ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে চাঁদাবাজদের হুমকিতে ব্যবসা-বাণিজ্য জিম্মিতে


চট্টগ্রামে চাঁদাবাজদের হুমকিতে ব্যবসা-বাণিজ্য জিম্মিতে

চট্টগ্রামে চাঁদাবাজদের কার্যকলাপ ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। চাঁদা না পেলে গুলি, হামলা এবং প্রাণনাশের হুমকি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়ি-কোথাও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। দেশি ও বিদেশি নম্বর থেকে ফোন করে লাখ লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে। চাঁদা দাবি না করলে সশস্ত্র হামলা চালানো হচ্ছে, বাসার ফটকে গুলি ছোড়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এসব ঘটনার পর মামলা, গ্রেপ্তার এবং পুলিশি পাহারা কিছুতেই দুর্বৃত্তদের তাণ্ডব থামাতে পারছে না। ব্যবসায়ীরা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে পর্যন্ত চট্টগ্রাম নগরী ও আশপাশে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও দখলকে কেন্দ্র করে সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছেন। গোলাগুলির ঘটনা ৪০টির বেশি ঘটেছে। একই সময়ে চাঁদাবাজির জন্য ৬৮টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ভুক্তভোগীর সংখ্যা ১৫১ জন। শুধু চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ১৭ মাসে চাঁদাবাজির ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে এসএসসি ফল জালিয়াতি মামলায় প্রোগ্রামারসহ তিনজন আটক

সর্বশেষ গত রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়া হয়। বাড়ির মালিক জাফর আহমদের অভিযোগ, তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ার পর গুলি চালানোর পর ফোন করে তাকে বলা হয়, "আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব।"

অন্যদিকে, বেনামে অভিযোগ নেওয়া অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবাজ বিডি ডটকম’-এ চলতি বছরের ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগ থেকে ১৩৭টি অভিযোগ জমা পড়েছে। এতে মোট এক কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৩৩ টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে।

নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় দুই দফা গুলির ঘটনা ঘটে। প্রথমবার চলতি বছরের ২ জানুয়ারি এবং দ্বিতীয়বার ২৮ ফেব্রুয়ারি। পরিবারের ভাষ্য, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না পেয়ে হামলা চালানো হয় বলে তাদের অভিযোগ।

গ্রুপের এমডি মুজিবুর রহমান বলেন, বাড়ির পেছনের খালপাড় থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল। একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

পুলিশ পাহারা থাকার পরও হামলার বিষয়ে তিনি বলেন, প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায় দ্বিতীয়বার বাড়ির পেছন থেকে গুলি করে। এভাবে চলতে থাকলে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হবে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত ২৬ জুলাই দক্ষিণ পাহাড়তলীর বড় দীঘিরপাড়-ভাটিয়ারী এলাকায় ব্যবসায়ী জসীম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তার অভিযোগ, প্রায় এক মাস ধরে দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। টাকা না দেওয়ায় সাত-আটজনের একটি দল ভবনে ঢুকে ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে।

তিনি বলেন, তাকে ১০০ পুলিশের সামনে গুলি করার এবং চালের গুদামে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার ভাষ্য, হামলাকারীরা গাড়ি নিয়ে এসে ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়।

ওই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করার কথা জানায়।

আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, কয়েকজন ভবনে ঢুকে ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। ভবনের মালিক চাঁদা দাবির অভিযোগ করলেও কারো নাম উল্লেখ করেননি বলে জানান তিনি।

এর আগে গত ১৩ জুলাই নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য, হামলার সঙ্গে সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

গত ১১ আগস্ট পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় রুনা টাওয়ারের ফটকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে ভবন মালিকের প্রবাসী ছেলের কাছে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এক ঘণ্টার মধ্যে টাকা দেওয়ার আলটিমেটামও দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা: মীর হেলাল

ঘটনার পর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভবনের নিরাপত্তাকর্মী কামাল হোসেন বলেন, ঘটনার পর থেকে সবাই আতঙ্কে আছেন। গুলির বিষয়টি নিয়ে কেউ কথা বলবেন না। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

চট্টগ্রামের হাটহাজারী এলাকায়ও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। আমান বাজারের চিকিৎসক ইউসুফ ফারুকী পারভেজের কাছে প্রথমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তা বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয় বলে পুলিশের ভাষ্য। বিদেশি নম্বর ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

নগর পুলিশ এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, টাকা না দিলে ‘১০০ পুলিশ রাখলেও’ ওই চিকিৎসককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা কারাগারে থাকা ডেভিড ইমনের বেতনভুক্ত কর্মচারী বলে তার দাবি। তাদের কাছ থেকে বিদেশি নম্বর ব্যবহার করা চারটি মোবাইল ফোন জব্দ করার কথাও জানায় পুলিশ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ ছাত্রলীগ কর্মী

গত রোববার রাতে বায়েজিদ থানার শহীদনগরের ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার অভিযোগ, প্রায় ১০ মাস আগে থেকেই ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। সম্প্রতি আবার ফোন করে একই অঙ্কের টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় দুটি মোটরসাইকেলে করে চারজন এসে বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে।

তার ভাষ্য, গুলির পর তাকে ফোন করে বলা হয়- আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসান শওকত আলী আমার দেশকে বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত অস্ত্রসহ বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। নগরবাসীকে চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেওয়া পুলিশের অগ্রাধিকার বলে উল্লেখ করেন কমিশনার।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

বিজিএমইএর পরিচালক ও সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব বলেন, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে। প্রতিদিন কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। ব্যবসায়ীরা যদি নিজেদের প্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা না পান, তাহলে নতুন বিনিয়োগে আগ্রহ হারাবেন। এর প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপর নয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির ওপরও পড়বে।

তিনি আরো বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। রাজনৈতিক ব্যক্তিদেরও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা এগিয়ে এলে চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে। যারা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছে এবং চাঁদা না পেয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, কাউকে ছাড় দেওয়া উচিত নয়।

চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ এম


মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে দগ্ধ ও আহত হয়ে পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট সার্জন) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে রয়েছেন—মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।

রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সবার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে প্রত্যেক রোগীর অক্সিজেন স্যাচুরেশন (SpO₂) স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%