১০:০৯ এম
বাংলাদেশ সফরের অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা প্রদান করবেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিনে মুসল্লিদের উদ্দেশে তিনি একটি বয়ানও করবেন। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ নভেম্বর) তার সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়। সফরের প্রধান সমন্বয়ক এবং রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত সূচিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
সূচি অনুযায়ী, মুফতি তাকি উসমানি আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সময় তিনি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব
২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে তিনি যোগ দেবেন। পরের দিন ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে অংশগ্রহণ করবেন।
২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সফরের পরিকল্পনা রয়েছে তার। ২৫ নভেম্বর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে অংশগ্রহণ করবেন এই আলেম।
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান শেষে বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন তিনি।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে তার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়া, তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি।
আরও পড়ুন: আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন