্ঠী দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সরকারকে সমর্থন জানাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এবং তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবন-জীবিকা রক্ষায়ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের তৈরি ফাঁদে পা দেয়নি সরকার: রাশেদ খান
শামসুজ্জামান দুদু বলেন, দেশে সাত-আট মাসের মধ্যে বিপদ কেটে গেছে—এমনটি মনে করার কোনো কারণ নেই। বিপদ এখনো বিদ্যমান। সেই বিপদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
তিনি বলেন, বিরোধীদল যেভাবেই কথা বলুক না কেন, এখনো পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে সে ধরনের অবস্থান গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সংসদের বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এখনো রাজপথে সরকারের প্রশংসা করার লোকের সংখ্যা বেশি। আর যারা প্রশংসা করতে ব্যর্থ হন, তারা সব সীমান্তের ওপারে অবস্থান করছেন। তারা ভালো কিছু দেখতে পারেন না।
সমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন