০৯:৫৪ পি.এম
আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে তার নির্বাচনি এলাকা দুর্গাপুর উপজেলার ‘সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের’ ৫৭ শিক্ষক-শিক্ষার্থীর প্রতিনিধিদল সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় এগিয়ে আসার জন্য প্রস্তুত থাকতে হবে।
ডেপুটি স্পিকার এ সময় উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। এই ভবনের নকশা প্রণয়ন করেছেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক এখানে এসে তাদের গবেষণাকাজে এসব গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ব্যবহার করেন। তিনি বলেন, "দেশের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে একদিন তোমাদেরই এগিয়ে আসতে হবে।"
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, "তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি তাদেরকে ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য হিসেবে গড়ে তোলার জন্য নিয়মিত ও মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বলেন, "ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ পাওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।" তিনি তাদের উদ্দেশ্যে বলেন, "আমি চাই, তোমাদের এসব অর্জনে নিজ হাতে সম্মাননা তুলে দিতে।"
ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য তারা ডেপুটি স্পিকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন