ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থী বিনিময় থেকে মহাকাশ: ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার নতুন অংশীদারিত্ব


শিক্ষার্থী বিনিময় থেকে মহাকাশ: ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার নতুন অংশীদারিত্ব

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই সপ্তাহে মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য একটি শীর্ষ সম্মেলনে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বিস্তৃত নতুন অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করবে, যা যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবিত বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের কর্মসূচির আওতায় ইতোমধ্যে সহযোগিতা চালিয়ে আসা ব্রাসেলস ও অটোয়া এবার আরও কিছু ক্ষেত্রে নিজেদের সম্পর্ককে গভীর করতে চায়।

সম্মেলনে আলোচনার টেবিলে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:

আরও পড়ুন: জ্বালানি ব্যয় বাড়ায় থমকে গেল বিলাসবহুল প্রমোদতরি, কম্বোডিয়ায় আটকা ২০০ যাত্রী

সহযোগী সদস্যপদ

গত সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন কানাডাকে ২৭ সদস্যের ইইউর প্রথম ‘সহযোগী সদস্য’ করার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন।

এ প্রস্তাবটি কিছুটা বিস্ময়ের সৃষ্টি করে, কারণ ইইউর চুক্তিগুলোতে ‘সহযোগী সদস্য’ নামে কোনো মর্যাদার অস্তিত্ব নেই। এর অর্থ ও পরিধি যথাযথভাবে নির্ধারণের আগে এ শব্দ ব্যবহার না করার পক্ষে ইইউর কয়েকটি সদস্যদেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ইইউর এক কর্মকর্তা স্বীকার করেছেন, বিষয়টি জোটটির জন্য ‘সম্পূর্ণ নতুন ক্ষেত্র’। তবে তাঁর মতে, সদস্যপদ না দিয়েও কানাডার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলার উচ্চাকাক্সক্ষারই প্রতিফলন এ ধারণা।

আরও পড়ুন: নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে জার্মান পর্বতারোহীর মৃত্যু

এ ধরনের অংশীদারিত্বের আওতায় জলবায়ু, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে নীতিগত সমন্বয়, ইইউর কিছু কর্মসূচিতে কানাডার অংশগ্রহণ এবং একটি অভিন্ন শাসন কাঠামো গড়ে তোলার বিষয় থাকতে পারে।

ইইউর আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক কমিশনার জোজেফ সিকেলা গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টকে জানান, প্রস্তাবিত শাসন কাঠামোটি কানাডাকে সম্প্রতি ইইউর শীর্ষ সম্মেলন ও মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য দেওয়া আমন্ত্রণের ভিত্তিতে আরও এগিয়ে নেওয়া হবে।

ইইউর কয়েকজন আইনপ্রণেতা নিয়মিত মতবিনিময়ের জন্য একটি আন্তঃসংসদীয় সংস্থা গঠনের পক্ষেও মত দিয়েছেন।

গুরুত্বপূর্ণ খনিজ

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো

কানাডায় প্রচুর বিরল মৃত্তিকা উপাদান ও গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে, যা ব্যাটারি ও বায়ুকলসহ পরিবেশবান্ধব প্রযুক্তি তৈরিতে প্রয়োজন। বর্তমানে ইউরোপ এসব খনিজের বড় অংশ চীন থেকে সংগ্রহ করে।

তবে কানাডায় খনিজ উত্তোলন খাত এখনও প্রত্যাশিত মাত্রায় বিকশিত হয়নি। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক নোয়া গর্ডন বলেন, বেইজিং-প্রভাবিত বাজারে প্রবেশের আগে খনি পরিচালনাকারীরা বিনিয়োগ এবং ক্রেতাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি চাইছেন।

সম্মেলনের মাধ্যমে কানাডার গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নের সুযোগ সৃষ্টিতে একটি চুক্তি হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ কর্মকর্তা জানান, দুই পক্ষ যৌথভাবে খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণের মজুত গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করছে। সরবরাহ স্থিতিশীল রাখা এবং চাহিদা পূরণে সহায়তার জন্য এসব উপকরণ সংরক্ষণ করা হবে।

আরও পড়ুন: হুতি বিদ্রোহীদের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ

ডিজিটাল প্রযুক্তি ও মহাকাশ

মন্ট্রিয়ল সম্মেলনে দ্রুততর ও কম খরচে অনলাইন লেনদেনের সুযোগ বাড়াতে একটি ডিজিটাল বাণিজ্য চুক্তি ঘোষণা করা হতে পারে।

সম্মেলনের জন্য প্রস্তুত করা যৌথ বিবৃতির একটি প্রাথমিক খসড়া এএফপির হাতে এসেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো ও এআই-সংক্রান্ত বিধিবিধানের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনার কথাও রয়েছে।

সম্মেলনে ইইউর গ্যালিলিও কর্মসূচি এবং আইআরআইএসক্ষ্ম প্রকল্পে কানাডার অংশগ্রহণের পথ তৈরি করতে কাজ শুরুর কথা রয়েছে।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০

গ্যালিলিও হলো একটি বৈশ্বিক নেভিগেশন স্যাটেলাইট ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) বিকল্প হিসেবে কাজ করে। অন্যদিকে, আইআরআইএসক্ষ্ম প্রকল্পের লক্ষ্য হলো ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের বিকল্প হিসেবে ইউরোপের নিজস্ব ব্যবস্থা গড়ে তোলা।

সম্প্রতি ইইউ মূল ভূখণ্ডের সঙ্গে গ্রিনল্যান্ড, কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াকে সাবমেরিন কেবলের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনাও প্রকাশ করেছে। এ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে এড়িয়ে যোগাযোগ সংযোগ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

এক ইউরোপীয় কূটনীতিক বলেন, ‘আমাদের নিজেদের প্রযুক্তি ও সক্ষমতা গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রয়োজনের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।’

জনগণের মধ্যে যোগাযোগ

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

কানাডাকে ইইউর জনপ্রিয় ‘ইরাসমাস’ যুব বিনিময় কর্মসূচিতে যুক্ত করার বিষয়েও অটোয়া ও ব্রাসেলসের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে এক সেমিস্টারসহ বিভিন্ন শিক্ষা ও বিনিময় কার্যক্রমে অংশ নিতে পারেন।

যৌথ বিবৃতির খসড়ায় শ্রমিকদের চলাচলের সুযোগ বাড়ানোর বিষয়টিও রয়েছে। বিশেষ করে তরুণ ও উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের চলাচলে বাধা কমানো এবং পেশাগত যোগ্যতার স্বীকৃতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জার্মানির মধ্য-বামপন্থী ইইউ আইনপ্রণেতা টোবিয়াস ক্রেমার বলেন, ‘চুক্তি ও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, কিন্তু ইইউ-কানাডা জোটের প্রকৃত ভিত্তি হলো মানুষে-মানুষে যোগাযোগ।’

ইউক্রেনসহ অন্যান্য সহযোগিতা

ইউক্রেনের বাজেট ঘাটতি পূরণে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে কানাডাকে রাজি করানোর চেষ্টা করছে ইইউ। একই সঙ্গে কানাডাকে ইউরোপের গবেষণা অর্থায়নের প্রধান কর্মসূচি ‘হরাইজন ইউরোপ’-এ যুক্ত করার মাধ্যমে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ইইউর ওই কর্মকর্তা বলেন, কানাডার গবেষকদের জন্য ইউরোপের সুপারকম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ দিতে প্রস্তুত রয়েছে জোটটি।

জ্বালানি খাতেও সম্পর্ক জোরদার করতে চায় দুই পক্ষ। যৌথ বিবৃতির খসড়ায় কানাডা থেকে ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি এবং নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নের কথা উল্লেখ রয়েছে।

তবে কানাডার প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি ৫০টি অগ্নিনির্বাপক উড়োজাহাজ যৌথভাবে কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। সম্মেলনের প্রাথমিক খসড়ায় এ প্রস্তাবও ছিল।

ইইউর সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাজা লাহবিব এএফপিকে বলেন, জোটটি ২০২৪ সালেই এ ধরনের ২৪টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে। সদস্যদেশগুলো ইইউর পরবর্তী দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে আলোচনা করায় নতুন করে উড়োজাহাজ কেনার সুযোগ নেই।

ইউরোপের কয়েকটি দেশ এ পরিকল্পনার বিরোধিতা করেছিল। তাদের মতে, ইইউর অর্থ কানাডার তৈরি উড়োজাহাজ কেনার পরিবর্তে ইউরোপীয় নির্মাতাদের তৈরি বিকল্প উড়োজাহাজ কেনার কাজে ব্যয় করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসায় নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসায় নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য বি১/বি২ ভিজিটর ভিসা সংক্রান্ত একটি নতুন সতর্কতামূলক বার্তা প্রকাশ করা হয়েছে।

এই বার্তায় উল্লেখ করা হয়েছে যে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে চাকরি বা কাজ করার অনুমতি নেই। এ কারণে উপযুক্ত ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার (২৮ অক্টোবর) তাদের ওয়েবসাইটে এই বার্তাটি প্রকাশ করেছে।

দূতাবাসের প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ভ্রমণের পূর্বে নিয়ম-কানুন সম্পর্কে অবহিত হওয়া উচিত। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ এবং চুক্তি নিয়ে আলোচনা করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন কার্যকর হবে: সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন কার্যকর হবে: সড়কমন্ত্রী

সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন কার্যকর করা হবে। তিনি উল্লেখ করেছেন যে, সড়ক দুর্ঘটনা হ্রাসের জন্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কার এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বুধবার রাজধানীর সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন।

শেখ রবিউল আলম বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং চালকদের বেপরোয়া আচরণ সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে অন্যতম। তিনি মনে করেন, প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে সড়ক দুর্ঘটনার ২০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব।

মন্ত্রী আরও বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়; এ জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পুনর্বিন্যাসের ওপরও তিনি জোর দেন। মন্ত্রী জানান, যেকোনো মূল্যে নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় আদালত ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং নগরীর বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, রিমান্ড শুনানির জন্য মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, তাকে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যার মধ্যে বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলার জন্য পাঁচদিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলার জন্য দুইদিন অন্তর্ভুক্ত রয়েছে।

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ডেভিড ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়, যার ফলে দুজন নিহত হন।

এই ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছিল।

গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মন্তব্য করেছেন যে, ফেসবুকে সরকারবিরোধী বক্তব্য দেওয়ার কারণে ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারের সমালোচনা করলেই কাউকে গ্রেপ্তার করা উচিত নয়। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সরকারের সমালোচনার জন্য মামলা করা মানবাধিকারের লঙ্ঘন বলে তিনি অভিমত প্রকাশ করেন।

ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারের মুক্তির দাবিতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় নারীশক্তির মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন আরও জানান, গত আট মাসে বিএনপি সরকার গঠনের পর থেকে নিজেদের মধ্যে সহিংসতায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়ে উঠেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি বলেন, সাথী আক্তার ও আশরাফ উদ্দিন স্বজলের মতো যারা আক্ষেপ প্রকাশ করছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি দাবি করেন, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করা উচিত। অন্যথায়, এনসিপির সদস্যসচিব কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আখতার হোসেন আরো বলেন, একদিকে সরকারের মন্ত্রী মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নামছেন, অন্যদিকে তাদের এমপির ছেলে ছাত্রদলের নেতাকে হত্যা ও লুটপাটের ঘটনা ঘটছে। এটি একটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি, সদস্যসচিব নুসরাত তাবাসসুম এমপি এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%