ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

দুবাইয়ে প্রেমের পর কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ


দুবাইয়ে প্রেমের পর কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ

ভালোবাসার টানে ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশে ছুটে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। বর্তমানে তিনি স্বামী মাসুদ রানার সঙ্গে রংপুরের পীরগঞ্জে শ্বশুরবাড়িতে সংসার করছেন।

এলাকাবাসী উৎসুক হয়ে প্রতিদিন রানার বাড়িতে ভিনদেশি বধূকে একনজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

জানা গেছে, জীবিকার তাগিদে দুবাইয়ে অবস্থানকালে হাজীপাড়ার বাসিন্দা মাসুদ রানা একটি রেস্তোরাঁয় কাজ করতেন। কর্মক্ষেত্রেই তিনি ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনীর সঙ্গে পরিচিত হন। সেখান থেকে তাদের মধ্যে ভালো লাগা এবং ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রবাসেই সংসার পাতেন।

আরও পড়ুন: হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব

অশ্বিনী বলেন, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে তা ভালোবাসায় রূপ নেয়। দুজনের পছন্দেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

অশ্বিনী ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমেক হাসপাতালে যন্ত্রপাতি অচল, সংকটে চিকিৎসা সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


রমেক হাসপাতালে যন্ত্রপাতি অচল, সংকটে চিকিৎসা সেবা

রংপুর বিভাগের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে নানা সংকটে কার্যত বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এক হাজার শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক ও নার্সের তীব্র সংকট, রোগ নির্ণয় যন্ত্রের অচলাবস্থা এবং তদারকির অভাবে হাজারো মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের রোগ নির্ণয় ও পরীক্ষার জন্য থাকা নতুন-পুরোনো যন্ত্রপাতির প্রায় ৯০ শতাংশই অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের দৌরাত্ম্য, কর্তৃপক্ষের গাফিলতি ও কার্যকর তদারকির অভাবে এসব যন্ত্র সচল করা হচ্ছে না। ফলে রোগীদের বাধ্য হয়ে বাইরে পরীক্ষা করাতে হচ্ছে।

সরেজমিনে কথা হয় ঠাকুরগাঁও থেকে চিকিৎসা নিতে আসা আব্দুল আজিজ এবং লালমনিরহাটের মকলেছ মিয়ার সঙ্গে। তারা জানান, বড় হাসপাতালে রোগীর চাপ থাকবে, সেটি স্বাভাবিক। কিন্তু এখানে চিকিৎসক ও নার্সের সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না।

রমেক হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকরা ওষুধ লিখে দিলেও অধিকাংশই বাইরে থেকে কিনতে হয়। হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় রোগীরা প্রায় সব পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে করতে বাধ্য হন। এতে চিকিৎসা ব্যয় বেড়ে যায় এবং ভোগান্তিও দীর্ঘ হয়।

রোগীদের অভিযোগ, হাসপাতালের ভেতর ও আশপাশের দেয়ালে বিভিন্ন বেসরকারি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের নাম, ঠিকানা ও ফোন নম্বর টানানো থাকে। অনেক সময় চিকিৎসক ও সেবিকারাও নির্দিষ্ট ক্লিনিক বা ল্যাবের ঠিকানা দেন। সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে আবার হাসপাতালে ফিরতে হয়।

ভুক্তভোগীরা আরো জানান, হাসপাতালজুড়ে এখনো দালালচক্রের দৌরাত্ম্য রয়েছে। তাদের খপ্পরে পড়ে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বাইরের ল্যাবে ব্যয়বহুল পরীক্ষা করানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থের অভাবে অনেকেই দিনের পর দিন হাসপাতালে পড়ে থাকেন।

হাসপাতালের একটি সূত্র জানায়, নিবিড় পরিচর্যার জন্য বর্তমানে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১০টি। সেখানে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। প্রতিদিন আইসিইউর চাহিদা থাকলেও সীমিত শয্যা ও জনবলের কারণে বহু রোগী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সূত্রটি আরো জানায়, এত বড় মেডিকেল কলেজ হাসপাতালে ২৬টি এক্স-রে মেশিন থাকলেও এর মধ্যে ২৪টিই দীর্ঘদিন ধরে অকেজো। মাত্র দুটি মেশিন দিয়ে বিপুলসংখ্যক রোগীর পরীক্ষা চালানো হচ্ছে। অচল যন্ত্রপাতি সচলের কার্যকর উদ্যোগ না থাকায় সংকট আরো গভীর হচ্ছে।

সিটি স্ক্যান করার জন্য তিনটি মেশিন রয়েছে। এর মধ্যে দুটিই অচল হয়ে পড়েছে। এমআরআই করার জন্য তিনটি মেশিনের মধ্যে দুটিই অচল। আলট্রাসনোগ্রাম করার জন্য ১৩টির মধ্যে ১০টি অচল। সংকট সমাধানে ডায়ালাইসিস করার জন্য চলতি বছরের জুনে ২৬টি নতুন মেশিন দিয়েছে সরকার।

ডায়ালাইসিসের পানি পরিশোধন ব্যবস্থার তিনটি মেশিন ছিল। এর মধ্যে দুটি অচল। একটি মেশিন দিয়ে ডায়ালাইসিসের পানি পরিশোধন করা কঠিন হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক আমার দেশকে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য উন্নতমানের অনেক যন্ত্রপাতি রয়েছে। কিন্তু প্রভাবশালী একটি সিন্ডিকেট সচল মেশিনকেও অচল দেখিয়ে রোগীদের নিজেদের নিয়ন্ত্রিত ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে পাঠিয়ে পরীক্ষা করাচ্ছে।

তাদের দাবি, সরকার নিরপেক্ষ তদন্ত করলেই এই সিন্ডিকেটের অস্তিত্ব বেরিয়ে আসবে। সিন্ডিকেট ভেঙে হাসপাতালের যন্ত্রপাতি সচল করা গেলে প্রতিদিন কয়েক হাজার রোগীর পরীক্ষা হাসপাতালেই করা সম্ভব। উন্নতমানের এসব মেশিন চালু হলে বাইরের মানুষও এখানে পরীক্ষা করাতে আগ্রহী হবেন।

চিকিৎসকদের ভাষ্য, সরকারি অর্থে কেনা আধুনিক যন্ত্রপাতি বছরের পর বছর অচল পড়ে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা। তারা সরকারের কাছে দ্রুত সিন্ডিকেট ভেঙে সব যন্ত্রপাতি সচল করার দাবি জানান, যাতে মানুষ কম খরচে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পান।

রংপুরের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল বারী আমার দেশকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটি বহু পুরোনো ও রোগীদের আস্থার প্রতিষ্ঠান। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলো অকেজো পড়ে থাকায় রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসক, নার্স ও দক্ষ টেকনিশিয়ানের সংকট রয়েছে। এসব সমস্যা সমাধান হলে রোগীদের আর বেসরকারি ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর অতিরিক্ত নির্ভর করতে হবে না।

ডা. আব্দুল বারীর দাবি, হাসপাতালকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে পারলেই চিত্র বদলে যাবে। কারণ প্রয়োজনীয় রোগ নির্ণয়ের প্রায় সব যন্ত্রপাতিই হাসপাতালে রয়েছে। সেগুলো সচল হলে খেটে খাওয়া ও দরিদ্র মানুষ স্বল্প খরচে সরকারি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান বলেন, হাসপাতালে ১০০০ রোগীর জন্য শয্যা রয়েছে। সেখানে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজারের মতো রোগী সেবা নিতে আসেন। হাসপাতালে চিকিৎসক, নার্স ও অভিজ্ঞ টেকনিশিয়ান সংকট রয়েছে। এছাড়া রোগ নির্ণয়ের অনেক মেশিন ও যন্ত্রপাতি সচল করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য ও রংপুর-৩ আসনের এমপি অধ্যাপক মাহবুবুব রহমান বেলাল আমার দেশকে বলেন, পরিচালনা পরিষদের সদস্য হলেও অনেক বিষয় গণমাধ্যমের মাধ্যমে জানতে হয়। হাসপাতালের আগের সমস্যাগুলো সমাধানে বর্তমান কমিটি কাজ করছে।

তিনি বলেন, এর পরও কোথায় কী সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করতে আমাদের লোকজন কাজ করছেন। প্রকৃত চিত্র বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে পোশাকশিল্প, দ্রব্যমূল্য ও ভূমিসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে পোশাকশিল্প, দ্রব্যমূল্য ও ভূমিসেবা

সাপ্তাহিক ছুটির পর আজ আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। আজ রবিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদের এই অধিবেশন শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ের তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল প্রথম চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চেয়েছেন। মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে আলোচনার নোটিশ দিয়েছেন।

অন্যদিকে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ের মন্তব্য উত্থাপনের বিষয়টি কার্যসূচিতে রয়েছে।

কার্যসূচিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিল সংসদে উপস্থাপনের কথা রয়েছে।

এদিকে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের জন্য কার্যসূচিতে রাখা হয়েছে।

এই প্রস্তাবটি উত্থাপন করবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু, ওয়াসিমসহ ছয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু, ওয়াসিমসহ ছয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে আজ রোববার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মামলার বিচারিক কার্যক্রমের এই পর্যায় শুরু হবে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।

আজ ১৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার বিচারিক কার্যক্রম নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

গত ১৯ অক্টোবর অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার জন্য গ্রেপ্তার পাঁচ আসামির করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়। এর আগে আবেদনটির ওপর ২১ সেপ্টেম্বর, ৮ অক্টোবর ও ১৩ অক্টোবর তিন দফায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদন নাকচ করে দেন। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ থেকে সাক্ষ্যগ্রহণে আর কোনো বাধা থাকছে না।

মামলাটিতে বর্তমানে গ্রেপ্তার পাঁচ আসামি হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ৫ এপ্রিল রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগপত্রে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। আর তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, হত্যাকাণ্ড এবং ব্যাপক সহিংসতার ঘটনাগুলোকে কেন্দ্র করেই এ মামলা করা হয়েছে। আসামিদের প্রত্যেকের ভূমিকা, নির্দেশনা ও সংশ্লিষ্টতা বিচারের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাক্ষীদের জবানবন্দি, জেরা এবং উপস্থাপিত অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল অভিযোগগুলোর বিচার করবেন।

এর আগে গত ২২ জুন রাষ্ট্রপক্ষ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। পরবর্তী সময়ে ৩০ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ আসে। তবে গ্রেপ্তার আসামিদের রিভিউ আবেদনের কারণে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম পিছিয়ে যায়। গত ১৯ অক্টোবর সেই আবেদন খারিজ হওয়ার পর আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর পথ সুগম হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিড়ি খাওয়া নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল রমজান আলীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


বিড়ি খাওয়া নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল রমজান আলীর

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিড়ি খাওয়ার কারণে দুই পক্ষের মধ্যে বিরোধের ফলস্বরূপ বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় রমজান আলী (৩৫) নামের এক যুবককে, যার পরিণতি হিসেবে তার মৃত্যু ঘটে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার দুপুরে হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় রমজান ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়ার বিষয়টি নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করে। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে যে, এ সময় আশিক ও তার বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এর ফলে রমজান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%