০৯:৫০ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। তবে, তাঁদের জন্য দ্বিতীয়বারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে পাস করা আবশ্যক।
বুধবার সন্ধ্যায়, দৈনিক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত—উভয় ধরনের পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: কুড়িগ্রামের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন
এই বিষয়টি বিবেচনায় নিয়ে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছে, তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে। সেক্ষেত্রে তাদের সুবিধার জন্য ভর্তির আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানো হবে, যাতে তাদের কোনো সমস্যা না হয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন