০৯:৫০ পি.এম
দেশের মসজিদ, মাদরাসা (সংগঠন), কবরাস্থান, মন্দির ও দুঃস্থদের সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রায় ৭ হাজার আবেদন ফরম ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের ব্যক্তিগত হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে। ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এর আগে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরির ৩৬৩টি অনুদানের ফরম গ্রহণ করেছিলেন।
আজ বুধবার নতুন করে সব ক্যাটাগরির জন্য আরও ৭ হাজার ফরম তাঁর হেফাজতে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, ফরমগুলো মন্ত্রণালয়ের নির্ধারিত দাপ্তরিক হেফাজতে না রেখে প্রতিমন্ত্রী নিজের ব্যক্তিগত হেফাজতে নিয়ে যান। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারি দাপ্তরিক ফরম কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত জিম্মায় রাখতে পারেন না।
এ ঘটনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অনেক জাতীয় সংসদ সদস্য এখনো তাদের নির্বাচনী এলাকার মসজিদ, মাদরাসা, কবরাস্থান, মন্দির ও দুঃস্থদের জন্য অনুদানের ফরম পাননি। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুদানের ফরমের জন্য ধর্ম মন্ত্রণালয়ে ধরণা দিয়েও পাচ্ছেন না।
আরও পড়ুন: উত্তরায় পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার
মন্ত্রণালয় সূত্র জানায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদনের জন্য সউদী আরব সফরে থাকায় আজ বুধবার প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ধর্মমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুজ্জামানের কাছ থেকে তরিঘড়ি ৭ হাজার অনুদানের ফরম নিজের হেফাজতে নেন বলে অভিযোগ উঠেছে।
সরকারি অনুদান বিতরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের আবেদন ফরম ব্যক্তিগত হেফাজতে নেওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অনুদান শাখার সহকারি সচিব আবু তাহের মিয়া আজ রাতে ইনকিলাবকে বলেন, মসজিদ, মাদরাসা, মন্দির ও দুঃস্থ ব্যক্তিদের অনুদানের সরকারি ফরম যুগ যুগ ধরে সরাসরি ধর্ম সচিবের তত্বাবধানে সংরক্ষিত থাকে। ধর্মমন্ত্রী ও ধর্ম সচিব যখন প্রয়োজন হয় তখন তারা এসব ফরম সংশ্লিষ্ট জাতীয় সংসদ সদস্যগণ ও জনগণের মাঝে বিতরণ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী আজ ৭ হাজার অনুদানের ফরম নিয়ে গেলে তা বিধিসম্মত হয়নি। ধর্ম মন্ত্রণালয়ে এমন নজির কখনো হয়নি। ধর্ম প্রতিমন্ত্রী লিংকন আজ ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দপ্তর থেকে ৭ হাজার অনুদানের ফরম নিয়েছেন, তা বিধিসম্মত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুজ্জামান আজ রাতে ইনকিলাবে বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ৭ হাজার ফরম নিয়েছেন, এটা অফিশিয়াল ব্যাপার। ভারপ্রাপ্ত ধর্ম সচিব বলেন, ৭ হাজার ফরম নেয়ার বিষয়টি বিধিসম্মত হয়েছে কি না বলতে পারছি না। তবে এ বিষয়টি আমি আপনাকে কনফার্ম করতে পারছি না। এ ব্যাপারে জানতে চাইতে আজ রাতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন