ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

কবর, আখিরাতের প্রথম ধাপ: ইসলামের মৌলিক আকিদা


কবর, আখিরাতের প্রথম ধাপ: ইসলামের মৌলিক আকিদা

ইসলামের মৌলিক আকিদাগুলোর মধ্যে আখিরাতের প্রতি বিশ্বাস অন্যতম। এটি ঈমানের স্তম্ভগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। মানুষের জন্য আল্লাহর সামনে ফিরে যাওয়ার, মৃত্যুর পর পুনরুত্থিত হওয়ার এবং দুনিয়ার কর্মের প্রতিদান লাভের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস একজন মুমিনের জীবনকে দায়িত্বশীল ও আল্লাহমুখী করে তোলে, কারণ সে জানে, তার কোনো কাজই মহান আল্লাহর অগোচরে নেই।

মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হলেও পরকালীন জীবনের সূচনা ঘটে। এই কারণে কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এর পর রয়েছে পুনরুত্থান, হাশর, হিসাব-নিকাশ, আমলনামা প্রদান এবং পুলসিরাত অতিক্রমের মতো বিভিন্ন পর্যায়। সবশেষে মানুষের চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কবর হলো আখিরাতের প্রথম মনজিল। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। আর এখান থেকে মুক্তি না পেলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে।’ (তিরমিজি, হাদিস : ২৩০৮)

মৃত্যুর সময় মানুষের সামনে তার পরকালীন জীবনের বাস্তবতা প্রকাশ পেতে শুরু করে। মুমিনের জন্য সেই মুহূর্তে থাকে সুসংবাদ ও প্রশান্তি। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা বলে, আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে এবং বলে, তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না; বরং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।’ (সুরা : ফুসসিলাত, আয়াত : ৩০)

আরও পড়ুন: হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব

অন্যদিকে, যারা আল্লাহর সঙ্গে শরিক করেছে এবং তাঁর নিদর্শন অস্বীকার করে জীবন অতিবাহিত করেছে, তাদের পরিণতি ভিন্ন হবে। মহান আল্লাহ বলেন, ‘অবশেষে যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা তাদের প্রাণ গ্রহণ করতে আসবে, তখন তারা বলবে, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকতে, তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।’ (সুরা : আরাফ, আয়াত : ৩৭)

কবরে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

মৃত্যুর পর যখন মানুষকে কবরে রেখে আসা হয়, তখন তার কাছে দুজন ফেরেশতা আসেন। তাঁরা তাকে তার রব, দ্বিন এবং রাসুল সম্পর্কে প্রশ্ন করেন। রাসুলুল্লাহ (সা.) কবরের প্রশ্ন সম্পর্কে বলেছেন, মৃত ব্যক্তিকে বসানো হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, ‘তোমার রব কে? তোমার দ্বিন কী? আর তোমাদের মধ্যে প্রেরিত এই ব্যক্তি কে?’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে রাখলেই যথেষ্ট হবে না; বরং দুনিয়ার জীবনে ঈমান ও আমলের মাধ্যমে সেগুলোর সত্যতা প্রমাণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে তাঁর আনুগত্য করেছে, ইসলামকে জীবনবিধান হিসেবে গ্রহণ করেছে এবং রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করেছে, তার জন্য আল্লাহর সাহায্য ও অবিচলতা কামনা করা যায়। সুতরাং, কবরের প্রশ্নের প্রস্তুতি নিতে হবে জীবনের প্রতিটি কাজে আল্লাহর নির্দেশ মেনে চলার মাধ্যমে।

আরও পড়ুন: আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা

কিয়ামতের দিন জবাবদিহি শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নবী-রাসুলদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে, তাঁরা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কি না। একইভাবে জাতিগুলোকেও জিজ্ঞাসা করা হবে, তারা তাদের নবী-রাসুলদের আহ্বানে কীভাবে সাড়া দিয়েছিল। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন হজরত নূহ (আ.)-কে ডাকা হবে। তাঁকে জিজ্ঞাসা করা হবে, তিনি তাঁর জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন কি না। তিনি বলবেন, হ্যাঁ, পৌঁছে দিয়েছি। এরপর তাঁর উম্মতকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। (সহিহ বুখারি)

ইবাদত একমাত্র মহান আল্লাহর প্রাপ্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্য কারও ইবাদত করে, তাঁর সঙ্গে কাউকে শরিক করে কিংবা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে, তাহলে তাকে এ বিশ্বাস ও কাজের জন্য জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘তারা অবশ্যই নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরও বোঝা বহন করবে। আর কিয়ামতের দিন তারা যা মিথ্যা রচনা করত, সে সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসা করা হবে।’ (সুরা আনকাবুত, আয়াত : ১৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করে, সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে; এতে তাদের সওয়াব কমবে না। আর যে ব্যক্তি মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার ওপর অনুসারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে; এতে তাদের গুনাহ কমবে না। (সহিহ মুসলিম, হাদিস : ২৬৭৪)

জীবন, সম্পদ, জ্ঞান ও শরীর—সবকিছুর হিসাব দিতে হবে। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নেয়ামত দান করেছেন। জীবন, সুস্থতা, সময়, জ্ঞান, সম্পদ, পরিবার, সামর্থ্য—সবই তাঁর পক্ষ থেকে পাওয়া অনুগ্রহ। এসব নেয়ামত কীভাবে ব্যবহার করা হয়েছে, কিয়ামতের দিন সে সম্পর্কেও মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার দুই পা তার রবের সামনে থেকে সরবে না, যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে—কীভাবে তা অতিবাহিত করেছে; তার জ্ঞান সম্পর্কে—তা দিয়ে কী আমল করেছে; তার সম্পদ সম্পর্কে—কোথা থেকে তা অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে; আর তার শরীর সম্পর্কে—কী কাজে তা ক্ষয় করেছে। (জামে তিরমিজি, হাদিস : ২৪১৭)

আরও পড়ুন: ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরবর্তীতে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ার কারণে দেশের কিছু অঞ্চলে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।

নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে এটি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ফ্রান্সকে সতর্ক করেছে, ইসরায়েলের ফাঁদে পা না দিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


ইরান ফ্রান্সকে সতর্ক করেছে, ইসরায়েলের ফাঁদে পা না দিতে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ফ্রান্সকে সতর্ক করেছে, প্যারিসের সুপারমার্কেটগুলোর হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার অভিযোগের প্রেক্ষাপটে। সংস্থাটি বলেছে, ফ্রান্স যেন ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার ফাঁদে পা না দেয়।

শনিবার (১৪ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় এই সতর্কতা প্রকাশ করেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

মোহেব্বি ফ্রান্সের অভিযোগকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইরানের বিরুদ্ধে শত্রুতা উসকে দিতে এবং তেহরানের বিরুদ্ধে ইউরোপের সমর্থন আদায় করতে ইসরায়েল এই অভিযোগগুলি ব্যবহার করছে। তিনি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ একই বার্তায় তিনি দাবি করেন, আইআরজিসি কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

এর আগে ৯ নভেম্বর ফ্রান্স সরকার ইরানের আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সাথে সংশ্লিষ্ট ‘শহিদ কাভেহ’ ইউনিটকে দেশের সুপারমার্কেটগুলোর হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার জন্য দায়ী করে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১২ অক্টোবর রাতের মধ্যে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের শীতলীকরণব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ফরাসি কর্তৃপক্ষের দাবি, সাইবার হামলার ফলে হিমাগারগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয় এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্রান্স ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো বলে জানায়।

এই ঘটনার প্রেক্ষিতে প্যারিস ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। পাশাপাশি হামলার সাথে জড়িত সন্দেহভাজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আরও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানায়।

তবে ১০ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। তেহরান জানায়, নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বেআইনি বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে রাউটারের ত্রুটিতে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


যুক্তরাষ্ট্রে রাউটারের ত্রুটিতে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল একটি রাউটারের ত্রুটির কারণে। এর ফলে শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) মিলিয়ে ২০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে রোববার (১৫ নভেম্বর) রাত পর্যন্ত সময় লাগতে পারে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) কর্মকর্তারা জানান, এলথ্রি হ্যারিস নামক সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের নতুন রাউটারের ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটে। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা পরিবর্তন করে আধুনিক প্রযুক্তি স্থাপনের কাজ চলাকালীন এ সমস্যা দেখা দেয়। এর ফলে দেশটির ২২টি বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে ১৭টির যোগাযোগ ও রাডার ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা করছিল। এই কারণে যোগাযোগব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের ভুল, নাকি রাউটারের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) ঘটে যাওয়া এই বিপর্যয়ে প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল হয় এবং সাড়ে ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। শনিবারও ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল ও ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পুরোনো যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরিবহনমন্ত্রী শন ডাফি এ খাতে ৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন।

সূত্র: রয়টার্স নিউজ১ , নিউজ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের কাছে পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


পাকিস্তানের কাছে পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি

বাংলাদেশ দল ঘরের মাঠে সাফ জয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হামজারা। এই পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন কোচ টমাস ডুলি।

ডুলির মতে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটা উপস্থাপন করতে পারেনি। তার পরিকল্পনা ছিল, প্রথম কয়েক মিনিট বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। কিন্তু পাকিস্তানের চাপের কারণে সেটি সম্ভব হয়নি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, "আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফের পর দ্রুত আমাদের ওপর চাপ তৈরি করে। আমরা কিছু ভুল করেছি। এরপর ভালো করার চেষ্টা করেও সফল হতে পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। তারা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শুরুতে আমাদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে।"

দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে কিছুটা ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। মিডফিল্ডে কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। তিনি বিশেষ করে কাজেমকে তুলে নেওয়ার কথা ভাবেননি। আক্রমণভাগেও বিকল্প খেলোয়াড়ের অভাব ছিল।

কোচ বলেন, "কাজেম অসাধারণ খেলেছে। অনেক বল জিতেছে, টেকনিক্যালি ভালো ছিল। শমিতও খেলায় গতি আনার চেষ্টা করছিল। তাদের পরিবর্তন করা কঠিন ছিল। আমাদের হাতে বাড়তি ফরোয়ার্ডও ছিল না। বর্তমান স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেশ সীমিত।"

পাকিস্তানের জয়সূচক গোলটি ম্যাচের শেষ দিকে এসেছে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পর বল জালে জড়ায় পাকিস্তান। শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন উঠলেও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ডুলি। তিনি বলেন, "একজনের ওপর হারের দায় চাপানো ঠিক হবে না।"

তিনি বলেন, "আমি এখনও তাকে জিজ্ঞেস করিনি। আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন। এমন একটি ম্যাচ হারার পর, যেটি আমরা জিততে চেয়েছিলাম, তখন খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, তা বোঝা কঠিন নয়। গোলরক্ষকও একজন তরুণ খেলোয়াড়। তারা তো রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, চাপ আছে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জেতার চাপ থাকে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। তার মাথায়ও কাজ করে, ভুল করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। একই পরিস্থিতিতে অন্য গোলরক্ষকরাও হয়তো এমন ভুল করতে পারতো। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।"

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গতিময় ফুটবল পাকিস্তানের বিপক্ষে অনুপস্থিত ছিল। খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও বিশ্রামের ঘাটতির কথা বলেছেন ডুলি। পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক দিন বেশি বিশ্রাম পেয়েছিল।

ডুলির ব্যাখ্যা, "আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। আগের ম্যাচটিও ছিল ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে সেদিন আমরা ভালো খেলেছিলাম এবং আত্মবিশ্বাস বেশি ছিল। আজ পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ছিল, শারীরিকভাবেও কিছুটা বেশি ফিট মনে হয়েছে। তারা বেশি দৌড়াতে পেরেছে। হয়তো পাঁচ দিনের বিরতির কারণেও এমন হয়েছে।"

ডুলির মতে, ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করা খেলোয়াড়দের জন্য বড় মানসিক ধাক্কা ছিল। বিশেষ করে ঘরের মাঠে দেশের জন্য, সমর্থকদের জন্য ফাইনালে ওঠার এত বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, "আপনি কল্পনা করুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে। সাফ জয়ের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করাটা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলানো সহজ নয়। হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড় হয়তো পারে, কিন্তু তরুণদের জন্য কঠিন।"

এক বছর আগে একই মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই উদাহরণ সামনে আনা হয়। কিন্তু ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%